Advertisement
E-Paper

টুকরো খবর

ছোট গাড়ির ধাক্কায় প্রাথমিক স্কুলের শিক্ষকের মৃত্যুর ঘটনা এবং অভিযুক্ত গাড়ি চালককে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম ঘটল ইসলামপুরে। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে চার ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে বাসিন্দাদের একাংশ। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ করে বাসিন্দাদের একাংশ ঢিলও ছোড়ে বলে অভিযোগ।

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০২:১৫

দুর্ঘটনায় মৃত্যু, ক্ষোভ মন্ত্রীকেও

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

ছোট গাড়ির ধাক্কায় প্রাথমিক স্কুলের শিক্ষকের মৃত্যুর ঘটনা এবং অভিযুক্ত গাড়ি চালককে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম ঘটল ইসলামপুরে। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে চার ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে বাসিন্দাদের একাংশ। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ করে বাসিন্দাদের একাংশ ঢিলও ছোড়ে বলে অভিযোগ। সন্ধ্যা পৌনে সাতটা থেকে অবরোধ চলার পরে, রাত এগারোটা নাগাদ পুলিশ লাঠি চালিয়ে অবরোধ হঠিয়ে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ভাস্কর সেন শর্মা (৩১)। তাঁর বাড়ি ইসলামপুর থানার ব্লক পাড়া এলাকাতে। তিনি একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। অভিযোগ, এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর সংলগ্ন এলাকাতে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর একটি গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হয় ছোট গাড়ির চালক-সহ ওই গাড়িতে থাকা দুই তরুণীও। তাদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। ওই গাড়ির চালককে কিছু লোকজন হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকায় যান বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। তিনি হাসপাতালে মৃত ওই যুবক ও আহতদের দেখেন। বাসিন্দাদের জাতীয় সড়ক অবরোধ তোলার কথা বললে ক্ষোভের মুখে পড়েন তিনিও। মন্ত্রী বলেন, ‘‘ওই যুবককের মৃত্যু দুঃখজনক। তবে জাতীয় সড়ক আটকালে সমস্যা হয়। বাসিন্দাদের বুঝিয়েছি।’’ বাসিন্দাদের অভিযোগ, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এমনকি গাড়িতে মদের বোতলও ছিল। সেই অভিযুক্ত যুবককে পুলিশ হাসপাতালে ভর্তি করলেও এলাকার একজন তাকে ছাড়িয়ে অন্যত্র নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এর পিছনে কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলর আছেন বলেও কিছু বাসিন্দা অভিযোগ করেছেন। যদিও তা ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসলামপুর টাউন সভাপতি কানাইলাল অগ্রবাল। তিনি বলেন, ‘‘আমিও পুলিশকে অভিযুক্তকে ধরতে বলেছি। কে অভিযুক্তকে নিয়ে গিয়েছে তা পুলিশ দেখুক।’’

বিজেপি থেকে বহিষ্কৃত তিন

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোয় শিলিগুড়ির তিনজনকে বহিষ্কার করল বিজেপি। বুধবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী শিলিগুড়িতে এসে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বিজেপির তরফে জানানো হয়েছে ৪৫, ১৮ এবং ৪২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়া তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও বিজেরির তরফে দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

প্রধানমন্ত্রীকে চিঠি দিল ছিটমহল বিনিময় কমিটি

ছিটমহলের বাসিন্দাদের পুর্নবাসনের জমি কোনও সমস্যা হবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। বুধবার কোচবিহার জেলাশাসকের মাধ্যমে ওই চিঠি তাঁরা প্রধানমন্ত্রীকে পাঠান। কমিটি সূত্রে দাবি করা হয়েছে, ছিটমহল বিনিময়ের ব্যাপারে দুই সরকার আগ্রহী। এর মধ্যে সে সংক্রান্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। দিন কয়েক আগে ভারত-বাংলাদেশ সীমান্ত তিনবিঘায় পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সে সময় তিনি বাংলাদেশি ছিটমহল বালাপুখুরি সংলগ্ন এলাকায় গিয়ে পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শীঘ্রই স্থল সীমান্ত চুক্তি বিল সংসদে পাশ হবে। বিনিময় কমিটির সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, বিনিময়ের ব্যাপারে ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের জন্য যাতে পুনর্বাসন কোনও সমস্যা না হয়ে দাঁড়ায়, সেই জন্য আমরা উদ্যোগী হয়েছি। ইতিমধ্যেই ১০০ একর জমি চিহ্নিত করেছেন। তাঁর মধ্যে ১৫ একরের কিছু বেশি জমি জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। দুই দেশ মিলিয়ে ছিটমহলের সংখ্যা ১৬২ টি। এর মধ্যে ভারতীয় ছিটমহলের সংখ্যা ১১১ টি। সেখান থেকেই বেশ কিছু বাসিন্দা এপারে আসবেন বলে দাবি কমিটির।

ইউজিসির অনুমোদন পেল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়

ইউজিসির অনুমোদন পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। বুধবার ওই অনুমোদনের খবর বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে ছিল খুশির হাওয়া। এতদিন ইউজিসির অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবকুমার মুখোপাধ্যায় বলেন, ‘‘ইউজিসির অনুমোদন পেয়ে যাওয়ায় আমরা খুব খুশি। দীর্ঘদিন ধরে ওই চেষ্টা করা হচ্ছিল।’’ বছর দুয়েক আগে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চালু হয়। পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অস্থায়ী ভাবে চলছে ওই বিশ্ববিদ্যালয়। কোচবিহারের কৃষি ফার্মে স্থায়ী ভবনের কাজ শুরু হলেও তা এখনও বেশিদূর এগোয়নি। ওই শংসাপত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় ইউজিসি। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরিকাঠামো প্রয়োজন। তা নিয়েই উদ্বিগ্ন ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অগস্ট মাস নাগাদ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচ পাশ করবে। ওই সময়কালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে। সেখানেই ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র দেওয়া হবে।

আন্দোলনে বিএমএস

বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি সহ একাধিক দাবিতে বুধবার দক্ষিণ দিনাজপুরের হিলিতে আন্দোলনে নামে ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস)। বিক্ষোভ মিছিল করে তারা বিডিও অফিসের সামনে স্লোগান দিতে থাকেন। বিএমএসের জেলা সংগঠন সম্পাদক মিলন ঘোষ অভিযোগ করেন, বিড়ি শ্রমিকদের প্রতি হাজার বিড়ি তৈরির সরকারি মজুরি ধার্য হয়েছে ১০৫ টাকা। কিন্তু হিলিতে বিড়ি কারখানার মালিকেরা মিলে পরিস্হিতি বিচার করে ত্রিপাক্ষিক বৈঠকে ওই মজুরি ৯২ টাকা ধার্য করলে সকলে মেনে নেন। কিন্তু শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে মাত্র ৭৭ টাকা। হিলির বিডিও মথিয়াস লেপচাকে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হলে তিনি বিষয়গুলি দেখবেন বলে বিএমএস নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন।

টোকাটুকি, খাতা আটক

ইসলামপুর কলেজে পরীক্ষায় টোকাটুকির ঘটনায় ৭০ জনের এদিনের খাতা আটকে দিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিষয়ক প্রতিনিধি দল। বুধবার ইসলামপুর কলেজে ঘটনাটি ঘটেছে। কলেজ সূত্রের খবর, এদিন স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ৪ জনের দলটি কলেজে আসে। সেখানে নকল করার অভিযোগে ৭০ জনকে ধরা হয়। কলেজের অধ্যক্ষ উতথ্য বন্দোপাধ্যায় জানান, বেশ কিছু ছাত্রের এদিন টোকাটুকির অভিযোগে ধরা পড়েছেন। তবে পরর পরীক্ষাগুলিতে তাঁরা বসতে পারবেন।

বাবাকে খুনে ধৃত ছেলে

পুকুরের জলে ডুবিয়ে বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার হলো ছেলে। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ইশমাইলপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, পেশায় ভিক্ষুক আনন্দ মালিকে (৫৫) ধরে পুকুরের জলে মাথা ঠেসে ধরে খুন করা হয় বলে অভিযোগ। এদিন সকালে অভিযুক্ত ছেলে মহাদেব মালিকে পুলিশ গ্রেফতার করলে বাবাকে খুনের ঘটনা তিনি স্বীকার করেন বলে পুলিশের দাবি।

অস্বাভাবিক মৃত্যু কর্মীর

এক দোকানের কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইসলামপুরে। বুধবার সকালে ইসলামপুর থানার অপ্সরা মোড় সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত গৌতম ঠাকুর (৩১) বিহারের বাসিন্দা। স্থানীয় ওষুধের দোকানের ওই কর্মচারী এ দিন সকালে দোকানে এসে অসুস্থ হয়ে পড়েন। ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ভ্রম সংশোধন

মঙ্গলবার ‘সম্পত্তির খতিয়ানে এগিয়ে তৃণমূল’ শীষর্ক খবরে তৃণমূল প্রার্থী কৃষ্ণ পালের মেয়ের নামে
৭ লক্ষ ১৪ হাজার টাকার সম্পত্তি রয়েছে বলে লেখা হয়েছে। কৃষ্ণবাবুর ‘মেয়ে’ নেই, ওই সম্পত্তি রয়েছে
তাঁর ছেলের নামে। অনিচ্ছাকৃত ওই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy