বিধানসভা নির্বাচনের মুখে মালদাহে আবার আগ্নেয়াস্ত্র এবং জালনোট উদ্ধার। জেলার দু’টি পৃথক স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি এবং জালনোট উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন স্থানীয় বাসিন্দাকে।
পুলিশ সূত্রে একটি খবর, গোপন সূত্রে পাওয়া একটি খবরের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে চাঁচোল থানা এলাকায় প্রথম অভিযান চালানো হয়। সেখানে আব্দুল বারেক নামে স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়। আব্দুল থাকেন চাঁচলের খানপাড়া এলাকায়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জালনোট।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ওই জালনোট পাচারের জন্য মালদহে নিয়ে এসেছিল তিনি। আব্দুলের সঙ্গে এই পাচারচক্রে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশের দ্বিতীয় অভিযানটি হয় চাঁচল থানারই আর একটি জায়গায়। সেখান থেকে গোলাম রাব্বানি এবং মিজানুর রহমান নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। দু’জনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তাঁদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল। এ নিয়ে বিশদে জানতে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় জেলা পুলিশ। বুধবার দুই মামলায় ধৃতদের আদালতে হাজির করানো হয়।