Advertisement
E-Paper

টুকরো খবর

বালি পাচার বন্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে সিপিএমের স্থানীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। এ বার সরাসরি রাস্তায় নেমে তারা বালি ভর্তি ট্রাক আটকে দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মানবাজার-পায়রাচালি রাস্তায় সাঁওদা গ্রামের কাছে বালি ভর্তি ১২টি ডাম্পার সিপিএমের কর্মীরা আটকে দেন।

শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০২:৪৮

বালির গাড়ি আটক
নিজস্ব সংবাদদাতা • মানবাজার

বালি পাচার বন্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে সিপিএমের স্থানীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। এ বার সরাসরি রাস্তায় নেমে তারা বালি ভর্তি ট্রাক আটকে দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মানবাজার-পায়রাচালি রাস্তায় সাঁওদা গ্রামের কাছে বালি ভর্তি ১২টি ডাম্পার সিপিএমের কর্মীরা আটকে দেন। দলের ঝাণ্ডাও কর্মীদের হাতে দেখা যায়। সিপিএমের জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী ও দলের লোকাল সম্পাদক সজল চক্রবর্তীর অভিযোগ, ‘‘এলাকা থেকে ভিন্্ রাজ্যে অবৈধ ভাবে বালি পাচার চলছেই। ইতিপূর্বে বালি পাচার বন্ধের জন্য আমরা পথ অবরোধে নেমেছিলাম। কিন্তু তৃণমূলের স্থানীয় স্তর থেকে জেলা নেতৃত্ব বালি পাচারের বখরায় যুক্ত থাকায় বন্ধ করা যাচ্ছে না।’’ দলের কর্মীদের একাংশের দাবি, তাঁরা চালকদের কাছ থেকে চালান পরীক্ষা করে দেখেছেন, গাড়িতে যে পরিমাণ বালি থাকার কথা তার চেয়ে অনেক বেশি বালি রয়েছে । ডাম্পারের মাথায় ত্রিপল দিয়ে ঢাকার কথা থাকলেও তা মানা হয়না । এ ছাড়া দিনরাত ডাম্পার চলায় রাস্তা ভেঙে চৌচির হয়ে গিয়েছে। বাইপাস ব্যবহারও এ কারণে বন্ধ হয়ে গিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব বালি পাচার নিয়ে তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ মানতে চাননি।

Advertisement

সাঁইথিয়ায় অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হল স্বামী কৃষ্ণানন্দ (কে ডি রায়)-র শুভ জন্মদিবস। বীরভূমের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিউড়ি’র শ্রীশ্রীরামকৃষ্ণ শিল্পবিদ্যাপীঠ (পলিটেকনিক কলেজ), সিউড়ি বিদ্যাসাগর কলেজ, লাভপুর কলেজে প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে একসময় শিক্ষকতাও করেছেন তিনি। বিভিন্ন ধর্মমূলক বইও লিখেছেন তিনি। ‘সারদা পু’থি’ তাঁর বহুল প্রচারিত বইগুলির অন্যতম একটি। বীরভূম ছাড়াও বর্ধমান, কলকাতার বিভিন্ন আশ্রম থেকে প্রায় ৩৫ জন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১০০০ জনেরও বেশি ভক্তকে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সাঁইথিয়া শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী ধ্রুবানন্দ।

ডাম্পারের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই

বোলপুর–সিউড়ি রাস্তার ওপর দেবগ্রামের কাছে একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাঞ্চন শেখ (৩০)। বাড়ি পাড়ুই থানার ধানসা গ্রামে। এর পরেই এলাকায় বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে কিছুক্ষণ পথ অবরোধ করেন বাসিন্দারা। পরে পাড়ুই থানার পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ পাড়ুই থানার ধানসা গ্রামের বাসিন্দা শেখ কাঞ্চন বাইক চালিয়ে দেবগ্রাম থেকে কাজ সেরে পাড়ুইয়ের দিকে যাচ্ছিলেন। ওই সময়ে উল্টো দিক থেকে আশা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কোটশিলা

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক তরুণের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কার্তিক রাজোয়াড় (১৮)। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পুরুলিয়ার কোটশিলায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কার্তিক ঝালদার মণ্ডপপাড়ার বাসিন্দা। পেশায় ক্যাটারিং কর্মী এই তরুণ মঙ্গলবার কোটশিলায় কোনও অনুষ্ঠান বাড়িতে এসেছিলেন পেশাগত কাজে। কাজের শেষে বাড়ি ফেরার জন্য রাস্তার ধারে গাড়ির অপেক্ষা করছিলেন কোটশিলা হাসপাতালের অদূরে। ঝালদামুখী কোনও একটি গাড়িকে দেখে থামানোর চেষ্টা করেন ওই যুবক। গাড়িটি তাঁকে ধাক্কা মারলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, কার্তিক মারা গিয়েছেন।

জাল নোটে জেল
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

জালনোট পাচারের দায়ে দু’জনের পাঁচ বছরের কারাদণ্ড হল। বুধবার এই সাজা দিল বিষ্ণুপুর আদালত। আসামীরা হল সালাম খাঁ ও রিয়াকত খাঁ। তাদের বাড়ি কোতুলপুর থানার ভেলাইঘাটা ও চোরকোলা গ্রামে। বিশেষ সূত্রে খবর পেয়ে কোতুলপুরের লাউগ্রাম এলাকা থেকে ২০০৯ সালের ২৫ জুলাই এই দু’জনকে ৬টি ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করে পুলিশ। এ দিন বিষ্ণুপুর আদালতে তাদের তোলা হলে বিচারক দু’জনকেই পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করা হয়।

স্মরণে রঘুনাথ
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১১০ তম জন্মদিবসের অনুষ্ঠান পালিত হল সাড়ম্বরে। মঙ্গলবার বরাবাজার থানার সিন্দরি হাইস্কুলে সিন্দরি আঞ্চলিক জুয়ান গাঁওতার উদ্যোগে দিনভর এই অনুষ্ঠান হয়। জুয়ান গাঁওতার সদস্য শ্যামাপদ হেমব্রম বলেন, ‘‘এ দিন রঘুনাথ মুর্মুর জীবনী নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানও হয়েছে।

প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর

বড় মা পূজা ও রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে বোলপুরের অন্নদাপল্লিতে শনি ও রবিবার দু’দিন ধরে হচ্ছে নানা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তা বোলপুর ১৭ নম্বর ওয়ার্ডের অন্নদাপল্লি আদিত্য যুব সঙ্ঘ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy