উত্তরপ্রদেশ বিধানসভার আসন্ন নির্বাচনকে ‘পাখির চোখ’ করে মাত্র তিন মাস আগে ভোটকুশলী সংস্থা ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আই-প্যাক) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল তাঁর দল। কিন্তু সমাজবাদী পার্টি প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বুধবার আই-প্যাকের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার কথা ঘোষণা করলেন!
২০২৭-এর গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা। সেই নির্বাচনে টানা তৃতীয় বার সরকার গড়ার চেষ্টায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজেপি। অন্য দিকে, লোকসভা ভোটে সাফল্যের ধারা বজায় রেখে লখনউয়ের মসনদ পুনর্দখল করতে মরিয়া অখিলেশের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। এই পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে আই-প্যাকের সঙ্গে চুক্তি করেছিলেন অখিলেশ। পাশাপাশি ‘শোটাইম’ নামে আরও একটি সংস্থাকেও প্রচার-কৌশলের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির তরফে।
আরও পড়ুন:
কিন্তু মাত্র তিন মাস পরেই কেন আই-প্যাকের সঙ্গে চুক্তি ভেঙে দিলেন অখিলেশ। বুধবার সমাজবাদী পার্টির প্রধান বলেন, “তারা কিছু দিন আমাদের জন্য কাজ করছিল কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত তহবিল নেই।” যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের এ বিষয়ে অন্য ব্যাখ্যা রয়েছে। তাঁদের মতে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর শাসকদল তৃণমূল এবং ডিএমকে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে আই-প্যাকের ‘পরামর্শ’ এবং ‘রাজনৈতিক ব্যবস্থাপনা’র উপর ভরসা রেখে লড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। সে কারণেই অখিলেশের এই সিদ্ধান্ত। যদিও বুধবার সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, ‘‘পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটের সঙ্গে আমাদের এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।’’