E-Paper

অঙ্গনওয়াড়িতে বার বার বরাত একই সংস্থাকে

এই অনিয়মের পিছনে কোনও স্বার্থ লুকিয়ে রয়েছে কি না, তা নিয়েও কোনও-কোনও মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রায় চার বছর ধরে হয়নি নতুন কোনও চুক্তি। এই চার বছরে পুরনো চুক্তিরও পুনর্নবীকরণ হয়নি বলে অভিযোগ। অথচ, সেই চুক্তি বা চুক্তির পুনর্নবীকরণ ছাড়াই আলিপুরদুয়ার জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এই কয়েক বছর ধরে চলছে মুসর ডাল, সরষের তেল ও আয়োডিনযুক্ত লবণ সরবরাহের কাজ। জেলায় সাতটি ভাগে যে কাজে নিযুক্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে তৈরি সাতটি সংঘ বা মহাসংঘ। কিন্তু যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ঘিরে এত মা ও শিশু নির্ভরশীল, সেখানে বছরের পর বছর ধরে আলিপুরদুয়ারে এমন অনিয়ম কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই অনিয়মের পিছনে কোনও স্বার্থ লুকিয়ে রয়েছে কি না, তা নিয়েও কোনও-কোনও মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব চেয়ে বড় কথা, এই অনিয়ম মেনে নিতে পারছেন না প্রশাসনের একাংশও।

প্রশাসনের ওই আধিকারিকদের কথায়, ‘‘জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে নিয়ে সাতটি প্রকল্প বা সাতটি ভাগ রয়েছে। ২০২১ সালে সাতটি সঙ্ঘ বা মহাসঙ্ঘ যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মুসুর ডাল, সরষের তেল ও আয়োডিনমুক্ত লবণ সরবরাহের জন্য এক বছরের বরাত পায়। সেই অনুযায়ী, ওই সঙ্ঘগুলির সঙ্গে চুক্তিও হয়। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, প্রতি বছর এ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। যাতে আরও কোনও সঙ্ঘ এই কাজে যুক্ত হওয়ার আবেদন করতে পারেন। সেটা না হলে, অন্তত আগের চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা। কিন্তু গত চার বছর ধরে এর কোনওটাই হচ্ছে না।

প্রশাসনের ওই আধিকারিকের কথায়, বিজ্ঞপ্তি জারির পরে এই খাদ্য সরবরাহের কাজের আবেদন জানিয়ে যে সব সঙ্ঘ আবেদন করে, ব্লক প্রশাসনের আধিকারিকেরা সেটা খতিয়ে দেখে জেলায় পাঠান। তার পরে মহকুমাশাসক তা আরও বিস্তারিত ভাবে খতিয়ে দেখে এ নিয়ে সিদ্ধান্ত নেন। আলিপুরদুয়ারের প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘‘এই কাজের জন্য আরও একাধিক সঙ্ঘ তৈরি থাকা সত্ত্বেও, সেই সঙ্ঘগুলি কাজে যুক্ত হওয়ার আবেদন করতে পারছেন না। কারণ, এ নিয়ে নতুন কোনও বিজ্ঞপ্তিও বেরোচ্ছে না। যদিও বিষয়টি নিয়ে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলাকে ফোনে পাওয়া যায়নি। ফোনে পাওয়া যায়নি মহকুমাশাসক দেবব্রত রায়কেও। দু’জনেই মেসেজের উত্তর দেননি। আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকেরাও একে অন্যের উপর দায় ঠেলেছেন।

তবে প্রশাসনের একটি সূত্রের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই খাদ্য সামগ্রী সরবরাহ নিয়ে নতুন বিজ্ঞপ্তি বা পুরনো চুক্তির পুনর্নবীকরণের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক সপ্তর্ষি নাগ জানান, এমন অভিযোগ থাকলে, বিষয়টি খতিয়ে দেখা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Anganwadi center

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy