বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়ে কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরায়। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রিশেখর দানা-সহ বিজেপি কর্মী-সমর্থকেরা। হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই তাদের কর্মীদের উপর হামলার অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
তৃণমূল ও বিজেপির মধ্যে হামলার অভিযোগ ও পাল্টা অভিযোগে রবিবার বিকেল থেকেই উত্তপ্ত হতে শুরু করে বাঁকুড়ার তালডাংরা। বিজেপির দাবি, শনিবার সন্ধ্যায় বিজেপির তালডাংরা ২ নম্বর মণ্ডল কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীদের জমায়েত করে গালিগালাজের ঘটনার প্রতিবাদে রবিবার তালড্যাংরা বাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের গাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মীরা গাড়ি ভাঙচুর ও মারধর করেন বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই রবিবার সন্ধ্যায় পুলিশি হস্তক্ষেপের দাবিতে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাঁকুড়ার পুলিশ সুপারের দফতরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিলাদ্রী বলেন, “তালড্যাংরায় আমাদের দলের কর্মীদের উপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। চার জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদের গাড়ি ভেঙে ফেলা হয়েছে। এ ভাবে আমাদের দলের কর্মীদের উপর হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।”
এ দিকে তৃণমূলের তরফে অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ আনা হয়েছে। তৃণমূলের তালডাংরা ব্লক সভাপতি পার্থসারথি মাকুড় বলেন, “রবিবার বিকেলে আমাদের দলের একটি সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতে খালগ্রাম এলাকা থেকে তৃণমূল কর্মীরা যখন গাড়িতে চড়ে তালডাংরায় আসছিলেন, সেই সময় তাঁদের গাড়িতে হামলা চালিয়েছে বিজেপি। গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপির অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন।”