Advertisement
E-Paper

দুয়ারে ৪ প্রেমিকা একসঙ্গে, ধরা পড়ে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা মাথাভাঙার যুবকের

মাথাভাঙা এক নম্বর ব্লকের জোড়পাটকি পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামের বাসিন্দা শুভময় কর। তিনি পেশায় স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ০১:৪৮
যুবকের বাড়ির সামনে প্রতিবেশীদের জটলা।

যুবকের বাড়ির সামনে প্রতিবেশীদের জটলা। নিজস্ব চিত্র।

একইসঙ্গে চার তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক ফাঁস হয়ে যেতেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। ওই যুবক কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি।

মাথাভাঙা এক নম্বর ব্লকের জোড়পাটকি পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামের বাসিন্দা শুভময় কর। তিনি পেশায় স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মী। স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে চার তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন এই শুভময়। এত দিন নির্বিঘ্নেই চলছিল সবকিছু। কিন্তু শুভময়ের কীর্তিকলাপ জানতে পেরে রবিবার বিকালে একসঙ্গে চার তরুণীই তাঁর বাড়িতে পৌঁছে যান। তাঁদের মধ্যে দু’জন ঘোকসাডাঙার বাসিন্দা, এক জন ভাউরথানা এলাকার এবং আর এক জন গোলকগঞ্জের বাসিন্দা। চার তরুণীকে একসঙ্গে বাড়িতে দেখে শুভময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পাটকি পঞ্চায়েতের প্রধান কমলকুমার অধিকারী বলেন, ‘‘চার তরুণীকে শুভময়ের বাড়িতে দেখে আমরা প্রাথমিক ভাবে বিষয়টি বুঝে উঠতে পারছিলাম না। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই চার তরুণীর সঙ্গে শুভময়ের অশান্তি শুরু হয়েছে। শুভময় ওদের শান্ত করার চেষ্টা করছিল। তার পর আচমকাই ঘরে ঢুকে ও বিষ পান করে। ওকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই চার তরুণীকেও বুঝিয়েসুজিয়ে বাড়ি পাঠানো হয়।’’

শুভময়কে এখন কোচবিহারে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মাথাভাঙার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ জমা পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে শুভময়ের বাড়ির লোকজন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy