E-Paper

তিলপাড়ায় শুরু জলাধারের রাস্তা সংস্কার, গাড়ির জন্য বিকল্প পথ

গত বছর জুলাইয়ে তিলপাড়া ব্যারাজের জল বিভাজিকায় ফাটল দেখা যায়। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, ব্যারাজের রাস্তা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১০:৪৩
শুরু হয়েছে তিলপাড়া জলাধারের উপরে রাস্তা সংস্কারের কাজ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

শুরু হয়েছে তিলপাড়া জলাধারের উপরে রাস্তা সংস্কারের কাজ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

দিন দুয়েক আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। সে মতো রাস্তা বন্ধ করে শুরু হল তিলপাড়া ব্যারাজের রাস্তা সংস্কারের কাজ।

বৃহস্পতিবার সকাল থেকেই ব্যারাজের দু’পাশে ব্যারিকেড লাগিয়ে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। পূর্ত দফতরের জাতীয় সড়ক (১) বিভাগের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। যদিও মূল ব্যারাজের সংস্কারের কাজের সঙ্গে রাস্তার কাজের কোনও সম্পর্ক নেই বলে প্রশাসন সূত্রে খবর।

গত বছর জুলাইয়ে তিলপাড়া ব্যারাজের জল বিভাজিকায় ফাটল দেখা যায়। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, ব্যারাজের রাস্তা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। আইআইটি রুরকির বিশেষজ্ঞদের পরামর্শ মতো জলাধারে সাময়িক মেরামতের কাজ শুরু হয়। বেশ কিছু দিন সংস্কারের কাজ চলার পরে ব্যারাজের রাস্তা খুলে দেওয়া হয়। কিন্তু অতিভারী যান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসনের অন্দরের খবর, সে সময়ে বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন, ব্যারাজের পূর্ণাঙ্গ সংস্কারের প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে সে সংস্কারের জন্য পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সে কাজ শুরুর আগেই রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছিল।

নিত্যযাত্রী ও স্থানীয়দের থেকে জানা গিয়েছে, সম্প্রতি তিলপাড়া ব্যারাজের রাস্তার একটি জায়গায় গর্তের সৃষ্টি হয়েছিল। এ ছাড়া রাস্তার যে সমস্ত ধাতব কাঠামোগুলি ছিল তাও বাইরে বেরিয়ে চলে আসছিল। প্রশাসনের মতে, অত্যধিক মাত্রায় ছোট-বড় গাড়ি চলাচলের জন্য এ পরিস্থিতি তৈরি হয়েছিল।

তাই দিন তিনেক আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই বলা হয় যে, রাস্তার কাজের জন্য তিলপাড়ার ব্যারাজ বৃহস্পতিবার থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে। পরিবর্তে বিকল্প রাস্তা দিয়ে হবে যান চলাচল।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার থেকে বোলপুর, দুবরাজপুর, ইলামবাজার, দুর্গাপুর, বাঁকুড়া ও কলকাতাগামী বাস বা গাড়িগুলিকে মহম্মদবাজার মোড় ঘুরিয়ে দেওয়া হবে। এ গাড়িগুলি বাগডাঙা মোড় হয়ে সাঁইথিয়া, রোঙাইপুর ও পুরন্দরপুর ঘুরে বোলপুরের রাস্তা ধরবে।

রামপুরহাটের দিক থেকে আসা বাস ও গাড়িগুলিকে মল্লারপুর হয়ে গদাধরপুরের রাস্তা ধরে সাঁইথিয়ায় ঢুকে একই বিকল্প পথ ব্যবহার করতে হবে। উল্টো দিক থেকেও একই রুট অনুসরণ করতে বলা হয়েছে। প্রশাসনের দাবি, যানজট এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। সিউড়িমুখী ছোট বাস ব্যারাজের একপ্রান্ত পর্যন্ত আসবে। এর পর যাত্রীদের হেঁটে ব্যারাজ পার করবেন। অন্য পা়ড়ে দাঁড়িয়ে থাকা বাসে উঠে গন্তব্যে যাবেন।

যদিও প্রশাসনের নির্দেশে, তিলপাড়া ব্যারাজের পাশে বেসরকারি উদ্যোগে যে কজ়ওয়েটি তৈরি হয়েছিল, তার কোনও উল্লেখ নেই। তবে, বাস মালিকদের থেকে জানা গিয়েছে, কোনও বাসই তিলপাড়া ব্যারাজের কাছে এসে যাত্রী নামাচ্ছে না। বরং পাশের কজ়ওয়ে ব্যবহার করে যাতায়াত করছেন। তাতে হয়রানি কম হচ্ছে বলে দাবি বাস মালিকদের।

জেলা প্রশাসনের কর্তা জানান, রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু ভোটের জন্য ওই রাস্তা বন্ধ করা যাচ্ছিল না। তাই ভোট পেরোতেই কাজ শুরু করা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Road Renovation Suri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy