Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

বৌমাকে ধারের টাকা শোধ দিতে বলায় শাশুড়ির মাথায় কুড়ুলের কোপ! স্বামীর অভিযোগে স্ত্রীকে আটক করল পুলিশ

পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। বৃদ্ধার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে পরিবার সূত্রে খবর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ২৩:৫৭

—প্রতীকী চিত্র।

বৌমার কাছে ‘পাওনা’ অর্থ চেয়ে আক্রান্ত শাশুড়ি। কুড়ুলের কোপে রক্তাক্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তিনি। স্বামীর অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার কোচবিহারের বামনহাট দক্ষিণ লাউচাপড়ার ওই ঘটনায় শোরগোল এলাকায়।

বছর পনেরো আগে কৃষ্ণ বর্মণ এবং ভারতী বর্মণের বিয়ে হয়। প্রতিবেশীদের দাবি, দাম্পত্যের শুরু থেকেই শাশুড়ি আগন্তি বর্মণের সঙ্গে বৌমা ভারতীর নানা কারণে খিটমিট লেগেই থাকত। প্রায়শই দু'জনের ঝগড়া শোনা যেত। তবে কিছু দিন আগে বৌমা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে চিকিৎসার জন্য তাঁকে হাজার চারেক টাকা দিয়েছিলেন শাশুড়ি। ধার হিসাবে।

শাশুড়ির দাবি, রবিবার দুপুর ২টো নাগাদ কথা প্রসঙ্গে বৌমার কাছে ওই টাকার কথা তুলেছিলেন তিনি। কিন্তু ভারতী জানান, টাকা দিতে পারবেন না। ওই নিয়ে শাশুড়ি-বৌমার বচসা চলে। হঠাৎ ঘর থেকে কুড়ুল বার করে এনে তাঁর মাথায় কোপ মারেন বৌমা।

স্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ করেছেন স্বামীও। কৃষ্ণের অভিযোগ, মাকে রক্ষা করতে ছুটে যান তিনি এবং তাঁর বোন। কৃষ্ণ জানান, বার চারেক।মায়ের মাথায় কুড়ুলের কোপ মেরেছেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় মাকে উদ্ধার করে তাঁরা বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

অন্য দিকে, এই ঘটনার কথা কানে যায় সাহেবগঞ্জ থানার পুলিশের। তারা কৃষ্ণের বাড়ি গিয়ে ভারতীকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ প্রসঙ্গে নিরুত্তর বৌমা। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। বৃদ্ধার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে পরিবার সূত্রে খবর।

Cooch Behar Death Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy