‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অফলাইনের পাশাপাশি অনলাইনেও গ্রহণ করা হচ্ছে আবেদনপত্র। এ বার অনলাইনে আবেদন গ্রহণ করার সময় বেঁধে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। ভাতার জন্য অনলাইনে আবেদন করা যাবে কেবলমাত্র প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। সূত্রের খবর, দিনের অন্য সময়ে কেউ আবেদনের পোর্টালে প্রবেশ করতে চাইলে তাঁকে ওই সময়সীমা জানিয়ে দেওয়া হচ্ছে।
১৫ ফেব্রুয়ারি রাজ্যে অফলাইনে ‘যুবসাথী’-র আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিপুল সাড়া পেয়ে অফলাইনে চাপ কমাতে ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অনলাইনেও আবেদন গ্রহণ শুরু হয়। এ বার অনলাইনে আবেদন করার সময়সীমা বেঁধে দেওয়া হল। নবান্নের একটি সূত্র বলছে, ‘যুবসাথী’-র সুবিধা পেতে প্রতিদিন গড়ে আট লক্ষ করে আবেদন জমা পড়ছে।
আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ প্রবেশ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। পোর্টালে থাকা লিঙ্কে গিয়ে ক্লিক করলেই খুলে যাবে বাঁ দিকে স্বনির্ভর বাংলা এবং ডান দিকে বাংলার যুবসাথী প্রকল্পের বিকল্প। যুবসাথীর ‘ক্লিক টু অ্যাপ্লাই’-তে গিয়ে ক্লিক করলে বাঁদিকে পর পর তিনটি বিকল্পের মাঝের অংশে দেখা যাবে ‘অ্যাপ্লাই অনলাইন’। সেখানে ক্লিক করলেই আবেদনের পরবর্তী পদক্ষেপে যাওয়া যাবে। ডান দিকে যুবসাথীতে আবেদন করতে গেলে কী কী নথিপত্র প্রয়োজন, তার তালিকা দেওয়া রয়েছে। যেখানে নিজের মোবাইল নম্বর দিলে একটি ওটিপি পাঠানো হবে সংশ্লিষ্ট মোবাইলে। সেই ওটিপি দিলেই যুবসাথী প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
আবেদন করতে গেলে প্রথমে পোর্টালে লগইন করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ় ছবি এবং একটি সাদা কাগজে নিজের নাম সই করে সেই কাগজের স্পষ্ট ছবি। সমস্ত নথি নির্ধারিত ফরম্যাটে আপলোড করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি নির্দিষ্ট স্থানে প্রদান করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সফল ভাবে আবেদন জমা পড়লে আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে। ভবিষ্যতের প্রয়োজনে সেই কপি সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন:
গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হবে আবেদনপত্র।
যুবসাথী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।