Advertisement
E-Paper

টুকরো খবর

নিজেদের জমি দাবি করে সেনাবাহিনীর জওয়ানেরা একটি দোকান ভেঙে দিয়েছেন বলে অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখল উত্তেজিত জনতা। সোমবার সকালে শিলিগুড়ির শালুগাড়া মোড়ে প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা অবরোধের জেরে যানজটের সৃস্টি হয়। পরে রাজগঞ্জের বিডিও ও ভক্তিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৮

জমির দাবিতে দোকান ভাঙার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

নিজেদের জমি দাবি করে সেনাবাহিনীর জওয়ানেরা একটি দোকান ভেঙে দিয়েছেন বলে অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখল উত্তেজিত জনতা। সোমবার সকালে শিলিগুড়ির শালুগাড়া মোড়ে প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা অবরোধের জেরে যানজটের সৃস্টি হয়। পরে রাজগঞ্জের বিডিও ও ভক্তিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বিডিও সেনাবাহিনীর সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। সকাল ছ’টা থেকে শুরু হয়ে সাড়ে ন’টার পর্যন্ত অবরোধ চলে। শিলিগুড়ি পুলিশের ডিসি ওজি পাল জানান জাতীয় সড়ক অবরোধের কারণে একটি মামলা করা হয়েছে। রাজগঞ্জের বিডিও এন সি শেরপা বলেন, “সেনাবাহিনীর এডিএম এন দাহিয়ার সঙ্গে আমার কথা হয়েছে। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিষয়টি পুনর্বিবেচনা করবেন। জমিটি সেনা বাহিনীর নয়।” বিষয়টি নিয়ে বিরক্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও। তিনি বলেন, “সেনাবাহিনী বিচার বিবেচনা না করেই একটা দোকান ভেঙে দিল। আমি জেলাশাসক পুনীত যাদব এবং রাজগঞ্জের বিডিওকে বলেছি বিষয়টি দেখতে। মুখ্য সচিবের সঙ্গে কথা বলব।” সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ এ ব্যপারে মন্তব্য করতে চাননি। পুলিশ সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় রাজু প্রধানের দোকান ভেঙে ফেলার কথা বলা হয়। তা সত্বেও রাজু দোকান ঘরটি না ভাঙায় এদিন সকাল ৬ টায় জওয়ানেরা এসে দোকানটি ভেঙে দেয় বলে রাজুবাবু জানান। তিনি জানান, জেলা প্রশাসন থেকে পাট্টাও দেওয়া হয়েছে। তা সত্বেও আমার পাকা দোকান ভেঙে দিল। এর ক্ষতিপূরণ চাই।

Advertisement

অস্বাভাবিক মৃত্যু মা-মেয়ের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শ্বশুরবাড়ির অত্যাচারে আগুনে পুড়ে আত্মঘাতী হয়েছেন মা ও মেয়ে, এমনই অভিযোগ উঠল শিলিগুড়ির মাটিগাড়ার পাল পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নন্দিনী পাল (৫) এবং শীলা পাল (২৯)। ওই মহিলার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার শ্বশুর, শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করেছে। শিলিগুড়ি পুলিশের ডিসি অংমু গ্যামসো পাল বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়িতে রান্নাঘরে অগ্নিদগ্ধ হন ওই মহিলা। সঙ্গে তাঁর ৫ বছরের মেয়েও ছিল। সম্ভবত মহিলা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে। গায়ে কেরোসিন ঢেলে আততম্ঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

জাতীয় পুরস্কার রায়গঞ্জের শিক্ষককে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর জাতীয় পুরস্কার পেলেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক তথা রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শুভেন্দু মুখোপাধ্যায়। গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির বিজ্ঞান ভবনে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে শুভেন্দুবাবুকে শংসাপত্র, রূপার পদক, নগদ ২৫ হাজার টাকা ও একাধিক বই দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুভেন্দুবাবু প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর গত ১৫ বছর ধরে করোনেশনের পড়ুয়ারা ধারাবাহিকভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নজরকাড়া ফল ধরে রেখেছেন। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা সহ সরকারি ও বেসরকারি উদ্যোগে রাজ্য স্তরের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও প্রতিবছর স্কুলের একাধিক পড়ুয়া পুরস্কৃত হয়েছে। এদিন সকালে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে চেপে রায়গঞ্জে ফেরেন শুভেন্দুবাবু। স্টেশন চত্বরেই তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্কুলেও বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা তাঁকে সংবর্ধনা দেন।

প্রতিবাদ-মিছিল টিএমসিপির
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

সংগঠনের সমর্থক এক কলেজ ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় অভিযুক্ত ছাত্র পরিষদ নেতাদের গ্রেফতার ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার টিএমসিপির কয়েকশো সমর্থক রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ গেট পর্যন্ত ধিক্কার মিছিল করেন। এরপর কলেজ গেটের সামনে আধঘণ্টা চলে বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই ঘটনায় ছাত্র পরিষদের নেতা তথা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শুভাশিস সাহা, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রসেনজিত সাহা ও ছাত্র পরিষদের রায়গঞ্জ ব্লক ও শহর আহ্বায়ক নবেন্দু ঘোষ সহ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়। টিএমসিপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি অজয় সরকার বলেন, “অবিলম্বে অভিযুক্তরা গ্রেফতার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করা না হলে জেলা জুড়ে অনির্দিষ্টকালে জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে।” ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শুভাশিসবাবু বলেন, “সাধারণ পড়ুয়ারা তাঁদের পাশে না থাকায় টিএমসিপি ওই ছাত্রীকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায়ও দাবি করেন, “ওইদিন কলেজে কোনও গোলমাল হয়নি। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।”

ট্রেনে উঠতে গিয়ে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফস্কে প্লাটফর্ম থেকে লাইনের ধারে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজিত সাহা (৫৫)। বাড়ি রায়গঞ্জের গোশালা বাজার এলাকায়। এ দিন কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেসে উঠতে গিয়েছিলেন অজিতবাবু। সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে যখন তিনি প্লাটফর্মে পৌঁছন ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ব্যাগ নিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফস্কে ট্রেন এবং প্লাটফর্মের মাঝে ফাঁকা অংশ দিয়ে পড়ে যান। ট্রেনের যন্ত্রাংশে তাঁর মাথায় ধাক্কা লাগে। ট্রেন চলে যাওয়ার পর রেল পুলিশ তাঁকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

দু’মাস আগে চুরি, উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

দু’মাস আগের চুরি যাওয়া জিনিসের একাংশ উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। গ্রেফতার হয়েছেন ৬ জন। রবিবার রাতে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা থেকে এদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে চারজন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত। বাকি দুজন নকশালবাড়ির বাসিন্দা। তাঁরা চোরাই মাল কেনার সঙ্গে যুক্ত। শিলিগুড়ি পুলিশের ডিসি হেড কোয়ার্টার অংমু গ্যামসো পাল বলেন, “ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।” পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ৩৭ গ্রাম সোনা, ৩ কেজি রূপো এবং একটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে। গত ১২ জুলাই শিলিগুড়ির চম্পাসারির দেবীডাঙ্গায় একটি সোনার দোকানে চুরি হয়। সেই চুরির অভিযোগের তদন্ত শুরু করেই চক্রের হদিশ পায় পুলিশ।

শ্বশুরবাড়িতে মিলল যুবকের গুলিবিদ্ধ দেহ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

শ্বশুর বাড়ির খড়েরগাদায় মিলল এক যুবকের গুলিবিদ্ধ দেহ। সোমবার সকালে বালুরঘাট শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গিপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বিষ্ণু মার্ডি (২২)। তাঁর বাড়ি বালুরঘাট থানার খরাইল গ্রামে দু’বছর আগে বিষ্ণুনামাবঙ্গি পাড়ার প্রিয়াঙ্কা টুডু নামে এক মহিলাকে বিয়ে করেন। তারপর থেকে মাঝেমধ্যে প্রিয়াঙ্কাদেবী বাবার বাড়িতে এসে থাকেন। অতিরিক্ত পুলিশ সুপার এস সালভে মুরাগন বলেন, নিহতের বাবার অভিযোগ পেয়ে প্রিয়াঙ্কাদেবী ও তাঁর মা-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

নির্মাণকর্মীদের কনভেনশন
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

তৃণমূল প্রভাবিত নির্মাণ কর্মীদের কনভেনশন হল ময়নাগুড়ির পানবাড়িতে। সোমবার অন্তত পাঁচশো নির্মাণ কর্মী ওই সংগঠনে যোগ দেন। কনভেনশন জনসভার চেহারা নেয়। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক বিকাশ মালাকার জানান, যে নির্মাণ কর্মীরা এদিন ঘাসফুল পতাকা হাতে তুলে নেন। এত দিন তাঁরা বামপন্থী সংগঠনে জড়িত ছিলেন।

দুর্ঘটনায় মৃত বাইক আরোহী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

বাসের সঙ্গে ধাক্কা মেরে মারা গেলেন এক বাইক আরোহী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরায় বিমানবন্দর সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানস বক্সি (৩৮)। তার বাড়ি বিধাননগর এলাকায়। চন্দন দাস নামে আরও এক বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পদ বাঁচাতে দলত্যাগ সামসি পঞ্চায়েতের আট সিপিএম সদস্যের

তৃণমূলের সঙ্গে জোট বেঁধে মালদহের সামসি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়েছিল সিপিএম। তার পর সিপিএমের প্রধানকে সরাতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। প্রশাসনের কাছে অনাস্থা প্রস্তাব পেশ হতেই প্রধান সহ সিপিএমের আট সদস্যই তড়িঘড়ি তৃণমূলে যোগ দেন। কিন্তু শেষ রক্ষা হল না। তৃণমূল-কংগ্রেস জোটের ডাকা অনাস্থায় হেরে অপসারিত হলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। মালদহের রতুয়া-১ ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সোমবার ছিল ওই পঞ্চায়েতে অনাস্থার তলবি সভা। সেখানে ১২-০ ভোটে হেরে অপসারিত হন সিপিএম ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রধান সুপ্রিয়া সিংহ। এদিন ওই ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দলও প্রকাশ্যে চলে এসেছে। দলীয় নেতৃত্বের নির্দেশ অগ্রাহ্য করেই তৃণমূল সদস্যরা অনাস্থায় যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রতুয়া-১ ব্লকের বিডিও নীলাঞ্জন তরফদার বলেন, “সামসি গ্রাম পঞ্চায়েত প্রধান অনাস্থায় হেরে অপসারিত হয়েছেন। কংগ্রেস-তৃণমূলের ১২ সদস্য হাজির ছিলেন। পঞ্চায়েতে নিয়ম মেনে পরবর্তী প্রধান নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।” ২০ আসনের ওই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের নয়, সিপিএমের আট ও তৃণমূলের তিনটি আসন ছিল। ভোটের পর সিপিএম ও তৃণমূল জোট বেঁধে পঞ্চায়েতে বোর্ড গঠন করে। প্রধান হন সিপিএমের সুপ্রিয়া সিংহ। সম্প্রতি কংগ্রেস ও তৃণমূলের ১২ সদস্য জোট বেঁধে সিপিএম প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। তার পর থেকেই তারা গোপন শিবিরে চলে যান। সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা নিয়ে আসায় হার নিশ্চিত জেনে প্রধান সহ সিপিএমের আট সদস্য দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তার পর থেকে কংগ্রেসের সঙ্গে ডাকা অনাস্থায় তৃণমূলের তিন সদস্য যাতে যোগ না দেন তা নিয়ে তদ্বির শুরু করেন দলের নেতৃত্ব। কিন্তু তৃণমূলের তিন সদস্য সভায় যোগ দেওয়ায় এদিন অনাস্থায় হেরে যান প্রধান। সামসি গ্রাম পঞ্চায়েতের বিরোধী কংগ্রেস নেতা মোশারফ হোসেন অবশ্য বলেন, “এক বছর ধরে এলাকায় কোনও উন্নয়ন হচ্ছে না। বিরোধীদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূল পাশে দাঁড়ানোয় সংখ্যাগরিষ্ঠ হয়ে অনাস্থা পেশ করা হয়েছিল।” অপসারিত প্রধান সুপ্রিয়া সিংহ বলেন, “আমরা তৃণমূলে যোগ দিয়েছি। নেতৃত্ব যা বলবে সেইভাবেই চলব।”

মজুরির দাবিতে ধর্মঘট

একশো দিনের কাজের টাকা না পেয়ে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ধর্মঘট করলেন শ্রমিকেরা। ওই ধর্মঘটের ফলে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ভেতরে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত কেউ ঢুকতে পারেননি। পঞ্চায়েত প্রধান এবং কার্যনির্বাহী আধিকারিক গিয়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা ধর্মঘট তুলে নেন। দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের ১২ টি গ্রাম সংসদ এলাকার তিন হাজার শ্রমিক গত তিন মাস ধরে তাদের বকেয়া টাকা পাচ্ছেন না। কেবলমাত্র হুদুমডাঙা গ্রামের ২২৮ জন শ্রমিকের গত তিন মাস আগের বাকি সাড়ে পাঁচ লক্ষ টাকা ।এরকম ১২টি গ্রাম সংসদ এলাকার শ্রমিকদের মোট বাকির পরিমাণ ৭৫ লক্ষ টাকা। শ্রমিকদের মুখপাত্র রমেশ রায় বলেন, “টাকা না পেলে আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাব।”

পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরলেন গৌরাঙ্গ


পুরভবন থেকে বেরোচ্ছেন গৌরাঙ্গ নাগ। নিজস্ব চিত্র।

হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন গৌরাঙ্গ নাগ। সোমবার দুপুরে পুরসভার এগজিকিউটিভ অফিসার স্বপন ভট্টাচার্যের হাতে তুলে দেন। এর পর তাঁর সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে সকলকে ধন্যাবদ জানিয়ে পরের চেয়ারম্যানকে সাহায্য করার অনুরোধ করেন। ওই সময়ে পুরকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। ১৯৯৩ সালে প্রথম পুরসভার দায়িত্ব নিয়েছিলেন গৌরাঙ্গবাবু। তিনি বলেন, “সমস্ত পরিবেশ অনুকুলে থাকা সত্ত্বেও অনিবার্যভাবে এমন একটি পরিবেশের মধ্যে পড়ে গেলাম যাতে পদত্যাগ করতে বাধ্য হলাম।” তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস চায় না যে কোনও বিরোধী দল থাকুক।

তৃণমূল প্রধানকে অনাস্থায় সরালেন দলেরই সদস্যেরা

তৃণমূল প্রধানকে অনাস্থা এনে সরিয়ে দিলেন দলের সদস্যরাই। সোমবার মাথাভাঙা ২ ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন তলবি সভায় ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুশীল বিশ্বাসের অপসারণের পক্ষে ১১ জন সদস্য ভোট দেন। তৃণমূলের বড় শোলমারি অঞ্চল সভাপতি হরিপদ মিত্র বলেন, “প্রধানের নিষ্ক্রিয়তার অভিযোগে পঞ্চায়েত সদস্যেরা অনাস্থা আনেন।” বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান সুশীল বিশ্বাস বলেন, “আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে অনাস্থা আনা হয়েছিল। এলাকার মানুষ সবই জানেন।” গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৯টি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল একাই ১২টি আসন পেয়ে বোর্ড গড়ে। মাথাভাঙা ২ ব্লকের বিডিও এম ডি লামা বলেন, “অনাস্থা গৃহীত হওয়ায় একমাসের মধ্যে নতুন প্রধান নির্বাচনের সভা ডাকা হবে।” উল্লেখ্য, গত মাসে কোচবিহার ১ ব্লকের সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সিরাজুল হকও দলের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবে অপসারিত হয়ছিলেন।

পানীয় জল নিয়ে ভোগান্তি দিনহাটায়

বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পানীয় জলের ভোগান্তির অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিল বিজেপির যুব মোর্চা। সংগঠনের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের দু’টি পানীয় জলের পাম্প মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ছে। দুই সপ্তাহ ধরে নাকাল হন রোগী ও পরিজনেরা। বারবার বলা হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেই। জেনারেটর থাকলেও তা চালানো হচ্ছে না বলে ‘লো ভোল্টেজে’র সময় ভোগান্তি বাড়ছে। বামনহাটের বিএমওএইচ কেশব রায় অবশ্য জানান, এদিন থেকে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়েছে।

দেহ উদ্ধার ইসলামপুরে

নয়ানজুলি থেকে বছর পঁয়ত্রিশের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ মিলেছে। সোমবার সন্ধ্যায় ইসলামপুরের থানার রামগঞ্জ এলাকা থেকে দেহটি মেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের বুকের ডানদিকে ধারাল অস্ত্রে আঘাতের চিহ্ন মিলেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy