আবার কোচবিহার বিমানবন্দর থেকে উড়বে বিমান। আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে সপ্তাহে এক দিন করে কোচবিহার-কলকাতা এবং কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা শুরু হবে।
তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচবিহার বিমানবন্দর থেকে পরিষেবা গুটিয়ে নেয় ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা। জানুয়ারি মাসের ৮ তারিখ শেষ বার ওই সংস্থার বিমান চলে। আবার কোচবিহার থেকে যাত্রিবাহী বিমান চালনা নিয়ে জট শুরু হয়।
এখন কোচবিহার বিমানবন্দর সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতার বিমান চলবে। তার পর মার্চ মাস থেকে এই পরিষেবা নিয়মিত করার প্রচেষ্টা হবে। এই খবর পেয়ে খুশি কোচবিহারের ব্যবসায়ী মহল। তবে তাঁরা চান প্রতি দিনই বিমান চলুক। আসন বাড়ানোরও দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, ‘‘এই বিমানের চাহিদা যথেষ্ট রয়েছে। যেখানে চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে, সেখানে পরিষেবা কেন সপ্তাহে এক দিন মিলবে? আমাদের ব্যবসায়ী মহলের কাছে এই পরিষেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাতে বেশি আসনের বিমান চলাচল করতে পারে, সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সংগঠনের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর কাছে বিমান পরিষেবা চালু রাখার জন্য চিঠিও দিয়েছিলাম।’’
কোচবিহার বিমানবন্দর ডিরেক্টর শুভাশিস পাল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার বিমান পরিষেবা পাওয়া যাবে। মার্চের মধ্যে আগের মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রতি দিন যাতে পরিষেবা দেওয়া যায়, সেই চেষ্টাও জারি থাকবে।