একই সঙ্গে দুই শহরে শুরু হতে চলেছে দু’টি বড় ধরনের আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতা। অংশ নিচ্ছে স্থানীয় ক্লাব ছাড়াও কলকাতা এবং বাংলাদেশের দল। জলপাইগুড়ি টাইন ক্লাব মাঠে শুরু হচ্ছে রায়কতপাড়া ইয়ং অ্যাসোশিয়েশনের পরিচালনায় আমন্ত্রনী ফুটবল প্রতিযোগিতা এবং হলদিবাড়ি টাউন ক্লাবের পরিচালনায় হলদিবাড়ির টাউন ক্লাব মাঠে শুরু হচ্ছে ফুটবল প্রতিযোগিতা। দু’টি প্রতিযোগিতাই রবিবার শুরু হচ্ছে।
জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে রায়কতপাড়া ইয়ং অ্যাসোশিয়েশনের পরিচালনায় যে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে তাতে আটটি দল অংশ নিচ্ছে। তারা হল জলপাইগুড়ির বন্ধু সমিতি পাঠাগার ও ক্লাব, জলপাইগুড়ির স্পোর্টস জোন ইউনাইটেড, জলপাইগুড়ির যুব মঞ্চ, কলকাতার ইউনাইটেড স্পোর্টস ফুটবল টিম, অনুর্দ্ধ ১৯ কলকাতার মেহমেডান স্পোটিং ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবের রাজগঞ্জ ওয়েলফেয়ার একাডেমি, কালিম্পংএর শেয়ার ক্লাব এবং রাজ্য আর্মড পুলিশ। রবিবার প্রথম খেলায় প্রতিদ্বন্ধ্বীতা করবে শেয়ার ক্লাব কালিম্পং এবং রাজগঞ্জের ইস্টবেঙ্গল ওয়েলফেয়ার একাডেমি। টূর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাধবেন্দ্র ভট্টাচার্য্য বলেন, “আমাদের এই ফুটবল প্রতিযোগিতা ষষ্ঠ বর্ষে পদার্পন করলো। এমাসের ২০ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।” জলপাইগুড়িতে প্রতিদিন খেলা সুরু হবে ৩টে বেজে ৪৫ মিনিটে।
হলদিবাড়ি টাউন ক্লাবের পরিচালনায় হলদিবাড়ি টাউন ক্লাব মাঠে যে আটি দল অংশ নিচ্ছে তারা হল শিলিগুড়ির কাঞ্চনজংঘা ফুটবল ক্লাব, শিলিগুড়ির মাটিগাড়া স্পোর্টিং ক্লাব, সিকিমের রয়াল ফুটবল ক্লাব, বাংলাদেশের চট্টগ্রাম বয়েজ ক্লাব, কলকাতার ইউনাইটেড স্পোর্টস, কলকাতার আনুর্দ্ধ ১৯ মেহমেডান স্পোর্টিং ক্লাব, কার্শিয়াংএর ইউকেএফসি এবং হলদিবাড়ি টাউন ক্লাব। রবিবার প্রথম খেলায় অংশ নিচ্ছে শিলিগুড়ির কাঞ্চনজংঘা ফুটবল ক্লাব এবং সিকিমের রয়াল ফুটবল ক্লাব।
হলদিবাড়ি টাউন ক্লাবের টূর্নামেনট কমিটির সম্পাদক অশোক সরকার বলেন, “এই প্রথম আমাদের টূর্নামেন্টে বংলাদেশের একটি দল অংশ নিচ্ছে। আগামী ২১ তারিখে ফাইনাল খেলা অনমুষ্ঠিত হবে।” কলকাতা এবং বাংলাদেশের দলগুলি অংশ নেওয়ায় হলদিবাড়িতে প্রচুর উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ক্রীড়াবিদরা জানিয়েছেন হলদিবাড়ির মাঠটি উত্তরবঙ্গের সবচেয়ে ভাল মাঠ। এই মাঠে কখনও জল দাঁড়ায় না। কাদাও হয়না। এবার খেলা ভাল হবে। হলদিবাড়িতে প্রতিদিন খেলা শুরু হবে বিকেল ৩টে ৩০ মিনিটে।