Advertisement
E-Paper

পাসপোর্ট কেন্দ্র চেয়ে সরব শহর

শিলিগুড়ির বাসিন্দা অরুণ গোস্বামী, একটি বহুজাতিক সংস্থার কর্মী। আগামী পুজোর মরশুমে তাঁদের কোম্পানি থেকে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। শহরে পাসপোর্টের জন্য আবেদনকেন্দ্র উঠে যাওয়ায় ছুটি নিয়ে কলকাতায় গিয়ে পাসপোর্টের আবেদন করতে হয়েছে তাঁকে। পুজোর মধ্যে পাসপোর্ট না পেলে বিদেশ সফরের সুযোগটাই এবার হাতছাড়া হয়ে যাবে অরুণবাবুর।

কৌশিক চৌধুরী

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০২:৫১

শিলিগুড়ির বাসিন্দা অরুণ গোস্বামী, একটি বহুজাতিক সংস্থার কর্মী। আগামী পুজোর মরশুমে তাঁদের কোম্পানি থেকে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। শহরে পাসপোর্টের জন্য আবেদনকেন্দ্র উঠে যাওয়ায় ছুটি নিয়ে কলকাতায় গিয়ে পাসপোর্টের আবেদন করতে হয়েছে তাঁকে। পুজোর মধ্যে পাসপোর্ট না পেলে বিদেশ সফরের সুযোগটাই এবার হাতছাড়া হয়ে যাবে অরুণবাবুর।

ব্যবসার সুবাদে বাংলাদেশে পরিচিত রয়েছে কোচবিহারের বাসিন্দা মুকেশ অগ্রবালের। শিলিগুড়ি থেকে কলকাতায় গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছেন মুকেশবাবুও। তবে এখনও হাতে পাননি পাসপোর্ট। ট্র্যাকিং সিস্টেমে রোজ চোখ রাখলেই দেখছেন, তাঁর পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে।

এঁদের মতো একাধিক আবেদনকারীর বক্তব্য, উত্তরবঙ্গের শিলিগুড়িতে আবেদন জমা করার সুবিধা ছিল। তা করলে কয়েকমাসের মধ্যেই পাসপোর্ট মিলত। এখন কলকাতা বা বহরমপুরে গিয়ে দৌড়ঝাঁপ করে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে। এরপরেও কবে পাসপোর্ট মিলবে তা বোঝা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার গোটা উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে ‘পাসপোর্ট সেবা কেন্দ্র’ তৈরির ঘোষণা করলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এই কেন্দ্র তৈরি হলে এলাকার লোকেদের যেমন কলকাতায় ছোটাছুটি করতে হত না। তেমনিই, সেবাকেন্দ্র থেকে সরাসরি পাসপোর্টও মিলত।

২০১৩ সালের ১ এপ্রিল থেক শিলিগুড়ির পাসপোর্ট আবেদন কেন্দ্রটি বন্ধ করে দেয় বিদেশ মন্ত্রক। সেই জায়গায় পাসপোর্ট সেবা কেন্দ্র তৈরি হবে বলে জানানো হলেও এখনও তা চালু হয়নি। মাঝে একদফায় পাসপোর্ট ক্যাম্প হলেও তাতে হাতেগোনা কয়েকশো আবেদনকারী মাত্র সুযোগ পান। একসময় সিকিমও শিলিগুড়ির কেন্দ্রটির উপর নির্ভরশীল ছিল। কয়েকমাসে আগে গ্যাংটকে, সে রাজ্যের জন্য আলাদা পাসপোর্ট কেন্দ্রও খুলে গিয়েছে। কিন্তু কবে শিলিগুড়িতে কেন্দ্রটি চালু হবে তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

এই অবস্থায় দার্জিলিঙের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া সম্প্রতি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলে দ্রুত ওই কেন্দ্রটি যাতে চালু হয় তার অনুরোধ করেছেন। সাংসদ বলেন, ‘‘বিদেশ মন্ত্রীকে বিষয়টি দেখার জন্য বলেছি। ইতিমধ্যে শিলিগুড়িতে কয়েকটি ভবনও দেখা হয়েছে। আশা করছি, উত্তরবঙ্গের বাসিন্দারা এই বছরই শিলিগুড়িতে এসে পাসপোর্ট সেবা কেন্দ্রের সুযোগ পাবেন।’’

সরকারি সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক শিলিগুড়িতে সেবা কেন্দ্র করার ঘোষণা করে।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিসারেরা মাটিগাড়ায় শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির (এসজেডিএ) একটি ভবন বাছাই করেন। কিছু নির্মাণ কাজ বাকি। রাজ্যের আঞ্চলিক পাসপোর্ট অফিসার (আরপিও) গীতিকা শ্রীবাস্তব বলেন, ‘‘শিলিগুড়ির সেবা কেন্দ্রের জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ছাড়পত্র দিয়ে দিয়েছে। পরিকাঠামো তৈরিতে কিছু সময় লাগছে। আমরা মাটিগাড়ার ভবনটিতে এই কেন্দ্র করব বলে ঠিক করেছি। বাসিন্দাদের সুবিধার জন্য কিছু ক্যাম্প করার চিন্তাভাবনাও চলছে। পুজোর আগে উদ্বোধন করা যায় কি তা দেখা হচ্ছে।’’ এসজেডিএ-র মুখ্য কার্য নিবার্হী আধিকারিক আর বিমলা জানান, ২-৩ মাসের মধ্যে ভবনটি ওঁদের হাতে তুলে দেওয়া যাবে।

পাসপোর্ট দফতর সূত্রের খবর, এখন উত্তরবঙ্গ থেকে কলকাতা বা বহরমপুর কেন্দ্রে অনলাইনে আবেদন করা গেলেও এই অঞ্চলের বাসিন্দাদের ৩৫০-৬০০ কিলোমিটার দূরে যেতে হচ্ছে। তার পরে অনলাইনে আবেদন করে নির্দিষ্ট দিনে সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। টাকা জমার পর অনেক সময়ই দীর্ঘ লাইনে থাকতে হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy