Advertisement
E-Paper

গনি খানের জন্মদিন পালন ঘিরে প্রতিযোগিতায় দুই দল

বছর দশেক আগে প্রভাবশালী কংগ্রেস নেতা গনি খান চৌধুরী প্রয়াত হয়েছেন। তবে মালদহের রাজনীতিতে আজও প্রাসঙ্গিক তিনি। তাই প্রয়াত নেতার জন্মদিন পালনকে ঘিরে মালদহে কার্যত প্রতিযোগিতা হল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৫ ০১:৫০
বাবার জন্মদিন পালন অনুষ্ঠান বেনজিরের। —নিজস্ব চিত্র।

বাবার জন্মদিন পালন অনুষ্ঠান বেনজিরের। —নিজস্ব চিত্র।

বছর দশেক আগে প্রভাবশালী কংগ্রেস নেতা গনি খান চৌধুরী প্রয়াত হয়েছেন। তবে মালদহের রাজনীতিতে আজও প্রাসঙ্গিক তিনি। তাই প্রয়াত নেতার জন্মদিন পালনকে ঘিরে মালদহে কার্যত প্রতিযোগিতা হল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। রবিবার কংগ্রেস এবং তৃণমূলের নেতারা পৃথক ভাবে প্রয়াত গনি খান চৌধুরীর ৮৮ তম জন্মদিবস পালন করেন।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুই দলের নেতা নেত্রীদের গনি বন্দনাকে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বেরা। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘আমরাও গনি খানকে শ্রদ্ধা করি। তবে নির্বাচন আসলে তাঁকে নিয়ে টানাটানি করি না আমরা। প্রতি ভোটেই কংগ্রেস এবং তৃণমূল গনি খানের নাম ব্যবহার করে ভোট করে থাকে। জন্মদিন পালন নির্বাচনী চমক ছাড়া আর কিছু না।’’ যদিও বিরোধীদের কটাক্ষের এক সুরেই জবাব দিয়েছে কংগ্রেস এবং তৃণমূল। রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়া করণ দফতরের মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘বরকতদাকে আমি শ্রদ্ধা করি। তাই প্রতি বছর তাঁর জন্মদিন এবং মৃত্যু বার্ষিকী পালন করি। এখানে নির্বাচনের কোনও ব্যপার নেই। এখানে বিরোধীরা যা খুশি বলতেই পারেন।’’ জেলা কংগ্রেসের সভানেত্রী তথা দক্ষিণ মালদহের সাংসদ মৌসম নূর বলেন, ‘‘বরকত সাহেব সকলের আদর্শ। তাঁর জন্মদিন যে কেউ পালন করতে পারে। আমরা প্রতিবছরই তাঁর জন্মদিন পালন করি। এবার আমাদের তরফে জেলার প্রতিটি ব্লকে একমাস জুড়ে চলবে তাঁর জন্মদিনকে ঘিরে নানান অনুষ্ঠান। এখানে কে কী বলল তাতে কিছু যায় আসে না।’’

এবার প্রয়াত গনি খান চৌধুরীর ৮৮ তম জন্মদিবস পালনকে ঘিরে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হল মালদহে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ইংরেজবাজার শহরের মুক্তমঞ্চে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুবাবুর উদ্যোগে সাংস্কৃতি অনুষ্ঠান হয়। সেখানে বরকতের মু্র্তিতে মাল্য দান করেন মন্ত্রী কৃষ্ণেন্দু বাবু। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের প্রসেনজিৎ দাস, শম্পা দাস সহ একাধিক কাউন্সিলর। ঘন্টা দেড়েক ধরে চলে অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখ করান হয়। কংগ্রেসের তরফে ঘটা করে পালন করা গনিখানের জন্মদিবস। এদিন সকালে কোতুয়ালিতে বরকতের মাজারে চাদর, ফুল দেন পরিবারের অন্যতম সদস্য আবু হাসেম খান চৌধুরী (ডালু), সাংসদ মৌসম নূর সহ অন্য সদস্য সহ কংগ্রেস নেতারা। এরপর রথবাড়ি মোড়ে বরকতের মূর্তিতে কংগ্রেস নেতারা মাল্যদান করেন। তারপর রথবাড়ি মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত মশাল দৌড় হয়। সেই মশাল হাতে নিয়ে দৌড়ে অংশ গ্রহণ করেন সাংসদ মৌসম নূর এবং আবু হাসেম খান চৌধুরীও।

তারপরে কোতুয়ালি ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে কর্মী সমর্থকদের জন্য এলাহি খাওয়ারের ব্যবস্থা করা হয়েছিল। ফ্রায়েড রাইস থেকে সাদা ভাত, মুরগির মাংস, খাসির মাংস সহ বহু পদ পাত পেরে খাওয়া হয়। তারপরে মালদহ মেডিক্যাল কলেজ ও রেলওয়ে হাসপাতালের রোগীদের ফল বিলি করা হয়।

জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সারা মাস জুড়ে প্রতিটি ব্লকে এবং অঞ্চলে বরকতের জন্মদিবস পালন করা হবে। বিধানসভা ভোটের আগে কোতুয়ালি ভবনের জনসংযোগ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সম্প্রতি মালদহে প্রচারে এসে কোতুয়ালি ভবনে গিয়ে বরকতের মাজারে চাদর এবং ফুল দেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা সাংসদ শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কালিয়াচকের সুজাপুরে কর্মীসভায় গনির প্রশংসা করেছেন তিনি। এবার আসরে নামল কংগ্রেসও। তাঁর জন্মদিবসকে সামনে রেখে কার্যত বিধান সভা ভোটের ঘণ্টা বাজালো কংগ্রেস বলে অনুমান রাজনৈতিক মহলের।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy