Advertisement
E-Paper

টুকরো খবর

ইংরেজ শাসন ভেঙে বালুরঘাটের স্বাধীনতা লড়াইয়ের বিজয়গাথা স্মরণে রবিবার পালিত হল ‘বালুরঘাট দিবস’। শহরের বিশিষ্ট নাগরিকের উদ্যোগে আত্রেয়ী নদীর ডাঙিঘাটে এবং পুরনো প্রশাসনিক ভবন চত্বরে শহিদ স্মারক স্তম্ভে পুস্পস্তবক দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক তাপস চৌধুরী, জেলাপরিষদের সহকারী সভাধিপতি কালীপদ সরকার প্রমুখ ব্যক্তিবর্গ। ছিলেন আয়োজক কমিটির সম্পাদক পীযুষকান্তি দেব, পুরসভার চেয়ারপার্সনও।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩০

বালুরঘাট দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

ইংরেজ শাসন ভেঙে বালুরঘাটের স্বাধীনতা লড়াইয়ের বিজয়গাথা স্মরণে রবিবার পালিত হল ‘বালুরঘাট দিবস’। শহরের বিশিষ্ট নাগরিকের উদ্যোগে আত্রেয়ী নদীর ডাঙিঘাটে এবং পুরনো প্রশাসনিক ভবন চত্বরে শহিদ স্মারক স্তম্ভে পুস্পস্তবক দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক তাপস চৌধুরী, জেলাপরিষদের সহকারী সভাধিপতি কালীপদ সরকার প্রমুখ ব্যক্তিবর্গ। ছিলেন আয়োজক কমিটির সম্পাদক পীযুষকান্তি দেব, পুরসভার চেয়ারপার্সনও। আলোচনায় উঠে এলো ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বরের টুকরো স্মৃতিকথা। এদিন সকালে আত্রেয়ী নদীর ডাঙিঘাটে নবনির্মিত স্মারক স্তম্ভ চত্বরে সেদিনের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধের কথা স্মরণ করে নাগরিকদের এক মিছিল শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছয়। ইংরেজ আমলে বালুরঘাটের ট্রেজারি ভবন, ফৌজদারি আদালত সহ সরকারি দফতরের ওই সব ভবনই ছিল লড়াই-এর কেন্দ্রবিন্দুতে। ১৯৪২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে তপন, বালুরঘাট, পোরসা, ধামরইরহাট থানার বিভিন্ন গ্রাম থেকে স্বাধীনতা সংগ্রামীরা মিছিল করে সন্ধ্যার মধ্যে ডাঙিঘাটে পৌঁছে যান। রাত ৮টা থেকে তিনটি বড় খেয়া নৌকায় আত্রেয়ীর পূর্বতীরে সমবেত হন ১০ হাজার সংগ্রামী। ১৪ সেপ্টেম্বর সকালে ডাঙিঘাট থেকে বালুরঘাট শহর অভিমুখে দৃপ্তভঙ্গিতে মিছিল করে এগিয়ে চললেন স্বাধীনতা সংগ্রামীরা। বালুরঘাটের আকাশ বাতাস উত্তাল হয়ে ওঠে। বালুরঘাট শহরের ইংরেজ শাসনের ভিত্তিমূল নড়ে ওঠে। আদালতের মাথা থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ত্রিবর্ণ রঞ্জিত কংগ্রেস পতাকা উড়িয়ে দেওয়া হয়।

১৪ টাকায় আলু বিক্রি করবে ব্যবসায়ী সমিতি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

স্টল খুলে ১৪ টাকা কেজি দরে জলপাইগুড়িতে আলু বিক্রি করবে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি। তাতে সহযোগিতা করবে জলপাইগুড়ি পুরসভাও। রবিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে এমনই সিদ্ধান্ত হল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠকে। বৈঠকে জানা গিয়েছে, শিলিগুড়িতেও রেশনের দোকানে আলু বিক্রি হবে। নিয়ন্ত্রিত বাজার সমিতি সেই ব্যবস্থা করবে। আগামী মঙ্গলবার থেকে জলপাইগুড়িতে সরকারি দরে আলু বিক্রি শুরু হবে বলে জানানো হয়। জলপাইগুড়ি শহরের মতোই বিভিন্ন পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গ্রামাঞ্চলে আলু বিক্রির ব্যবস্থাও ব্যবসায়ীরা করবেন বলে এ দিনের বৈঠকে স্থির হয়েছে। জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান তথা জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ব্যবসায়ীরা নিজেরাই আলু বিক্রি করবেন। শিলিগুড়ি শহরে চাহিদা বেশি থাকায় সেখানে নিয়ন্ত্রিত বাজার কমিটি রেশনের মাধ্যমে আলু বিক্রির ব্যবস্থা করবে।” সেই সঙ্গে মঙ্গলবার থেকে দিনে ১ হাজার মেট্রিক টন আলু অসমে পাঠানো যাবে বলেও সিদ্ধান্ত হয়েছে। উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক দাস বলেন, “পুজোর আগেই বাজারে আলুর সমস্যা মিটে যাবে বলে আশা করছি।” জলপাইগুড়ি শহর এলাকায় আপাতত ৫টি স্টল খুলে আলু বিক্রি হবে বলে বৈঠকে স্থির হয়েছে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “পুরসভা সব ধরনের সহযোগিতা করবে।”

আজ বামেদের অবস্থান শুরু পুরসভার সামনে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

সাফাইকর্মী নিয়োগে দুর্নীতির তদন্তের দাবিতে আজ, সোমবার থেকে পুরসভার সামনে লাগাতার অবস্থান আন্দোলন শুরু করবেন বলে জানালেন বাম কাউন্সিলরেরা। বিজেপির তরফেও ইতিমধ্যে পুরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করা হয়েছে। যা দেখে রাজনৈতিক মহলের দাবি আগামী বছর কোচবিহার পুরসভার ভোটের দিকে লক্ষ্য রেখেই তৃণমূল বোর্ডের বিরুদ্ধে আন্দোলনের ধার বাড়াতে চাইছে বিরোধীরা। শুধু সাফাইকর্মী নিয়োগ নয়, জল প্রকল্পের পাইপ কেনা নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পুরসভার চেয়ারম্যান দীপক ভট্টাচার্য অবশ্য বলেন, “রাজনৈতিক কারণে এমন অভিযোগ তোলা হচ্ছে। কর্মী নিয়োগে সব নিয়ম মেনেই পদক্ষেপ হয়েছে। চাকরি যাঁরা পেয়েছেন তাতে বাম সমর্থকরাও রয়েছেন।”

প্লাস্টিক রুখতে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ রুখতে রায়গঞ্জে অভিযান করলেন পুর কর্তৃপক্ষ। রবিবার পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত, ভাইস চেয়ারম্যান রণজকুমার দাসের নেতৃত্বে অভিযান হয়।

ইসলামপুরে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

ইসলামপুর থানার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। রবিবার বিকেলে ফাইনালে দাড়িভিট চৌধুরী টি স্টেটের সঙ্গে খেলা হয় ইসলামপুরের নিউটাউন ক্লাবের। তাতে ২-১ গোলে জেতে দাড়িভিট চৌধুরী স্টেট।

সাহিত্য আলোচনা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

বাংলা সাহিত্য নিয়ে আলোচনা হল ডালখোলায়। রবিবার শ্রীঅগ্রসেন কলেজে উদ্বোধন করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিকাশ রায়।

চুরি চক্রের দুই পাণ্ডা গ্রেফতার

একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে গয়না পরিস্কার করার ছুতোয় সোনা-রুপা হাতিয়ে পালানোর একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার রাতে এনজেপি এলাকার ডিএস কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনিল কুমার শাহ এবং কানহাইয়া শাহ। এদের বাড়ি বিহারের কাটিহারে। তাদের কাছ থেকে ৮ হাজার টাকা, ডিটারজেন্ট এবং কোম্পানির ভুয়ো পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত কয়েক মাসে ওই ধরণের একাধিক অভিযোগ জমা পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন থানায়। গত শুক্রবারও শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির একটি বাড়ি থেকে এই কায়দাতেই সোনার গয়না হাতিয়ে পালায় দুই দুষ্কৃতী। নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। শিলিগুড়ি পুুলিশের ডিসি অংমু গ্যামসো পাল বলেন, “ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।” রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া এলাকা থেকে ১৪ জন মদ্যপ ও জুয়ারিকে আটক করেছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ।

দ্রুত পুরভোট চায় বিজেপি

দ্রুত পুর নির্বাচনের দাবিতে পথসভা করল বিজেপি। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির সুভাষপল্লি নেতাজি মোড়ে পথসভা করে তারা। বিজেপি’র দার্জিলিং জেলা সভাপতি রথীন্দ্র বসু জানান, পুরবোর্ড ভেঙে যাওয়ায় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। অবিলম্বে পুর নির্বাচনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে সারদা কেলেঙ্কারিতে যুক্ত দোষীদের শাস্তির দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অভিযোগ তুলে সরব হন তারা। এ দিন পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তাঁরা।

দুর্ঘটনায় মৃত্যু

বাসের ধাক্কায় মোটরবাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ির মাটিগাড়া থানার ৩১ নম্বর জাতীয় সড়কের পরিবহণ নগরীর সামনে। পুলিশ জানায়, স্বামীর সঙ্গে মোটরবাইকে যাচ্ছিলেন ওই মহিলা। পিছন থেকে আসা বাসের ধাক্কায় তিনি বাইক থেকে পড়ে যান। এর পরে বাসের তলায় চাপা পড়ে তিনি মারা যান। মৃতার নাম শীলা তালুকদার (৪৫)। ওই দম্পতি ভক্তিনগরের বাসিন্দা।


বেহাল শিলিগুড়ি কলেজপাড়ার চিলড্রেনস পার্ক। নিজস্ব চিত্র।


নয়া আলো-সাজ। কোচবিহার রাজবাড়িতে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy