E-Paper

‘স্পোর্টস ইউনিভার্সিটি’ উত্তরে, ভাবনা প্রধানমন্ত্রীর

ই স্পোর্টস ইউনিভার্সিটি কবে বাস্তবায়িত হবে, না নির্বাচনের মুখে শুধু চমক তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

সৌমিত্র কুন্ডু

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৮:২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

এ বার উত্তরবঙ্গে ‘স্পোর্টস ইউনিভার্সিটি’ তৈরির পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শিলিগুড়ির কাওয়াখালিতে জনসভায় এ কথা জানান তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গের দুই মহিলা তারকা খেলোয়াড় ‘অর্জুন’ মান্তু ঘোষ এবং রিচা ঘোষের নামও উল্লেখ করেন।

নির্বাচনী সভায় মোদীর বক্তব্যে ক্রীড়ামহলের একাংশ খুশি হলেও সংশয়ও প্রকাশ করেছেন অনেকে। কারণ, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় জানান, শিলিগুড়িতে আধুনিক স্টেডিয়াম তৈরির কথা তাঁদের ভাবনায় রয়েছে। যদিও বিষয়টি এর বেশি আর এগোয়নি। এর আগে পাহাড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আশ্বাসও কেন্দ্রীয় সরকারের ছিল, তা-ও হয়নি। তাই এই স্পোর্টস ইউনিভার্সিটি কবে বাস্তবায়িত হবে, না নির্বাচনের মুখে শুধু চমক তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘উত্তরবঙ্গে মেয়েরা অনেকে প্রতিভাধর। মান্তু ঘোষের প্রতিভায় অনেক উপকার দেশ পেয়েছে। আর এখন রিচা ঘোষের অনেক প্রশংসা হচ্ছে।’’ তিনি জানান, খেলতে নেমে বড়-বড় ছক্কা মারে রিচা। রিচার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। ওঁর আত্মবিশ্বাসে তিনি প্রভাবিত হন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিজেপি উত্তরবঙ্গে একটি স্পোর্টস ইউনিভার্সিটি তৈরির পরিকল্পনা করেছে।’’ প্রধানমন্ত্রীর কথায় খুশি মান্তু। তিনি বলেন, ‘‘এই স্পোর্টস ইউনিভার্সিটি যদি বাস্তবায়িত হয়, তা হলে সমস্ত খেলার উন্নয়নে সহায়ক হবে।’’ শিলিগুড়ির তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব বলেন, ‘‘উনি ভোটের আগে এ সব বলেন। এত দিন করেননি কেন?’’ তিনি জানান, ইতিমধ্যে শিলিগুড়িতে রিচা ঘোষের নামে উত্তরায়ণ উপনগরীর পাশের মাঠে আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরে পুরোদমে তার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Siliguri Narendra Modi BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy