Advertisement
E-Paper

টুকরো খবর

মাকে কটূক্তি করার প্রতিবাদ করায় ছেলেকে মারধরে ধৃত দুই যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, চুরি সমেত একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। রবিবার ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ তাদের আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে আবেদন করে। বিচারক সঞ্জয় চৌধুরী ধৃত দুজনের জামিনের আবেদন খারিজ করে তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৪ ০১:৪২

ইভটিজিং, দুই ধৃতের জামিনের আর্জি নাকচ

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

মাকে কটূক্তি করার প্রতিবাদ করায় ছেলেকে মারধরে ধৃত দুই যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, চুরি সমেত একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। রবিবার ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ তাদের আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে আবেদন করে। বিচারক সঞ্জয় চৌধুরী ধৃত দুজনের জামিনের আবেদন খারিজ করে তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার রাতে বালুরঘাট শহরের সাহেবকাছারী এলাকায় বাড়ি ফেরার সময় এক পুলিশ কর্মীর স্ত্রী মদ্যপ যুবকের ইভটিজিটিং-এর মুখে পড়েন। মহিলার সঙ্গে থাকা তাঁর প্রথম বর্ষের কলেজ পড়ুয়া ছেলে প্রতিবাদ করলে, দলটি তাকে মারধর করে বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে জানিয়ে মহিলা ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ওই রাতেই পুলিশ অভিযুক্তদের দুজনকে ধরে। ধৃতদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকায় তাদের মুক্ত করতে বালুরঘাট থানায় তৃণমূল নেতাদের ফোনও আসে বলে অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে শনিবার বালুরঘাট থানায় যান জেলা শাসক তাপস চৌধুরী। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে বাকিদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন তিনি। সরকারী আইজীবী দেবাশিস মজুমদার জানান, ধৃত ওই দুই যুবকের নামে মহিলার ছেলেকে খুনের চেষ্টা, শ্লীলতাহানি এবং চুরির মত একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ দিন আদালতে পুলিশি হেফাজতের আর্জির বিরোধিতা করে ধৃতদের আইনজীবী সজল ঘোষ বলেছেন, “অভিযুক্তেরা ওই ঘটনার সঙ্গে জড়িত নন।” বালুরঘাটের ডিএসপি উত্তম ঘোষ বলেন, “বাকি ৩ অভিযুক্ত পলাতক। তাদের ধরতে তল্লাশি চলছে।”

প্রতিবেদনে অভিযোগ কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

উত্তরকন্যা নির্মাণ এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) নানা প্রকল্প ও সংস্থার কাজকর্ম নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করল জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস। রবিবার দলীয় কার্যালয় ‘রাজীব ভবনে’ প্রতিবেদন প্রকাশ করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নির্মল ঘোষদস্তিদার, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত। মোহনবাবু জানান, এসজেডিএ-তে দুশো কোটি টাকার দুর্নীতি হলেও তদন্ত হয়নি। যা হয়েছে তদন্তের নামে প্রহসন। সরকারি নিয়ম না মেনে উত্তরকন্যা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সরকারি নিয়মের তোয়াক্কা করছে না। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি জানান, তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতির কথা প্রতিবেদনে রয়েছে। এ ছাড়া বিগত বাম সরকারের অপদার্থতা এবং বিজেপির মিথ্যাচারের প্রসঙ্গ বলা হয়েছে। মিড ডে মিল, একশো দিনের কাজ, তথ্য জানার অধিকারের মতো যে সব প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করেছে সেগুলিও তুলে ধরা হয়েছে। প্রতিবেদন শহর এলাকার ভোটদাতাদের মধ্যে বিলি করা হবে। তৃণমূল নেতৃত্ব প্রতিবেদনকে গুরুত্ব দিতে নারাজ। দলের জেলা পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী বলেন, “কংগ্রেস-সিপিএম-বিজেপি যে ভাইভাই সেটা মানুষ বুঝে গিয়েছে। রাজ্যে উন্নয়নের গতি দেখে ওঁদের মাথা খারাপ। তাই এখন উল্টোপাল্টা বকছে।”

দার্জিলিঙে সভা করবেন মমতা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

দার্জিলিং লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী ভাইচুং ভুটিয়ার প্রচারে পাহাড়ে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ এপ্রিল পাহাড়ে তাঁর ওই সভা হওয়ার কথা। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব মুখ্যমন্ত্রীর ওই সফরের কথা জানিয়েছেন। সঙ্গে মিঠুন চক্রবর্তীরও থাকার কথা রয়েছে। দার্জিলিঙের চৌরাস্তায় সভাস্থল করার ব্যাপারে ভাবনাচিন্তা করছে তৃণমূল নেতৃত্ব। ভোট প্রচারে উত্তরবঙ্গে এক দফা সফরের পর দ্বিতীয় দফায় এ বার তাঁর সফর শুরু হওয়ার কথা ১১ এপ্রিল থেকেই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। ১১ এপ্রিল ডালখোলা, ইসলামপুরে সভা করবেন। সভা করার কথা রয়েছে চোপড়াতেও। দার্জিলিং ছাড়া শিলিগুড়িতেও ১৩ এপ্রিল বিকেলে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটাতেও মুখ্যমন্ত্রীর প্রচারসূচি রয়েছে। প্রচারে আসছেন মিঠুন চক্রবর্তী, দেবও।” থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ও। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আপাতত যা ঠিক রয়েছে, তাতে ১৪ এবং ১৫ এপ্রিল দেব কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং কেন্দ্রে দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন। তাঁর প্রচার সূচির মধ্যে রয়েছে মাথাভাঙা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মাটিগাড়াও। ভাইচুংয়ের প্রচারে শিলিগুড়ি শহরে রোড শো করার কথা দেব-এর। মিঠুন এবং মুকুলবাবুর প্রচার সভা করার কথা মেখলিগঞ্জ, কালচিনি, ময়নাগুড়ি এবং হলদিবাড়িতে।

প্রচারসভায় শিবির বদল

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভাইচুংয়ের জন্য সমতলে প্রচার করলেন তৃণমূল সমর্থকেরা। তৃণমূলের প্রার্থীর সমর্থনে প্রচার করে আদিবাসি বিকাশ পরিষদ। রবিবার, মাটিগাড়া এলাকার একাধিক জায়গায় প্রচারে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এদিন চম্পাসারি, নিশ্চিন্তপুর, পলাশ, কাওয়াখালি এলাকায় প্রচারে ছিলেন গৌতমবাবু ছাড়াও মদন ভট্টাচার্য, জ্যোতি তিরকে, বিমল রায় প্রমুখ। নিশ্চিন্তপুর এলাকায় ভাইচুংয়ের সমর্থনে কর্মিসভায় বিকাশ পরিষদের প্রায় কয়েকশো সমর্থক উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। বিকাশ পরিষদ নেতা রাজেশ টপ্পো, গীতা সরকাররা। এদিনও বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন প্রচুর সমর্থক। গৌতম রায়, স্বপ্না রায়, কিশোর রায় ও খগেন রায়রা দলে যোগ দেন বলে দাবি মদনবাবুর।

কাঞ্চনজঙ্ঘায় অভিযানে ছন্দা

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ অভিযানে রওনা হলেন ন্যাফের সদস্যা ছন্দা গায়েন। রবিবার সকালে শিলিগুড়িতে ন্যাফের সদস্যরা তাঁর অভিযানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। এ দিন শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়ে গেলেন ছন্দা। হাওড়া জেলার বাসিন্দা ওই তরুণী ইতিমধ্যেই এভারেস্ট-এ উঠেছেন। ছন্দা জানান, এ বার কাঞ্চনজঙ্ঘা অভিযানে তাঁর খরচ হচ্ছে প্রায় ৩৫ লক্ষ টাকার মতো। একটি ব্যাঙ্ক এবং কয়েকটি প্রতিষ্ঠান তাঁকে এ ব্যাপারে সাহায্য করেছে। এই অভিযানে মে মাসের শেষের দিকে তিনি কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে পৌঁছতে পারবেন বলে এ দিন আশা প্রকাশ করেন ছন্দা দেবী।

বাগান-কর্মীদের কর্মিসভায় মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

তরাইয়ের নানা চা বাগানের সদস্যদের নিয়ে কর্মিসভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার হিলকার্ট রোডে আইএনটিটিইউসি’র দফতরে ওই সভা হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৮৩টি বাগান থেকে দলের কর্মী সমর্থকেরা এই সভায় এসেছেন। ছিলেন জেলা তৃণমূলের কার্যকরি সভাপতি অলক চক্রবর্তী। ওই বাগানগুলিতে অন্তত ৮০ বাজার ভোটার রয়েছে। গৌতমবাবু বলেন, “চা বাগানগুলিতে একটা বড় সংখ্যার ভোটার রয়েছেন। আদিবাসী বিকাশ পরিষদ ভোটে আমাদের সমর্থনও করছে। তাদের নিয়ে বাগানগুলিতে আমরা প্রচার করছি।” বাগানগুলিতে কোথায় কবে প্রচার কর্মসূচি হবে তা এ দিন ঠিক করা হয়।

রায়গঞ্জে বিঘ্ন জল সরবরাহে

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

জলাধারে ফাটল দেখা দেওয়ায় জল সরবরাহ ব্যাহত হল রায়গঞ্জ জেলা হাসপাতালের তিনটি ওয়ার্ডে। শনিবার রাতে হাসপাতালের পুরানো ভবনের দোতলার একটি সিমেন্টের রির্জাভারের একাংশ ফেটে সমস্ত জল পড়ে যায়। ফলে হাসপাতালের শিশুবিভাগ সহ পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। স্বাস্থ্যকর্মীরা রাতেই হাসপাতালের অন্য ওয়ার্ড থেকে জল এনে পরিষেবা স্বাভাবিক রাখেন। রোগী ও চিকিৎসা পরিষেবার স্বার্থে রবিবার রায়গঞ্জ পুরসভার তরফে ছয়টি জলের ট্যাঙ্ক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সুপার সোমনাথ চট্টোপাধ্যায় জানান, জলাধারটি পুরানো হয়ে যাওয়ায় সেটি ফেটে জল সরবরাহ ব্যাহত হয়েছে। আজ, সোমবারের মধ্যে সেটি সংস্কার করা হবে।

বৃষ্টিতে স্বস্তি ভোট প্রচারে

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

শনিবারের বৃষ্টিতে রবিবারের সকাল হয়ে ওঠে স্বস্তিদায়ক। ঠান্ডার আবহ পেয়ে এ দিন সকালটা বালুরঘাটের কোনও প্রার্থী হাতছাড়া করতে চাননি। এ দিনটা রাজনৈতিক দলের প্রচারে জমজমাট হয়ে ওঠে। এ দিন সাত সকালে বিজেপি প্রার্থী বিশ্বপ্রিয় রায় চৌধুরী বালুরঘাটের চকভৃগু এলাকা থেকে পদযাত্রা শুরু করে পতিরাম অঞ্চলের নানা এলাকায় ঘুরে প্রচারে নামেন। আরএসপি প্রার্থী বিমল সরকার সকাল সাড়ে ৭টায় রওনা দেন কুশমন্ডির সভায়। সেখানে তিনি দিনভর এলাকাগুলিতে প্রচার চালান। সকালের দিকে গঙ্গারামপুর এলাকা বেছে নেন কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। হাত মাইক নিয়ে হাটগুলিতেও প্রচার করেন তিনি। তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ গঙ্গারামপুর, বংশীহারী, হরিরামপুরের গ্রামে প্রচার করেন।

ভোট কাজিয়া ফব-তৃণমূলে

নিজস্ব সংবাদদাতা • দিনহাটা

পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে দিনহাটার নিগমনগরে তৃণমূল দফতরের সামনে পতাকা ও লাগোয়া এলাকায় বেশ কিছু পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। অন্য দিকে ফরওয়ার্ড ব্লকের পাল্টা অভিযোগ, শনিবার রাতে দিনহাটা শুকারুরকুঠি এলাকায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর পোস্টার, ব্যানার, পতাকা খুলে দেওয়া হয়। তৃণমূল নেতা অসীম নন্দী এই দিন বলেন, “বামেদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে।” ফরওয়ার্ড ব্লক নেতা বিশু ধরও জানিয়েছেন, শুকারুরকুঠির ঘটনার জন্য তৃণমূল দায়ী। পুলিশে অভিযোগ করা হয়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার দেবর্ষি দত্ত এই প্রসঙ্গে বলেন, “দুটি অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।”

তৃণমূলের সভায় স্বাস্থ্যকর্তা, বিতর্ক

নিজস্ব সংবাদদাতা মালদহ

তৃণমূলের চিকিৎসক সংগঠনের সভার মঞ্চে মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় সহ জেলা স্বাস্থ্য দফতরের একাধিক কর্তার হাজির থাকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। রবিবার মালদহ শহরের টাউন হলে জেলার দুই তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন ও সৌমিত্র রায়ের সমর্থনে প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যসোসিসেশনের সভা হয়। সেখানে মেডিক্যাল কলেজ হাসপাতালের একাধিক কর্তা হাজির থাকায় নিবার্চন কমিশনের কাছে নালিশ জানাচ্ছে সিপিএম ও কংগ্রেস। জেলাশাসক শরদ দ্বিবেদি অভিযোগ জমা পড়লে তা দেখেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তবে শৈবালবাবু বলেন, “ওঁরা আমাকে ডেকেছিল। তাই গিয়েছিলাম। এর বেশি কিছু বলব না।” তৃণমূলের জেলা সভানেত্রী সাবিত্রী মিত্র বলেন, “দলের চিকিৎসক সংগঠনের সভা ছিল তাই অনেক চিকিৎসকই ছিলেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা গিয়েছিলেন কি না বলতে পারব না।”

জখম ৭ জন

তৃণমূলের প্রচার অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বামেদের বিরুদ্ধে। শনিবার আলিপুরদুয়ারের পল্লিমঙ্গল এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে বামেরা। পাল্টা সভায় যাওয়ায় তাঁদের কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তুলেছে সিপিএম। দুই পক্ষের সংঘর্ষে সাত জন আহত হন। তাদের তিন জন হাসপাতালে ভর্তি। আইসি দেবাশিস চক্রবর্তী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূল জানায়, এলাকায় একটি বাড়ির সমানে প্রচার অফিসে রাতে হামলা চালানো হয়। কর্মীরাও আহত হন। সিপিএমের আলিপুদুয়ার শহর জোনাল সম্পাদক মৃদুল সেনগুপ্ত জানান, বামেদের মিছিল অংশ নেওয়া ও সভায় যাওয়ায় শাসক দলের সমর্থকরা হামালা চালিয়েছে।

চিহ্ন চেনাতে

জলপাইগুড়ি এলাকায় চা শ্রমিকেরা তৃণমূলের ঘাসফুলের সঙ্গে পরিচিত নয়। তাই সভা করে বাগানে শ্রমিকদের প্রতীক চেনাতে হচ্ছে। রবিবার ডুয়ার্সে মালবাজারে সভা করে প্রতীক চেনাতে বাড়তি গুরুত্ব দেন দলীয় পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী। তাঁর কথায়, বাগান শ্রমিক প্রতীক যাতে ভাল করে মনে রাখেন সে জন্য তাঁদের বাড়িতে একটি করে ঘাসফুল পোস্টার সাঁটা হচ্ছে।

দিনভর সভা

ভোট প্রচারে রবিবার ইসলামপুর শহরের পুর এলাকাতে কর্মিসভা করল ডান বাম শিবির। সিপিএম শহরের শান্তি নগর, আলি নগর-সহ পুরসভা এলাকার ৬টি ওয়ার্ডে কর্মিসভা করে। গণতান্ত্রিক মহিলা সমিতি ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকাতে একটি কর্মিসভা করে। পুর এলাকার ছৌচিয়া ও শান্তিনরে দুটি কর্মিসভা করে কংগ্রেস।

জনসভায় দেব

মালবাজারে ১৪ এপ্রিল তৃণমূলের জনসভায় আসছেন অভিনেতা দেব। রবিবার মালবাজারে সভা করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী। তিনি জানান, ১৪ এপ্রিল দেব মালবাজারে আসবেন। ৮ এবং ৯ এপ্রিল শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও পার্থ চট্টোপাধ্যায় প্রচারে আসছেন।

আপের প্রচার

বাড়ি বাড়ি প্রচার করল রায়গঞ্জ লোকসভার আম আদমি পার্টির প্রার্থী পাসারুল আলম। রবিবার ইসলামপুরে গুঞ্জুরিয়া গাইসাল, ধনতলা চাকুলিয়া থানার কানকি সহ বেশ কিছু এলাকাতে তিনি প্রচারে যান। প্রার্থীর কথায়, এলাকায় ভাল সাড়া মিলেছে।

প্রচারে অধীর

নির্বাচনী প্রচারে জলপাইগুড়িতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মার সমর্থনে ১১ এপ্রিল রাজগঞ্জ, হলদিবাড়ি ও ১২ এপ্রিল ময়নাগুড়িতে জনসভা করবেন প্রদেশ সভাপতি।

অন্য নেতারা

সেখানে ৫১ জন দলে যোগ দিয়েছেন বলে দীপকবাবু দাবি করেছেন। এদিন মাটিগাড়ায় অন্য এক অনুষ্ঠানে ১৫০ জন গাড়ি চালক তাঁদের দলে যোগ দেন বলে দাবি আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি অরূপরতন ঘোষের। শালুগাড়ায় আরও ১০০ গাড়িচালক সংগঠনে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন সংগ্রাম সিংহ মিত্র, মদন ভট্টাচার্য, প্রসূন দাশগুপ্ত প্রমুখ।

হোটেলে হানা

শালুগাড়ার এক হোটেলে হানা দিয়ে ৭ জনকে ধরল পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শালুগাড়ার একটি হোটেলে। ওই হোটেল মালিককেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিন জন মহিলা ও ৪ জন পুরুষ। তাঁদের বিরুদ্ধে নারী পাচার ও দেহ ব্যবসা চালানোর অভিযোগ হয়েছে।

জামিন নাকচ

মাকে কটূক্তির প্রতিবাদ করায় ছেলেকে মারধরে ধৃত দুই যুবকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। রবিবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে আবেদন করে পুলিশ। বিচারক সঞ্জয় চৌধুরী ধৃত ওই দু’জনের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আগুনে ছাই

আগুন লেগে ছাই হল ১৫টি বাড়ি। ছাই হয়েছে কয়েক মণ ধান। রবিবার বিকেলে ধুবুরি জেলার ফকিরগঞ্জ এলাকার হাজিপারা গ্রামের ঘটনা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy