প্রশাসনের সর্বদল বৈঠক রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
তৃণমূল-সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, পাল্টা অভিযোগ নিয়ে উত্তপ্ত রায়গঞ্জে সর্বদল বৈঠক ডাকল জেলা প্রসাসন। নতুন করে যাতে রাজনৈতিক সংঘর্ষ না হয় তার জন্যই সর্বদলীয় শান্তি বৈঠক বলে পুলিশ এবং প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আজ, সোমবার দুপুর তিনটে নাগাদ রায়গঞ্জ থানার পুলিশ ও রায়গঞ্জ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বিডিও অফিস চত্বরে ওই বৈঠক হওয়ার কথা। জেলার পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূল ও সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়াও গত শনিবার রাতে পুলিশের কাছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর ও সিপিএমের নেতা কর্মীদের হুমকি এবং মারধরের অভিযোগ ও পাল্টা অভিযোগও জমা পড়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে শহরে যাতে নতুন করে রাজনৈতিক সংঘর্ষ শুরু না হয়, তারজন্যই সর্বদলীয় শান্তি বৈঠক ডাকা হয়েছে। পুলিশ ও প্রশাসনিক সূত্রের খবর, ওই বৈঠকে শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের তরফে রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চেয়ে আর্জি জানানো হবে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার লোকসভা ভোট চলাকালীন রায়গঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও সিপিএমের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায়, সিপিএমের রায়গঞ্জ লোকাল কমিটির সদস্য তীর্থ দাস সহ দুপক্ষের ৬ জন জখম হন বলে জানা গিয়েছে। নির্বাচনের দিন রায়গঞ্জের ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কর্মীরা সিপিএমের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট না দিতে যাওয়ার জন্য হুমকি দেন বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, শনিবার রাতেও তৃণমূলের কর্মী সমর্থকরা দলের সমর্থকদের মারধর করে। তৃণমূলের পাল্টা অভিযোগ, ওইদিন রাতে সিপিএমের কর্মী সমর্থকরা তৃণমূলের ১০ নম্বর ওয়ার্ড কমিটির কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে দলীয় নথি তছনছ করে।
বাঁশের আঘাতে খুন স্ত্রীকে, ধৃত
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
পারিবারিক বিবাদের স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার সাকারপুর এলাকায়। পুলিশ জানায়, নিহতের নাম শান্তি টুডু (৩৮)। এ দিন বিকালে পুলিশ মৃতার স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম তালা টু়ডু। তিনি পেশায় দিনমজুর। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “স্ত্রীকে খুন করার অভিযোগে ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। আজ, সোমবার তাকে রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হবে। মৃতদেহটি রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, প্রায় ১০ বছর আগে প্রতিবেশি শান্তি টুডুর সঙ্গে তালা টুডুর বিয়ে হয়। দম্পতির তিন ছেলে এক মেয়ে। ছেলেমেয়েদের বাড়িতে রেখে শনিবার রাতে তালা শান্তিকে নিয়ে পাশের গ্রামে মেলা দেখতে গিয়েছিলেন। মেলায় স্ত্রীর আপত্তি সত্ত্বেও তালা মদ্যপান করেন বলে অভিযোগ। রাতে বাড়ি ফেরার পর এ নিয়ে স্ত্রী শান্তির সঙ্গে গোলমাল হয়। ভোর চারটে নাগাদ গোলমাল চরমে উঠলে তালা বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রী শান্তিকে খুন করেন বলে অভিযোগ। তাঁদের বড়ছেলের চিৎকারে পড়শিরা ছুটে আসলে তালা পালিয়ে যায়। দুপুরে নিহতের মা কাপোই বাস্কে তালার নামে কালিয়াগঞ্জ থানায় মেয়েকে খুনের অভিযোগ করেন। পরে সাকারপুর থেকে তালাকে ধরা হয়। কাপোইদেবীর নালিশ, “বিয়ের পর থেকে তালা মাঝেমধ্যেই মদ্যপান করে বাড়িতে ফিরে স্ত্রী শান্তিকে মারধর করত। গোলমালও হত। কিন্তু মেয়েকে খুন করে দেবে তা ভাবতে পারছি না।” তালা পুলিশের কাছে দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রীকে খুন করেননি। তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মারা গিয়েছেন। পুলিশ মৃতদেহের পাশ থেকে বাঁশের টুকরো উদ্ধার করে।
বোরো, পাট চাষি সঙ্কটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
দাবদাহ, অনাবৃষ্টিতে দক্ষিণ দিনাজপুরে ফলে পাট ও বোরো ধান চাষে সঙ্কটে পড়েছেন জেলার কৃষকেরা। জমিতেই শুকিয়ে গিয়েছে শাক সব্জি, লঙ্কা। ক্ষেতের তরমুজ পচতে শুরু করায় বিপাকে চাষিরা। বালুরঘাটে গত এক সপ্তাহে তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। জলস্তর নেমে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। আত্রেয়ী নদীর চরে ৫০০ বিঘা জমিতে এ বছর তরমুজ চাষ হয়েছে। এখন তরমুজে রোগ পোকার হানায় ফসল পচে যাচ্ছে বলে চাষিরা চিন্তিত। দক্ষিণ দিনাজপুরে এ বছর প্রায় ২০ হাজার হেক্টার জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও সেচের অভাবে সমস্যার মুখে পড়ে কৃষকদের হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। কৃষি দফতর জানিয়েছে, ৩৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। সবজি হয়েছে ৬০০০ হেক্টর জমিতে। জলের অভাবে বোরোর চারা বাড়বৃদ্ধি কমে গিয়েছে। ফসল বাঁচাতে বসছে পাম্প। তোলা হচ্ছে ভূগর্ভস্থ জল। ফলে জলস্তর নেমে গিয়ে তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, হরিরামপুর, বংশীহারী ও বালুরঘাট ব্লকে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।
ফিরল দিল্লিতে উদ্ধার কিশোরী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
নারী পাচারকারদের কবল থেকে বালুরঘাট থানার বাউল এলাকার এক কিশোরীকে উদ্ধার করল দিল্লি পুলিশ। গত ৬ জানুয়ারি দিল্লির চাঁদনিচক স্টেশন থেকে কিশোরীকে পুলিশ উদ্ধর করতে পারলেও পাচারকারী মহিলাকে গ্রেফতার করতে পারেনি। শনিবার রাতে প্রাজক, চাইল্ড লাইনের সদস্য এবং দিল্লি পুলিশের সহায়তায় কিশোরীকে বালুরঘাটে আনা হয়েছে। চাইল্ড লাইনের প্রতিনিধি সূরজ দাস জানান, আজ, সোমবার কিশোরীকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ জানায়, ৪ জানুয়ারি কাজের টোপ দিয়ে কিশোরীকে বাউল থেকে ফুঁসলে দিল্লিতে নিয়ে যায় শিলিগুড়ির বাসিন্দা অভিযুক্ত মহিলা। ৬ জানুয়ারি দিল্লির চাঁদনিচক রেল স্টেশনে পৌঁছতে পুলিশের সন্দেহ হওয়ায় তারা কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময়ে পাচারকারী মহিলা পালিয়ে যায় বলে অভিযোগ। এর পাশাপাশি রবিবার কুশমন্ডি পানিশালা এলাকার বাসিন্দা আনন্দ মার্ডি ও নীলমনি মার্ডি নামে দুই বালককে বালুরঘাটের কামারপাড়া থেকে পুলিশ উদ্ধার করে। বালুরঘাটেরই খানপুর এলাকার একটি বেসরকারি হোম থেকে ওই দুজন পালিয়ে গিয়েছিল।
শামুকতলায় গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
রাস্তার কাজে বালি পাথর সরবরাহের বরাত নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজন তৃণমূল, অন্য জন বিজেপি সমর্থক বলে পুলিশের দাবি। শামুকতলার স্কুলডাঙ্গা এলাকায় গত শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১২ জন জখম হন। এর মধ্যে তৃণমূলের দুই ও বিজেপির তিনজন কর্মীর জখম গুরুতর হওয়ায় তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বিজেপির দুই কর্মীকে রাতে কোচবিহার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। সংঘর্ষের ঘটনার তদন্ত নেমে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে চেপানি থেকে শামুকতলা পর্যন্ত ৬ কিমি রাস্তা পাকা করার কাজ শুরু হয়। ওই কাজে বালি পাথর সরবরাহ করাকে কেন্দ্র করে এই গোলমালের সূত্রপাত।
জলায় কাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
জলাশয়ে লুকিয়ে রাখা প্রচুর বেআইনি কাঠ উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে কোচবিহার কোতোয়ালি থানার পানিশালা এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এলাকায় ঝোপঝাড় ও জলাশয়ে সেগুন কাঠ লুকিয়ে রাখা হয়েছে খবর পেয়ে এ দিন অভিযান চালান হয়। একটি জলাশয়ের তলায় লুকিয়ে রাখা কিছু সেগুন কাঠের গুঁড়ি উদ্ধার হয়। পরে লাগোয়া এলাকার ঝোপঝাড় থেকে আরও কিছু কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়। যার বাজার দর লক্ষাধিক টাকা বলে জানানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এলাকার দুই বাসিন্দাকে ধরা হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “বন দফতরের হাতে সব কিছু তুলে দেওয়া হবে।” কোচবিহারের ডিএফও কৌশিক সরকার এদিন সন্ধ্যায় জানান, “বিষয়টি এখনও সরকারি ভাবে জানি না। জেনে আইনানুগ ব্যবস্থা নেব।”
৪২ বস্তা আবর্জনা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
সাত হাজার ফুট উঁচুতে প্লাস্টিকজাত আবর্জনা কুড়িয়ে ৪২টি বস্তায় জড়ো করে নিয়ে এলেন ন্যাফের সদস্যরা। সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সাফাই অভিযানে গিয়েছিলেন তাঁরা। শনিবার তাঁরা শিলিগুড়ি ফিরে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন জাতীয় উদ্যান থেকে সংগ্রহ করা প্লাস্টিকজাত আবর্জনা। যা ভরতে প্রয়োজন হয়েছে ৪২টি বস্তা। বনকর্মী থেকে এসএসবি জওয়ান সকলকে অভিযানে সামিল করা হয়। জাতীয় উদ্যানে ঘুরতে আসা বিদেশি পর্যটক, ট্রেকিং দলের সদস্যরা ন্যাফের দলকে সাহায্য করে । ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, “সিঙ্গালিলার মতো পাহাড়ের কোলে স্পর্শকাতর বনাঞ্চল থেকে এত প্লাস্টিক আবর্জনা পাওয়া যাবে তা ভাবাই যায়নি। যে জঙ্গলে রেডপান্ডা সহ বেশ কিছু বিরল প্রজাতির প্রাণী রয়েছে, সেখানে এই ঘটনা খুবই উদ্বেগজনক।”
থানা ঘিরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
মারধর এবং শ্লীলতাহানিতে অভিযুক্ত পরেশ সন্ন্যাসীর সঙ্গীদের গ্রেফতারের দাবিতে মাটিগাড়া থানা ঘেরাও করল আঠারোখাইয়ের বাসিন্দাদের একাংশ। রবিবার ওই দাবিতে স্মারকলিপিও থানার ওসিকে জমা দিয়েছেন তাঁরা। অভিযুক্ত পরেশবাবু এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। তাঁর নামে এক মহিলাকে মারধর করা, শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, পরেশবাবুর সঙ্গীরা ঘটনায় জড়িত। অভিযোগকারী ওই মহিলাও তৃণমূল কর্মী। কলে জল নেওয়া নিয়ে বুধবার দু’পক্ষের মধ্যে বচসা বাধে।
গ্রেফতার ৫ দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
সোনা চুরিচক্রে যুক্ত থাকার অভিযোগে শনিবার রাতে পাঁচ জনকে গ্রেফতার করল শিলিগুড়ির এনজেপি ফাঁড়ির পুলিশ। নাম নীলরতন সরকার, হারাধন দাস, কৃষ্ণ দাস,অসিত সরকার ও অজিত মোরে। পুলিশ জানতে পেরেছে, নীলরতন ও অজিত চোরাই সোনা কিনে নিত। বাকিরা সকলেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় চুরি, লুঠ আর প্রতারণার নানা মামলায় অভিযুক্ত। ধৃতদের থেকে ২০ হাজার টাকা, সোনার হার, বালা, আংটি-সহ বেশ কিছু গয়না উদ্ধার করা হয়েছে। সেগুলির আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
পুনর্নির্বাচন নির্বিঘ্নেই
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
মালদহের বৈষ্ণবনগর বিধানসভার ১২ নম্বর মোল্লাটোলা প্রাথমিক স্কুল বুথে পুনর্নির্বাচন নির্বিঘ্নেই শেষ হয়েছে। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের অধীন ওই বুথে রবিবার ফের ভোট হয়। জেলায় একমাত্র ওই বুথেই এদিন পুর্ননির্বাচন হয়। ৮১.২২ শতাংশ ভোট পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মালদহের জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শরদ কুমার দ্বিবেদী জানান, শান্তিপূর্ণভাবেই ওই বুথে নির্বাচন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচনের দিন ওই বুথে ইভিএমে ত্রুটি রয়েছে বলে তৃণমূল, সিপিএমের তরফে অভিযোগ জানানো হয়েছিল। তারপরেই যান্ত্রিক ত্রুটির কারণে ওই বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব কমিশনে পাঠানো হয়। ইভিএমে যে কোনও বোতাম টিপলেই এক নম্বরে থাকা কংগ্রেস প্রার্থীর নামের পাশে আলো জ্বলে উঠছিল বলে অভিযোগ।
তরুণীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক বছর কুড়ির তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মালদহের কালিয়াচক থানার গোপালনগর এলাকার মাঠে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, তরুণীর দেহটি দেখে বাসিন্দারা পুলিশে খবর দেয়। তরুণীর মুখ ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে। শরীরে জামাকাপড় না থাকায় ধর্ষণ করার পর ওই তরুণীকে খুন করে মাঠে ফেলে দেওয়া হয়েছে বলে আশঙ্কা পুলিশের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মালদহের পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, “ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”
তরুণী-দেহ মেলেনি
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
মালদহের মানিকচকের শঙ্করটোলা এলাকায় ফুলহারে নিখোঁজ তরুণী কবিতা মণ্ডলের খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে ওই এলাকায় বেড়াতে এসে শনিবার দুপুরে ফুলহার নদীতে স্নান করতে নেমে দিদির সঙ্গেই তলিয়ে যায় বোন কবিতা। ওই দিন বিকালে দিদির দেহ উদ্ধার হলেও কবিতার হদিশ মেলেনি। তারপর এ দিনও ফুলহারে নিখোঁজ কবিতাকে খুঁজতে তল্লাশি চালানো হয়। কিন্তু তার দেহের কোনও হদিস মেলেনি।
দগ্ধের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
রান্না করার সময় পোশাকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে মালদহের চাঁচল থানার শাওরগাছি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, চাঁচল হাসপাতাল থেকে রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই কিশোরীর মৃত্যু হয়। মৃতার নাম নার্গিস খাতুন (১৫)। রাতে রান্না করার সময় তার শালোয়ার কামিজে আগুন ধরে যায়। গুরুতর অগ্নিদগ্ধ কিশোরীকে প্রথমে চাঁচল হাসপাতালে ভর্তি করানো হয়।
দুর্ঘটনায় মৃত
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হল ওদলাবাড়িতে। রবিবার বিকালে স্টেশন লাগোয়া আন্দাঝোরা নদীর কাছে দূর্ঘটনাটি ঘটে। মৃতের নাম রাজেন্দ্র মাহাতো (৪৪)। তাঁর বাড়ি বিহারের বেগুসরাই। ঠিকা শ্রমিকের কাজে তিনি ওদলাবাড়ি এসেছিলেন। রোল পুলিশ জানায়, এ দিন রেল লাইন পেরনোর সময় মালবাজারগামী মালগাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
উৎসব
মহকুমা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শুরু হল মহকুমা সাংস্কৃতিক উৎসব। মালবাজার সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ে দু’দিনের এই উৎসব শুরু হয়েছে। গান, নাচ আবৃত্তির এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন বলে জানানো হয়েছে।