মধু চা বাগান খুলে বোনাস দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
বাগানো খোলানোর ব্যবস্থা করিয়ে পুজোর আগেই বোনাস দেওয়ার আর্জি জানালেন ডুয়ার্সের মধু চা বাগানের শ্রমিকরা। শুক্রবার কালচিনি বিডিও অফিসে মহকুমাশাসকের কাছে ওই দাবি জানান চা শ্রমিক সংগঠনের নেতারা। গত বুধবার থেকে মধু চা বাগান বন্ধ। বাগান সূত্রে জানা গিয়েছে, পুজোয় ১২ শতাংশ বোনাস দেওয়ার কথা ছিল বাগান কর্তৃপক্ষের। গত শনিবার কর্তৃপক্ষ জানান, পুজোর আগে ও ডিসেম্বরে দু’দফায় বোনাস দেওয়া হবে। পুজোর আগে একবারে পুরো বোনাসের দাবি তোলেন শ্রমিকরা। মঙ্গলবার কাজ বন্ধ রেখে মধু চা বাগানের শ্রমিকরা প্রায় দশ কিলোমিটার দূরে কালচিনিতে মালিকের বাড়ি গিয়ে প্রায় ছ’ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান। ওই দিন সন্ধ্যায় হাসিমারা ফাঁড়িতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেন চা বাগান কর্তৃপক্ষ। তার পর থেকে তিন ধরে বাগান বন্ধ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার সহকারী শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠক থাকলেও তাতে যোগ দেননি কর্তৃপক্ষের কোনও প্রতিনিধি। আলিপুরদুয়ারের মহকুমাশাসক সমীরণ মণ্ডল বলেন, “মধু চা বাগানের শ্রমিকদের স্মারকলিপি পেয়েছি বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানাব।” আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “মধু চা বাগান খোলার বিষয়টি পরে দিন স্থির করে ফের বৈঠক ডাকা হবে।” তৃণমূল চা শ্রমিক সংগঠণের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনিরুদ্ধ গোস্বামী বলেন, “পুজোর আগে বন্ধ মধু চা বাগানে বোনাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। গত বছর বন্ধ দলসিংপাড়া চা বাগানেও প্রশাসন মালিকপক্ষের সঙ্গে কথা বলে বোনাসের ব্যবস্থা করেছিল।” ডুয়ার্স চা বাগান ওয়র্কার্স ইউনিয়নের নেতা জন ফিলিপ খালকো বলেন, “পুজোর আগে যাতে শ্রমিকরা বোনাস পান, তা নিয়ে প্রশাসন উদ্যোগী হোক।” এদিন মধু চা বাগানের ম্যানেজারকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।
এটিএম পিন জেনে প্রতারণা
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
ব্যাঙ্ক কর্তার ভুয়ো পরিচয় দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহকের এটিএম কার্ডের নম্বর ও পিন নম্বর জেনে দুষ্কৃতীরা ৪৪ হাজার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরে শুক্রবার দুপুরে ওই ঘটনার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গ্রাহক। হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায় বলেন, “ব্যাঙ্কের পাশাপাশি পুলিশের তরফেও নানাভাবে গ্রাহকদের সচেতন করা হয়। তারপরেও গ্রাহকদের অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। ওই গ্রাহকের অভিযোগ সাইবার ক্রাইম দফতরে পাঠিয়ে দেওয়া হবে।” পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা যায়, সোমেশ দাশ নামে ওই গ্রাহকের কাছে এদিন ওই ভুয়ো ব্যাঙ্ক কর্তার ফোন আসে। তিনি জানান, দিল্লি থেকে ফোন করছেন। সেই সঙ্গে জানান, সোমেশবাবুর এটিএম বন্ধ হয়ে গিয়েছে। তা চালু করতে প্রথমে তাঁর কাছ থেকে এটিএম নম্বর জেনে নেওয়া হয় বলে অভিযোগ। তারপর নতুন পিন নম্বরও দেওয়া হয়। কথার ফাঁকেই ওই ভুয়ো ব্যাঙ্ক কর্তা সোমেশবাবুর কাছ থেকে তাঁর পিন নম্বরটি জেনে নেন। কিছুক্ষণ বাদেই মোবাইলে টাকা তুলে নেওয়া হয়েছে বলে মেসেজ আসতে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। তারপর তিনি পুলিশের দ্বারস্থ হন। সোমেশবাবুর টাকা মুম্বই থেকে তোলা হয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে। পেশায় ঠিকাদার সোমেশবাবু বলেন, “ফোনে ওই ব্যক্তি নিজেকে ব্যাঙ্ক কর্তা বলে পরিচয় দেওয়ায় সন্দেহ হয়নি। পরে বুঝতে পারি প্রতারিত হয়েছি।” রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির যে শাখায় সোমেশবাবুর ওই অ্যাকাউন্ট ছিল, তার এক আধিকারিক বলেন, “টেলিভিশন, সংবাদপত্রের পাশাপাশি আমাদের তরফেও নানাভাবে প্রচার চালানো হচ্ছে। ফোন করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কখনও গ্রাহকের কোনও তথ্য জানতে চান না। তারপরেও গ্রাহকরা ফাঁদে পা দিচ্ছেন।”
শহর সাজাতে কর্পোরেট সংস্থাকে আর্জি এসজেডিএ-র
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
শহর সাজাতে ‘কর্পোরেট’ সংস্থাগুলিকে বেশ কয়েকটি প্রকল্পে অংশগ্রহণের আর্জি জানাল এসজেডিএ। আইন অনুযায়ী প্রতিটি কর্পোরেট সংস্থাকেই সামাজিক উন্নয়নের কাজে অর্থ বরাদ্দ করতে হয়। সেই বরাদ্দকেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নের কাজে খরচ করার জন্য সংস্থাগুলির কাছে আর্জি জানিয়েছে এসজেডিএ। শুক্রবার বিভিন্ন সরকারি বেসরকারি কর্পোরেট সংস্থা যারা শিলিগুড়িতে কর্মকাণ্ড চালাচ্ছে তাদের একাংশকে নিয়ে বৈঠক করেছেন এসজেডিএ-এর চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পুজোর পরে ফের আরেক প্রস্ত বৈঠক হবে বলে গৌতমবাবু জানিয়েছেন। এ দিনের বৈঠকে সরকারি বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা, ব্যাঙ্ক, হাসপাতাল, পেট্রোলিয়াম সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান তথা মন্ত্রী গৌতমবাবু বলেন, “শিলিগুড়ি শহর সাজানোর জন্য বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। সরকারি বেসরকারি কর্পোরেট সংস্থাগুলির সাহায্য পেলে সেই প্রকল্পগুলি রূপায়ণে সাহায্য হবে। সে কারণেই তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে।” গৌতমবাবু জানিয়েছেন, শহরের বেশ কয়েকটি এলাকায় ‘পার্ক’, ‘মুক্তমঞ্চ’ তৈরির পরিকল্পনা রয়েছে। সেই প্রকল্পগুলিতে বিভিন্ন কর্পোরেট সংস্থার বরাদ্দের জন্য আহ্বান জানানো হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এসজেডিএ সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থা বরাদ্দের কথা জানালেও, সে বিষয়ে এখনও পদক্ষেপ করেনি। কবে সেই পদক্ষেপ হবে এ দিনের বৈঠকে তাও জানতে চাওয়া হয়।
এটিএমের পিন জেনে প্রতারণা
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
ব্যাঙ্ক কর্তার ভুয়ো পরিচয় দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহকের এটিএম কার্ডের নম্বর ও পিন নম্বর জেনে দুষ্কৃতীরা ৪৪ হাজার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরে শুক্রবার দুপুরে ওই ঘটনার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গ্রাহক। হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায় বলেন, “ব্যাঙ্কের পাশাপাশি পুলিশের তরফেও নানাভাবে গ্রাহকদের সচেতন করা হয়। তারপরেও গ্রাহকদের অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। ওই গ্রাহকের অভিযোগ সাইবার ক্রাইম দফতরে পাঠিয়ে দেওয়া হবে।” পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা যায়, সোমেশ দাশ নামে ওই গ্রাহকের কাছে এদিন ওই ভুয়ো ব্যাঙ্ক কর্তার ফোন আসে। তিনি জানান, দিল্লি থেকে ফোন করছেন। সেই সঙ্গে জানান, সোমেশবাবুর এটিএম বন্ধ হয়ে গিয়েছে। তা চালু করতে প্রথমে তাঁর কাছ থেকে এটিএম নম্বর জেনে নেওয়া হয় বলে অভিযোগ। তারপর নতুন পিন নম্বরও দেওয়া হয়। কথার ফাঁকেই ওই ভুয়ো ব্যাঙ্ক কর্তা সোমেশবাবুর কাছ থেকে তাঁর পিন নম্বরটি জেনে নেন। কিছুক্ষণ বাদেই মোবাইলে টাকা তুলে নেওয়া হয়েছে বলে মেসেজ আসতে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। তারপর তিনি পুলিশের দ্বারস্থ হন। সোমেশবাবুর টাকা মুম্বই থেকে তোলা হয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির যে শাখায় সোমেশবাবুর ওই অ্যাকাউন্ট ছিল, তার এক আধিকারিক বলেন, “প্রচার চালানো হচ্ছে ফোন করে ব্যাঙ্ক কখনও গ্রাহকের তথ্য জানতে চায় না। তারপরেও গ্রাহকরা ফাঁদে পা দিচ্ছেন।”
টাকা ফেরতের দাবিতে মিছিল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
সারদা সহ অন্যান্য অর্থ লগ্নি সংস্থার আমানতকারী সকলের টাকা ফেরতের দাবিতে মিছিল করল বাম গণ সংগঠনগুলি। শুক্রবার দুপুরে শিলিগুড়ি হিলকার্ট রোডে সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল শুরু হয়ে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে গিয়ে শেষ হয়। মহকুমা শাসকের দফতরের সামনে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। এরপরে মহকুমা শাসক দীপাপ প্রিয়ার কাছে গণ স্বাক্ষর করা একটি স্মারকলিপি দেন। মূলত সারদা সহ অন্যান্য অর্থ লগ্নি সংস্থায় রাখা টাকা উদ্ধার করে ফেরতের দাবি এবং ওই সব সংস্থাগুলির কর্তা এবং জড়িত নেতা-নেত্রীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এদিন মিছিলে সিটু, সারা ভারত কৃষক সভা, মজদুর সমিতি, টিউসিসি, ডিওয়াইএফআই, ১২ জুলাই কমিটি সহ অন্য সংগঠনগুলি ছিল। এদিন সিটুর জেলা সম্পাদক সমন পাঠক বলেন, “দাবিগুলিতে আমাদের আন্দোলন লাগাতার চলবে। পুজোর পরে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।”
অনাস্থা, অপসারিত সহ সভাধিপতিও
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
সভাধিপতির পরে অনাস্থা ভোটে হেরে অপসারিত হলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রফুল্ল কুমার দেব সিংহও। শুক্রবার তলবি সভায় ২৬ আসনের জেলা পরিষদের ভোটাভুটিতে ১৯ টি ভোট পড়ে অনাস্থার পক্ষে। ফলে, সহকারী সভাধিপতিকে সরতে হয়েছে। গত ১২ সেপ্টেম্বর জেলা পরিষদের কংগ্রেস, তৃণমূল ও বামফ্রন্টের ১৭ জন সদস্য লিখিতভাবে অনাস্থা পেশ করেন। বৃহস্পতিবার ১৯-৫ ভোটে সিপিএমের সভাধিপতি লাডলিদেবী অপসারিত হয়েছেন।
তথ্য জানতে কিয়স্ক
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
সাংসদ কোটার টাকার উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য জানতে জনসাধারণের জন্য চালু হল কিয়স্ক। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট প্রশাসনিক ভবনের একতলায় সেটির উদ্বোধন করে জেলাশাসক তাপস চৌধুরী।