Advertisement
E-Paper

দু’জনের বচসা থামাতে গিয়ে ছুরিবিদ্ধ

৫০০ টাকা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছিল দুই বন্ধু। তা মেটাতে গিয়ে ছুরিকাহত হলেন অন্য এক যুবক। মঙ্গলবার রাতে মালদহের ইংরেজবাজারের শোভানগরের ওই ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই যুবক ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ০১:৪৫
জখম প্রকাশ স্বর্ণকার মালদহ মেডিক্যালে।—নিজস্ব চিত্র।

জখম প্রকাশ স্বর্ণকার মালদহ মেডিক্যালে।—নিজস্ব চিত্র।

৫০০ টাকা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছিল দুই বন্ধু। তা মেটাতে গিয়ে ছুরিকাহত হলেন অন্য এক যুবক।

মঙ্গলবার রাতে মালদহের ইংরেজবাজারের শোভানগরের ওই ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই যুবক ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম প্রকাশ স্বর্ণকার। তিনি ইংরেজবাজারের শোভানগরেরই বাসিন্দা। প্রকাশ ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করেন। অভিযুক্ত চুনু কর্মকার পেশায় মুরগির মাংস বিক্রেতা। আহত প্রকাশের পরিবার অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পাওনা টাকা নিয়ে গোলমালের জেরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভানগরের বাসিন্দা পেশায় শ্রমিক বিফল ঘোষ মাসখানেক আগে বন্ধু চুনু কর্মকারকে ৫০০ টাকা ধার দেন। বকেয়া টাকা নিয়ে সপ্তাহ খানেক আগে দু’জনের মধ্যে একবার বচসাও হয়। সেই সময় গ্রামবাসীদের হস্তক্ষেপে পরিস্থিতি বচসা মিটে যায়। এ দিন রাতে ফের বিফল চুনুর কাছে বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানান। তবে টাকা ফেরত না দিয়ে উল্টে চুনু তাঁকে গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকী তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে দেন। দু’জনের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলেন তাঁদেরই পরিচিত প্রকাশ স্বর্ণকার। তিনি দুই বন্ধুর মধ্যে ধস্তাধস্তি থামাতে গেলে চুনু তাঁর দোকান থেকে একটি ছুরি নিয়ে হামলা চালায় প্রকাশের উপরে। প্রকাশের বুকের বাম দিকে ও মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে
পড়েন প্রকাশ।

Advertisement

স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে ভর্তি করেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিফলবাবুও মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়েছেন। ঘটনার পরিপেক্ষিতে প্রকাশের দাদা গণেশ স্বর্ণকার রাতেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন। গণেশবাবু বলেন, ‘‘আমার ভাই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তবে তাঁর উপরে কেন হামলা করা হল? আমরা চাই অভিযুক্ত পুলিশ দ্রুত গ্রেফতার করে শাস্তি দিক।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুনুর সঙ্গে মাঝে মাঝেই অনেকের বিবাদ বাধত। বিশেষ করে পাওনা টাকা নিয়ে গোলমাল হত। হাসপাতালে প্রকাশবাবু বলেন, ‘‘রাস্তার উপরে ফেলে বিফলকে বেধড়ক মারধর করছিল চুনু। দু’জনের মধ্যে হাতাহাতি থামাতে গেলে ছুরি নিয়ে আমার উপরেই চড়াও হয় সে।’’ পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত চুনু ফেরার। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy