Advertisement
E-Paper

টুকরো খবর

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন অন্য সদস্যরা। আজ, শুক্রবার বিডিও তলবি সভা ডেকেছিলেন। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সেই সভার উপরে স্থগিতাদেশ দিয়েছে। মুরারই ১ পঞ্চায়েতের ঘটনা। সংশ্লিষ্ট ব্লকের বিডিও বিডিও আবুল কালাম বলেন, “সভা স্থগিত রাখার জন্য হাইকোর্টের নির্দেশ পেয়েছি। সেই মতো কাজ হবে।”

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৮

পঞ্চায়েতের তলবি সভায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও মুরারই

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন অন্য সদস্যরা। আজ, শুক্রবার বিডিও তলবি সভা ডেকেছিলেন। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সেই সভার উপরে স্থগিতাদেশ দিয়েছে। মুরারই ১ পঞ্চায়েতের ঘটনা। সংশ্লিষ্ট ব্লকের বিডিও বিডিও আবুল কালাম বলেন, “সভা স্থগিত রাখার জন্য হাইকোর্টের নির্দেশ পেয়েছি। সেই মতো কাজ হবে।”মুরারই ১ পঞ্চায়েতে দলগত অবস্থান তৃণমূল ৬, সিপিএম ৬, ফব ২, নির্দল ১, কংগ্রেস ৯। অনাস্থায় সই করেছিলেন তৃণমূলের ৪, সিপিএমের ৫, ফব ২, কংগ্রেসের ৩ জন সদস্য। কংগ্রেস পরিচালিত মুরারই ১ পঞ্চায়েতের প্রধানকে সরাতে চেয়ে কংগ্রেস, তৃণমূল সদস্যরা সিপিএম ও ফরওয়ার্ড ব্লক সদস্যদের সঙ্গে হাতও মিলিয়েছিলেন। প্রধানের প্রতি অনাস্থা আনা ১৪ জন সদস্যের সাক্ষরিত আবেদনপত্র গত ৪ সেপ্টেম্বর মুরারই ১ এর বিডিও এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতে জমা পড়েছিল। পঞ্চায়েত সূত্রে জানা যায়, যে ১৪ জন সদস্য প্রধানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁদের মধ্যে সিপিএমের ৫ জন, ফব ২, তৃণমূলের ৪ এবং কংগ্রেসের ৩ জন সদস্য আছেন। নিয়ম মতো বিডিও শুক্রবার সভা ডেকেছিলেন। তার আগেই হাইকোর্টে মামলা করেছিলেন মুরারই-১ পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের সুদীপ মেহেনা। প্রধান বলেন, “আমার বিরুদ্ধে যখন অনাস্থা এসেছিল, তখন আমি বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানিয়েছিলাম। তখন নেতারা ভরসা দিয়েছিলেন, ‘অনাস্থা তুলে দেওয়ার জন্য ভাবনা চিন্তা করছি।’ এর পরেও সদস্যরা তাঁদের দাবিতে অনড় ছিলেন। সেই কারণে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম।” প্রধানের আইনজীবী এক্রাামূল বারি জানান, বিচারপতি দেবাশিস কর গুপ্ত বিডিও-র ডাকা তলবি সভার উপরে স্থগিতাদেশ জারি করে দিয়েছেন। দুই সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। এ দিকে, অনাস্থা আনা সদস্যদের তরফে সিপিএমের আবিবুল্লা ইসলাম, ফব’র মকিবুল মণ্ডল বলেন, “প্রশাসনের কাছ থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনও নির্দেশ আসেনি। আমরা আজ, শুক্রবার পঞ্চায়েতে যাব।” তৃণমূল ও কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Advertisement

যাদবপুর নিয়ে সরব পুরুলিয়া-বাঁকুড়াও
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া ও পুরুলিয়া

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর ‘পুলিশি হামলা’র প্রতিবাদে সরব হলেন বাঁকুড়া ও পুরুলিয়া, দুই জেলারই বিরোধী ছাত্র সংগঠনগুলির সদস্যেরা। কোথাও পড়ল পোস্টার, কোথাও রাস্তায় প্রতিবাদ মিছিল করলেন পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলা মোড়ে পথসভা করে এসএফআই। পরে জেলাস্কুল, হিন্দুস্কুল, বাঁকুড়া গার্লস হাইস্কুল, খ্রিস্টান কলেজের পাশাপাশি জেলার বহু স্কুল ও কলেজে ছাত্র ধর্মঘট সফলের দাবিতে প্রচার চালানো হয় এসএফআইয়ের তরফে। সাঁটানো হয় পোস্টার। সংগঠনের জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তী বলেন, “যাদবপুরের ছাত্রছাত্রীদের উপরে যে অত্যাচার করা হয়েছে তা অমানবিক। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাই উপাচার্যের সঙ্গে সঙ্গে তাঁকেও মন্ত্রীত্ব থেকে সরানোর দাবি তুলছি আমরা।” যদিও স্কুল-কলেজে পঠনপাঠন বন্ধ থাকার খবর মেলেনি। পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ নগর ক্যাম্পাসে দুপুরে ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করেন। তাঁদের বক্তব্য, যাদবপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা ঘটেছে, তা খুবই নিন্দনীয়। তাঁরা সমস্যার সুষ্ঠু সমাধান চেয়েছিলেন। তবে শিক্ষাঙ্গণে ফের যেন এই অশান্তি, এই অত্যাচার না দেখতে হয়। এ দিন পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে পড়ুয়াদের ধর্মঘটে সামিল হতে অনুরোধ জানায় এসএফআই। সংগঠনের পুরুলিয়া শহর কমিটির সম্পাদক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “আমরা এ দিন কলেজের প্রাতঃবিভাগের ছাত্রছাত্রীদের কাছে ধর্মঘটে সামিল হতে অনুরোধ জানিয়েছিলাম। অনেকেই আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। দিবা বিভাগেও অনেকে আমাদের আবেদনে সাড়া দিয়েছেন।” নিস্তারিণী কলেজের ছাত্রী সংসদের সহ-সাধারণ সম্পাদক মৌসুমী মাহাতোর দাবি, “যাদবপুরের ঘটনার প্রতিবাদে ডাকা ধর্মঘটে এ দিন কলেজের প্রায় সমস্ত ছাত্রীই আমাদের আবেদনে সাড়া দিয়েছে। কলেজে কোনও ক্লাস হয়নি।”

গণধর্ষণ-কাণ্ডে আজ রায়
নিজস্ব সংবাদদাতা • বোলপুর

আজ, শুক্রবার লাভপুর গণধর্ষণ মামলার রায় শোনাবে বোলপুর আদালত। বৃহস্পতিবারই ওই মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে। সরকারি আইনজীবী মহম্মদ সামসুজ্জোহা বলেন, “বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরীর এজলাসে এত দিন ওই মামলার শুনানি চলছিল। এ দিন সওয়াল-জবাবের শেষে বিচারক জানিয়ে দেন, পরের দিনই রায় শোনানো হবে।” গত ২২ জানুয়ারি লাভপুরের সুবলপুরের এক আদিবাসী তরুণী থানায় গ্রামের মাঝি-হাড়াম-সহ ১৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। ওই তরুণীর দাবি, ভিন্ জাতের এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখার ‘অপরাধে’ তাঁর উপর সারা রাত ধরে অত্যাচার চালানো হয়। পরের দিন সালিশি বসিয়ে মাঝি-হাড়াম তরুণীকে ধর্ষণের নিদানও দেন। ওই ঘটনায় সারা দেশে তীব্র নিন্দার ঝড় ওঠে। এমনকী, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাও রুজু করেছিল। পরে রাজ্য সরকারকে নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছিল।

রামপুরহাটে ফের ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়লেন এক ধান ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার লোটাস প্রেস মোড়ে ঘটনাটি ঘটে। নলহাটি থানার বাঁধখালা গ্রামের ওই ব্যবসায়ী সন্ধ্যায় থানায় অভিযোগ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, চার-পাঁচ জন ধান ব্যবসায়ী এ দিন দুপুরে রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা তুলে লোটাস প্রেস মোড়ে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি মোটরবাইকে করে দু’জন যুবক এসে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে রামপুরহাট বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। তখন লোটাস প্রেস মোড়ে দাঁড়িয়ে থাকা অন্য দুই ব্যবসায়ী ছিনতাইকারীদের পিছু নেন। কিন্তু তাঁদের ধরা যায়নি। পুলিশ জানায়, তারাপীঠ সোনার বাংলা মোড়ে ছিনতাইকারীদের বাইকটি পড়েছিল। বাইকটি উদ্ধার করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

আলুর গাড়ি ফেরত গেল
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

রাতের অন্ধকারে তিন ট্রাক আলু যাচ্ছিল। পুলিশ আটক করে নথি পরীক্ষা করে গোলমাল রয়েছে ভেবে গাড়িগুলিকে ফেরত পাঠায়। পুঞ্চা থানা এলাকার পায়রাচালি সেতুর কাছে বুধবার রাতের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত তিনটে নাগাদ বাঁকুড়া থেকে পুঞ্চা থানা এলাকায় আলু ভর্তি তিনটি গাড়ি ঢোকে। গাড়িগুলি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসছিল। গাড়ির কাগজে ঠিকানা লেখা ছিল বরাবাজারের ব্যবসায়ীর নাম। পুলিশের দাবি, ওই নাম-ঠিকানা যাচাই করতে বোঝা যায়, তা ভুয়ো। ভোররাতে গাড়িগুলি ফেরত পাঠান হয়েছে।

দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • নলহাটি

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার নগড়া মোড়ের কাছে। মৃতেরা হলেন প্রণব দাস (২২) এবং রাজীব মার্জিত(২৩)। বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ডাঙাপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে নলহাটির দিকে আসার পথে নগড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারলে তাঁরা পড়ে যান। সেই সময় উল্টো দিক থেকে আসা লরি তাঁদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

চ্যাম্পিয়ন নিস্তারিণী
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ খো-খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নিস্তারিণী কলেজ। বৃহস্পতিবার রাঁচি রোডে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ক্যাম্পাসে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া নির্দেশক মল্লিকাপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, নিস্তারিণী কলেজ উইনার্স ও রামানন্দ শতবার্ষিকী কলেজ রানার্স হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দল, নিস্তারিণী কলেজ, রামানন্দ শতবার্ষিকী কলেজ, জগন্নাথ কিশোর কলেজ, মাইকেল মধুসূদন দত্ত কলেজ ও রঘুনাথপুর কলেজ যোগ দিয়েছিল।

বিজেপির পথসভা
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার

ইলামবাজার ব্লক নেতৃত্বের উদ্যোগে পাড়ুই থানার চউমন্ডলপুরে প্রতিবাদ মিছিল ও পথসভা করল বিজেপি। মঙ্গলডিহি এলাকায় সাম্প্রতিক কালে বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ করে সারদা-কাণ্ডে যুক্তদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থার দাবি জানান বিজেপি নেতৃত্ব। পথসভায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলেও সরব হন তাঁরা।

স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

সারদাকাণ্ডের তদন্তে যাতে ব্যঘাত না ঘটে তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তুলল আইএনটিইউসি। সংগঠনের বীরভূম জেলা সভাপতি মিল্টন রসিদের নেতৃত্বে আইএনটিইউসি’র কয়েক জন সদস্য বৃহস্পতিবার রামপুরহাট মহকুমাশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। রামপুরহাট মহকুমাশাসক জানান, তাঁদের আবেদনপত্র জেলাশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বোরো

জলে ডুবে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার বিকেলে পাত্রসায়রের হলুদবুনি এলাকায় একটি পুকুরে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। যুবকের বয়স প্রায় ৩০ বছর। বুধবার বিকেলে বোরো থানার জরগড়িয়া গ্রামে এক ব্যক্তির দেহ একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিরিঞ্চি মাহাতো (৪৫)। তাঁর বাড়ি বোরো থানার জাগদা গ্রামে। পেশায় গৃহশিক্ষক বিরিঞ্চিবাবু গত ২০ বছর ধরে জরগড়িয়াতেই বাস করতেন।

দুর্ঘটনায় মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • নলহাটি

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার নগড়া মোড়ের কাছে। মৃতেরা হলেন প্রণব দাস (২২) এবং রাজীব মার্জিত(২৩)। বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ডাঙাপাড়া গ্রামে।

আইনি সচেতনতা শিবির

বাল্যবিবাহ, পণপ্রথা, কন্যাভ্রণ হত্যা রুখতে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করল বাঁকুড়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাঁকুড়ার মিশন গার্লস হাইস্কুলে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্কুলের ছাত্রীদের নিয়ে এই বিষয়গুলির উপরে আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

কোথায় কী

দু’দিনের জাতীয় সেমিনার। সহযোগিতায় ইউজিসি। স্থান: মল্লারপুর টুরকু হাঁসদা লেপসা হেমব্রম মহাবিদ্যালয়।
আয়োজক: মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ। আলোচনার বিষয়: ভারতের উপজাতিদের বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy