কোচবিহারে এ বার গ্রেফতার হলেন তৃণমূলের এক কাউন্সিলর। ধৃত কোচবিহার পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর। এর আগে গ্রেফতার হয়েছিলেন কোচবিহার এক নম্বর ব্লক এবং দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, দিনহাটার পুরসভার কর্মী, প্রাক্তন চেয়ারম্যান। কোচবিহার কোতোয়ালী থানা সূত্রের খবর, নির্বাচনের আগে হুমকি, অপমানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে, যেই ঘটনায় জড়িয়ে রয়েছেন রাজ্যের স্পিকার রথীন্দ্র বসু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে নির্বাচনের আগের দিন, ২২ এপ্রিল সন্ধ্যায় শহরের দুই নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড সভাপতির বাড়িতে গিয়েছিলেন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী, তথা বিধানসভার বর্তমান স্পিকার রথীন্দ্র বসু। অভিযোগ, সেই সময় কাউন্সিলর উজ্জ্বল দলবল নিয়ে সেখানে হাজির হয়ে দাবি করেন, বিজেপি প্রার্থী এলাকায় টাকা বিলি করতে গিয়েছেন। এলাকা থেকে ধাওয়া করে তাঁকে বিতাড়িত করা হয় বলে অভিযোগ। সে সময় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান রথীন্দ্র। তিনি বলেন, তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে উজ্জ্বলকে।
উজ্জ্বলের মা মিনা তর বলেন, ‘‘আমরা সকলে বাড়িতেই ছিলাম। হঠাৎ করে পুলিশ এসে বাড়িতে হাজির হয় এবং আমার ছেলেকে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিছু বলে ওঠার আগেই তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জানতে চাইলে আমাদের বলা হয়, থানায় গিয়ে জানতে পারবেন।’’
আরও পড়ুন:
এ দিকে এই গ্রেফতারের ঘটনায় কোচবিহার জেলার তৃণমূলের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, ‘‘কেন, কী কারণে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়টি আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। তবে আমরা জানতে পেরেছি, নির্বাচনের আগের দিন বিজেপি প্রার্থীর সঙ্গে একটা ঘটনায় জড়িয়ে ছিলেন। হয়তো সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হল।’’ তিনি আরও বলেন, ‘‘আসলে যাঁরা যখন ক্ষমতায় আসে, তখন ক্ষমতা প্রয়োগ করে।’’ বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, ‘‘আইন আইনের পথে চলছে। কেউ যদি অন্যায় করে থাকেন, তা হলে তাঁকে শাস্তি পেতেই হবে।’’