Advertisement
E-Paper

রাষ্ট্রপতির সম্মানে উড়বে মিগ-সুখোই

রাষ্ট্রপতি হওয়ার পরে এই প্রথম ডুয়ার্সে পা রাখবেন প্রণব মুখোপাধ্যায়। হাসিমারা বায়ুসেনার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকালে বিশেষ বিমানে রাষ্ট্রপতি নামবেন হাসিমারায়। সেখান থেকে তাঁর কনভয় সোজা চলে যাবে মাদারিহাটে পর্যটন দফতরের টুরিস্ট লজে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০২:৩৩

রাষ্ট্রপতি হওয়ার পরে এই প্রথম ডুয়ার্সে পা রাখবেন প্রণব মুখোপাধ্যায়। হাসিমারা বায়ুসেনার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকালে বিশেষ বিমানে রাষ্ট্রপতি নামবেন হাসিমারায়। সেখান থেকে তাঁর কনভয় সোজা চলে যাবে মাদারিহাটে পর্যটন দফতরের টুরিস্ট লজে। শনিবার সকালে বায়ুসেনা ছাউনিতে অনুষ্ঠানে যোগ দেবেন প্রণববাবু। এই লজের তিনটি কটেজ নতুন করে সাজানো হয়েছে। সব ক’টি ঘরের সমস্ত পুরনো আসবাব সরিয়ে দিয়ে সে জায়গায় নতুন খাট, সোফা, এমনকি রাষ্ট্রপতির জন্য যে ঘরটি বরাদ্দ করা হয়েছে সেখানে রাখা হয়েছে ট্রেডমিল। ভিজিটরদের জন্য লাগোয়া একটি কটেজ সাজানোর পাশাপাশি রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠাদেবীর জন্য বরাদ্দ ঘর সাজিয়ে গুছিয়ে রেখেছে পর্যটন দফতর। রাষ্ট্রপতির জন্য আলাদা একটি রান্না ঘর বরাদ্দ হয়েছে। রাষ্ট্রপতি ভবনের পাচক সেখানে রান্না করবেন নানা পদ। তবে ডুয়ার্সের বিখ্যাত বোরোলি মাছ রাষ্ট্রপতির মেনুতে স্থান পাবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েছে। পর্যটন দফতরের এক অফিসারের কথায়, ‘‘যে যে মশলার তালিকা রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো হয়েছে, তা এনে রাখা হয়েছে। তবে বোরোলি মাছের পাতলা ঝোল তাঁর পাতে উঠবে কি না তা বুঝতে পারছি না।’’

বৃহস্পতিবার থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় টুরিস্ট লজ চত্বর। গোটা এলাকা ঘিরে ফেলা হয় সবুজ রঙের কাপড় দিয়ে। জলদাপাড়া জঙ্গল টহলদারির কাজ করছে পুলিশ কর্মীরা। এদিন আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ পুলিশ বাহিনী নিয়ে জঙ্গলে টহল দেন। বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ হয়ে রয়েছে জিপ সাফারি। এখনও পর্যন্ত রাষ্ট্রপতি ভবন থেকে জানানো না হলেও রাষ্ট্রপতি যে কোন সময় হলং বেড়াতে আসতে পারেন। তার সাথে আসা কেউ হাতির পিঠে চেপে জঙ্গল ঘুরতে চাইলে সে জন্য প্রশিক্ষিত কয়েকটি কুনকি বরাদ্দ করে রাখা হয়েছে বলে কোচবিহারের ডিএফও জেবি ভাস্কর জানিয়েছেন।

রাষ্ট্রপতি আসছেন বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসিমারা ও মাদারিহাট এলাকায়। আজ, শুক্রবার হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নামার পরে রাষ্ট্রপতিকে রাজ্য সরকারের তরফে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। বায়ুসেনার মুখপাত্র গ্রুপ ক্যাপটেন বসন্ত পাণ্ডে জানান, শনিবার সকাল ন’টায় হাসিমারা বায়ুসেনা ছাউনিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মিগ ২৭ এর দুটি ১৮ ও ২২ স্কোয়াড্রন রাষ্ট্রপতি বিশেষ সম্মান দেবে। সে সময় আকাশে মিগ ২৭, সুখোই-সহ বিভিন্ন বিমান কলাকৌশল দেখাবে। দুপুর দেড়টা নাগাদ রাষ্ট্রপতি দিল্লি ফিরে যাবেন।

রাষ্ট্রপতির কনভয় যাওয়ার জন্য শুক্রবার দুপুরে ও শনিবার সকালে হাসিমারা থেকে মাদারিহাটে ৩১ নম্বর জাতীয় সড়কে ১৮ কিলোমিটার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy