E-Paper

মমতার মাঠেই আসছেন শাহ

খয়রাশোলের গোষ্ঠডাঙালের মাঠ থেকেই জেলায় ভোটের প্রচার শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৩৪
খয়রাশোলের এই মাঠেই সভা করার কথা অমিত শাহের। মাঠ পরিদর্শনে বিজেপি নেতারা।

খয়রাশোলের এই মাঠেই সভা করার কথা অমিত শাহের। মাঠ পরিদর্শনে বিজেপি নেতারা। নিজস্ব চিত্র।

জমে উঠেছে নির্বাচনী লড়াই। বীরভূমের এক মাত্র হাতছাড়া হওয়া দুবরাজপুর বিধানসভা আসন জিততে গত ২৬ মার্চ খয়রাশোলের সেই গোষ্ঠডাঙালে (মাঠ) নির্বাচনী সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে দলীয় প্রার্থীর সমর্থনে আগামী সোমবার ওই মাঠেই নির্বাচনী জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ।

খবর মিলতেই বুধবার দুপুরে গোষ্ঠডাঙাল পরিদর্শন করেন বিদায়ী বিধায়ক তথা দুবরাপুজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা, দলের বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়-সহ একগুচ্ছ বিজেপি নেতা। মাঠ পছন্দ হয়েছে বিজেপির। উদয়শঙ্করের দাবি, এ বার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সেই কারণে আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের ১১ প্রার্থীর সমর্থনে সিউড়িতে সভা করবেন। সেই একই কারণে ১৩ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রী খয়রাশোলে সভা করবেন। উদয়শঙ্কর বলেন, ‘‘অনুপ সাহা দুবরাজপুর থেকে গতবার জয়ী হয়েছিলেন। তিনি অগ্রাধিকার পাবেনই।’’

এ বার ভোটে দুবরাজপুর আসন পুনরুদ্ধারে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। খয়রাশোলের গোষ্ঠডাঙালের মাঠ থেকেই জেলায় ভোটের প্রচার শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ভাবে দলের একমাত্র জেতা আসন যাতে কোনও ভাবেই হাতছাড়া না হয়, তার জন্য চেষ্টার কসুর করছে না বিজেপি। সেই লক্ষ্যেই খয়রাশোলে সভা করতে আসছেন শাহ বলে দল সূত্রের খবর।

প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে শাসকদলের প্রার্থী নরেশচন্দ্র বাউড়ি জেতার পর থেকেই দুবরাজপুর বিধানসভা এলাকায় বিজেপির থেকে পিছিয়ে যেতে শুরু করে তৃণমূল। ’২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল খয়রাশোল ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকা। এ বার ফের নরেশচন্দ্রকে প্রার্থী করেছে শাসকদল। কিন্তু, নরেশকে নিয়ে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের একাংশের মনে অসন্তোষ রয়েছে। মমতা নিজে সভা করার পরে সে সমস্যা আংশিক মিটেছে।

তার মধ্যেই শাহ দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে আসছেন, যা অনুপকে লড়াইয়ে আরও এগিয়ে দেবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলছেন, ‘‘যিনিই আসুন, এ বার দুবরাজপুর তৃণমূল পাবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

khayrasole Amit Shah BJP Mamata Banerjee TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy