Advertisement
E-Paper

সিভিক কর্মীকে ‘মার’, বিজেপি নেতা ধৃত

পুলিশের দাবি, মানিকরামের বিরুদ্ধে বলরামপুর থানায় একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ০৩:২২
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে মানিকরাম মাহাতো নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে তিনি জামিনে ছাড়া পান।

বরাবাজার থানার ভাগাবাঁধ পঞ্চায়েতের খড়িপাহাড়ি গ্রামের সিভিক কর্মী অমিয় মাহাতো শনিবার থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, ২৫ জুন বিকেলে ওই গ্রামের রাস্তায় উজ্জ্বালা গ্যাসের সংযোগ দেওয়া হবে বলে মানিকরাম হ্যান্ডবিল ছড়াচ্ছিলেন। কাজের খাতিরেই সেই ছবি মোবাইলে তুলতে গেলে মানিকরাম অমিয়ের উপরে চড়াও হয়ে তাঁকে মারধর শুরু করেন বলে অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের দাবি, মানিকরামের বিরুদ্ধে বলরামপুর থানায় একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাছাড়া এলাকাতেও তাঁর বিরুদ্ধে লোকজনকে উত্ত্যক্ত করারও অভিযোগ রয়েছে।

যদিও অভিযুক্ত মানিকরামের দাবি, ‘‘আমার বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা দিয়েছে। ওই দিন আমাদের গ্রামে বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর সম্পর্ক অভিযানের চিঠি বিলি করছিলেন। ওই সিভিক কর্মী বাধা দেওয়ায় বচসা বাধে। মারধরের অভিযোগ ঠিক নয়।’’

ওই ঘটনার প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘মানিকরাম ওই এলাকায় আমাদের দলের সক্রিয় কর্মী। পুলিশ শাসক দলের হয়ে মাঠে নেমেছে। বিভিন্ন জায়গায় এ ভাবে আমাদের দলের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে।’’ যদিও সেই অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূলের বরিষ্ঠ সহ-সভাপতি তথা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘‘পুলিশের কাজে আমাদের দল হস্তক্ষেপ করে না।’’

BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy