হেলমেট ছাড়া রাস্তায় নামা মোটরবাইক চালকদের হাতে একটি করে চারাগাছ তুলে দিল খুদেরা। সঙ্গে লজেন্স দিয়ে মিষ্টিমুখ। বৃহস্পতিবার সকালে সোনামুখী-দুর্গাপুর রাস্তায় বোন্দলহাটি মোড়ে এই অভিনব সচেতনতা অভিযান করল বোন্দলহাটি নিম্ন বুনিয়াদি ও জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা। ওই দু’টি স্কুলের প্রধান শিক্ষক অনীক চৌধুরী ও ভগীরথ পাল জানান, পথ নিরাপত্তা সপ্তাহ এবং বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।
স্কুল শুরুর পরে, প্রার্থনা করেই দু’টি স্কুলের প্রায় আড়াইশো ছাত্র-ছাত্রী সচেতনতা অভিযানে বেরিয়ে পড়েছিল। তাদের সঙ্গে ছিলেন শিক্ষকেরা এবং সোনামুখী থানার পুলিশ। প্রায় আধঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে তারা সোনামুখীর আশাপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা মোটরবাইক চালকদের সচেতনতার বার্তা দিয়েছে। বিভিন্ন ফলগাছের চারা দেওয়া হয়েছে। শিক্ষকেরা জানান, অভিযানের পরে ফের স্কুলে গিয়ে ক্লাসে বসে নিয়মমাফিক পড়াশোনা করেছে পড়ুয়ারা।