ছাত্রবিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে শোকজ করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই মর্মে সুদীপ্তকে চিঠিও পাঠানো হয়েছে বিশ্বভারতীর তরফে। ঘটনাচক্রে এর আগে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলায় সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। এ বার সুদীপ্তকে ধরানো হল কারণ দর্শানোর চিঠি।
গত ২৩ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎকে সেন্ট্রাল অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। রাত ২টো নাগাদ ঘেরাও মুক্ত হন উপাচার্য। অভিযোগ, ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন সুদীপ্ত। সেই কারণেই তাঁকে এ বার শোকজ করেছে কর্তৃপক্ষ। অভিযোগ, অধ্যাপক হিসাবে সুদীপ্ত ছাত্রদের উস্কানি দিয়েছেন। তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন বলে অভিযোগ। সুদীপ্তের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তাঁকে ৩ দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
-
শিয়ালদহ স্টেশনের কাছে দু’টি লোকাল ট্রেনের ধাক্কা! একটি রানাঘাটগামী, অন্যটি যাচ্ছিল কারশেডে
-
প্রভাবশালীদের হাত ধরে নিয়োগ? সিবিআইয়ের মুখোমুখি হাই কোর্টের আদেশে চাকরি হারানো কর্মীরা
-
সরকারি নিয়ন্ত্রণ বাড়াতেই কি আসছে ডিজিটাল মুদ্রা? কী ভাবে কাজ করবে, নিরাপদই বা কতটা
-
পুত্রবধূকে নিয়ে বিতর্কে বোর্ড সভাপতি বিন্নী, স্বার্থের সংঘাতের অভিযোগ, জবাব তলব
গত ২৩ নভেম্বর বিদ্যুতের ইস্তফার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী। ছাত্রদের দাবি, বিদ্যুতের কাছে কয়েকটি দাবি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিদ্যুৎ তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তিও বাধে। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। যদিও বিদ্যুতের দাবি, তাঁকে হেনস্থা করেছেন পড়ুয়ারাই।