কংগ্রেসকে আক্রমণ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
দীপা দাশমুন্সি রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটিয়ে উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন স্তব্ধ করছেন। রায়গঞ্জ লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী সত্যরঞ্জন দাশমুন্সির সমর্থনে একটি কর্মিসভায় যোগ দিয়ে এ দাবি করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ ব্লক তৃণমূলের উদ্যোগে সুভাষগঞ্জ এলাকায়। করিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনবছর ধরে দীপাদেবী রাজনৈতিক স্বার্থে ধারাবাহিক ভাবে কুৎসা রটিয়েছেন। জেলার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে। দীপাদেবী জয়ী হলে রায়গঞ্জের উন্নয়ন হবে না। সত্যরঞ্জন জয়ী হলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সার্বিক উন্নয়ন করবেন।” তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে দীপাদেবী জেলার রাস্তাঘাট, পানীয় জল, সেচের উন্নয়ন সহ সার্বিক উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। এই বিষয়ে দীপাদেবীর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে জেলা কংগ্রেস সভাপতি রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “শুধু উত্তর দিনাজপুর নয় তৃণমূল পরিচালিত রাজ্য সরকার গত তিন বছরে উত্তরবঙ্গের কোনও জেলার সার্বিক উন্নয়ন করেনি।”
কাজের দাবি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
কাজের দাবিতে আন্দোলনে নামলেন তালিকাভুক্ত সিভিক পুলিশ কর্মীদের একাংশ। মঙ্গলবার তাঁরা কোচবিহারে জেলাশাসকের দফতরে গিয়ে দিনভর অবস্থান করেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্যানেলে নাম থাকলেও অনেককে জেলার বিভিন্ন এলাকায় সিভিক পুলিশের কাজ দেওয়া হচ্ছে না। দিনহাটাতেই প্যানেলভুক্ত আটশো কর্মীর মধ্যে চারশো জন কাজ পাননি। দেড় মাস ধরে দফায় দফায় থানায় গিয়ে দরবার করলেও লাভ হয়নি।
জমি বিবাদে জখম
জমি নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তির মাথায় কোপ দেওয়ার অভিযোগ উঠল তাঁরই এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত সোমবার সকালে ঘটনাটি ঘটে শামুকতলা থানার মধ্য শিবকাটা গ্রামে। ঘটনায় উভয় পক্ষের তিন জন জখম হয়েছেন। এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শামুকতলা থানার ওসি বিনোদ গজমের জানান, জমি নিয়ে বিবাদের জেরে দুই প্রতিবেশীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। অভিযুক্ত রণজিৎ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। জখম যুবকের নাম বিকাশ কর্মকার। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের শল্য চিকিৎসক অমিত সিংহ জানান, বিকাশবাবুর মাথার ডান দিকের চামড়া ঝুলছিল। মাথার খুলি দেখা যাচ্ছিল। প্রায় সাত ইঞ্চি লম্বা ক্ষত হয়েছিল। অস্ত্রোপচার করা হয়েছে।
শাসক দলের পাশে বরোরা
আলিপুরদুয়ার লোকসভা ও কুমারগ্রাম বিধানসভা উপ নির্বাচনে শাসক দলকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল বরো জনগোষ্ঠী। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবে’র সঙ্গে দেখা করে প্রাথমিকস্তরে বরো ভাষা চালু ও সাহিত্য অ্যাকাডেমি গড়ার দাবি রাখেন তারা। বরো পিপলস ফোরামের উপদেষ্টা অতুল সুব্বা বলেন, “সংগঠনের প্রতিনিধিরা গৌতমবাবুর সঙ্গে দেখা করে দাবি জানান। বিষয়গুলি নিয়ে আলোচনার আশ্বাস মেলায় বরোরা আলিপুর দুয়ার লোকসভা, কুমারগ্রাম বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।”
বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ মালবাজারে
আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল ঘরবাড়ি। আতঙ্ক কাটিয়ে ঠিক কী করতে হবে, স্কুলে যে সব পড়ুয়ারা রয়েছে তারাই বা কী করবে, অন্য দিকে এ রকম দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরই বা প্রথম কর্তব্য কী হবে সে সব জানাতে প্রশিক্ষণ শুরু করছে বিপর্যয় মোকাবিলা দফতর। জলপাইগুড়িতে শিক্ষকদের পাশাপাশি চিকিৎসকদেরও বিপর্যয় মোকাবিলার বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে। মার্চেই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা এক দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির করিয়েছেন। বিপর্যয় মোকাবিলা দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক সুব্রত ভট্টাচার্য জানান, দ্রুত জেলার ২০০টিরও বেশি স্কুলকে নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। সাধারণ বাসিন্দাদের নিয়েও কর্মশালা আয়োজিত হবে বলে জানিয়েছেন তাঁরা।
জঙ্গলে বৃদ্ধের দেহ
ডাইনি সন্দেহে খুন হওয়া এক বৃদ্ধের ক্ষতবিক্ষত মৃতদেহ মাটি খুড়ে উদ্ধার করল। পুলিশ মঙ্গলবার সকালে কোকরাঝাড় জেলার বগরিবাড়ি থানার বড়ঝড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রাজেন্দ্রনাথ ব্রহ্ম (৭০)। পুলিশ জানায়, গত সপ্তাহের বুধবার রাতে ডাইনি সন্দেহে ওই বৃদ্ধ ও তাঁর স্ত্রী-মেয়েকে হাত পা বেঁধে ঘর থেকে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতী। তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে জঙ্গলের তিনটি পৃথক জায়গায় মৃতদেহ পুতে রাখে তারা। তদন্তে নেমে শনিবার সকালে ওই ঘটনার সাথে জড়িত ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই দিনই বৃদ্ধের স্ত্রী ও মেয়ের মৃতদেহ মাটি খুড়ে উদ্ধার করা হলেও যদিও রাজেন্দ্রনাথের মৃতদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। ৪ দিন জঙ্গলেতল্লাশি চালিয়ে মঙ্গলবার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দুরে জঙ্গলের মাটি খুড়ে বৃদ্ধের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিরোধ মেটেনি
লোকসভায় সমঝোতা হলেও কুমারগ্রাম বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী নিয়ে বিজেপি ও আদিবাসী বিকাশ পরিষদের মধ্যে বিরোধ মিটল না। দুই পক্ষই আলাদা আলাদা প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডুয়ার্সের লক্ষী চা বাগানে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে বৈঠক হলেও রফাসূত্র বার হয়নি। দলীয় সূত্রের খবর, বিজেপি কুমারগ্রাম চা বাগানের বিনোদ মিনজকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আজ, বুধবার বিনোদ মিনজের মনোনয়ন পত্র দাখিল করার কথা। অন্য দিকে আদিবাসী বিকাশ পরিষদ সমর্থিত জেএমএম প্রার্থী হচ্ছেন অমিত তিরকে। অমিতবাবুও বুধবার মননোয়নপত্র দিতে পারেন।
বাড়ি ছাই
আগুনে ভস্মীভূত হল একটি কাঠের দোতলা বাড়ি। মঙ্গলবার ডুয়ার্সের বাগরাকোট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। বাড়ির নীচতলায় এক পানের দোকান পুড়ে যায়। দমকল আগুন ছড়ানো আটকাতে পারলেও বাড়িটি বাঁচাতে পারেনি। বাড়ির মালিক কৃষ্ণ ঘিমিরে জানান বাড়ির সব সম্পত্তি মিলিয়ে কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
দুষ্কৃতী ধৃত
সশস্ত্র এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান। মালদহের রতুয়া থানার কাহালা থেকে সোমবার রাতে তাকে ধরে পুলিশ। ধৃত চন্দন গোস্বামী বাড়ি কান্ডারণ এলাকায়। রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহলদারী পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই যুবক।
শতবর্ষে ব্যাঙ্ক
শতবর্ষে পা রাখাল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। মঙ্গলবার শতবর্ষপূর্তি উৎসবের সূচনা করেন চেয়ারম্যান বিশ্বনাথ সরকার। তিনি জানান, বছরভর নানা কর্মসূচীর মাধ্যমে উৎসব পালন করা হবে। শতবর্ষের সূচনা অনুষ্ঠানে ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত অফিসার কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যর্থ অভিযান
ডাকাতির জন্য ভুট্টা খেতে জড়ো হওয়ার পর পুলিশের তাড়া খেয়ে পালাল একদল দুষ্কৃতী। মালদহের চাঁচল থানার রামপুরে সোমবার রাতে। এক দল দুষ্কৃতী ভুট্টাখেতে জড়ো হয়েছে বলে খবর পেয়ে হানা দেয় পুলিশ। কিন্তু রাতের অন্ধকারে ভুট্টাখেতের ভিতর দিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা।
দিল্লিতে তলব
প্রচার চালানোর সময় বেজে উঠল মোবাইল ফোন। অন্য প্রান্তে রাহুল গাঁধী। জরুরি তলব যেতে হবে দিল্লি। রাতেই মালদহ থেকে ছুটলেন দিল্লি। সোমবার শ্যুটিং করলেন দলীয় আরও কয়েকজন নেতা-নেত্রীর সঙ্গে। লোকসভায় নির্বাচনী প্রচার চালাতে কংগ্রেস যে প্রচার দল করছে তাতে এ বার দেখা যাবে উত্তর মালদহের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজিরের মুখ। দল, বিশেষ করে রাহুল তাকে সেই বিশেষ সন্মান দেওয়ায় আপ্লুত মৌসম! উচ্ছসিত কেন্দ্রের নেতা-নেত্রীরাও।
সভা শেষে গান
নির্বাচনকে সামনে রেখে দলের ছাত্র সংগঠনের সঙ্গে সভা করলেন উত্তর মালদহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়! মঙ্গলবার দুপুরে চাঁচলের একটি অতিথি আবাসে ওই সভার আয়োজন করা হয়! নামী গায়ককে প্রার্থী হিসেবে পেয়ে উদ্দীপিত তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকরাও! ভিড়ে ঠাসা অতিথি আবাসে প্রার্থী ছাত্রদের তিনি জানান, নির্বাচনে তাদের সাহায্য জরুরি। এগিয়ে আসতে হবে তাদেরও। শেষ সংগঠনের কর্মীদের আবদারে প্রায় সব সভার মতো এ দিনও গান গেয়ে শোনাতে হয় সৌমিত্রবাবুকে।
বামেদের প্রচার
বামেরা ৩৪ বছরে যা দুর্নীতি করেছে তিন বছরে তার থেকে বেশি দুর্নীতি করেছে তৃণমূল। পাশাপাশি কংগ্রেসও এতে নিমজ্জিত। বিজেপি সাম্প্রদায়িক। প্রতিপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই প্রচার চালাচ্ছেন উত্তর মালদহের সিপিএম প্রার্থী খগেন মুর্মু! প্রার্থীর বক্তব্য, তৃণমূল ও কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া মানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। আর বিজেপিকে ভোট দেওয়া মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া। কখনও পথে প্রচারে, কখনও বাড়ি হাজির হয়ে এ অভিযোগ শানিয়ে ভোট টানার চেষ্টা করছেন খগেনবাবু।
জখম ২৪ জন
বামেদের কর্মিসভায় যেতে গিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়লেন ২৪ জন সমর্থক। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে মেটেলির সোনগাছি চা বাগান লাগোয়া জাতীয় সড়কে। জখমদের বাড়ি সোনগাছি চা বাগানের নাখাটি এলাকাতে। সমর্থকেরা একটি পিক আপ ভ্যানে করে মেটেলি ব্লকে আলিপুরদুয়ার লোকসভার বাম প্রার্থী মনোহর তিরকের সমর্থনে কর্মিসভাতে যাচ্ছিলেন। জখমদের মধ্যে চার জনকে এই দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দু’টি কর্মিসভা
লোকসভা প্রচারে চলতি মাসের ২৮ ও ৩০ মার্চ ইসলামপুরে দুটি কর্মিসভা করবে কংগ্রেস। দলীয় সূত্রের খবর, ২৮ মার্চ ইসলামপুরে পাটগড়া এলাকায় ও ৩০ মার্চ হবে ইসলামপুরের টাউন কমিটির কর্মীদের নিয়ে কর্মিসভা হবে। কংগ্রেস নেতা তথা ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল জানান, দুটি সভাতেই প্রার্থী দীপা দাশমুন্সি উপস্থিত থাকবেন।
আপ-এর প্রচার
ইসলামপুরের দোমহনায় প্রচারে এলেন রায়গঞ্জের আম আদমি পার্টির প্রার্থী পাসারুল আলম। করণদিঘি দোমহনায় কর্মিসভা করেন তিনি। পাসারুল আলম জানান, সর্বত্র সাধারণ মানুষের সমর্থন মিলছে।