সরকারি ও রাস্তার জমি দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দিলেন মহম্মদবাজারের বিডিও তারকেশ্বর ঘোষ। বৃহস্পতিবার সকালে বিডিও পুলিশকে সঙ্গে নিয়ে প্যাটেলনগর হাটতলায় যান। সেখান থেকে কিষান মান্ডি যেতে পথের দু’ধারে সরকারি জমিতে দোকানদার-বসবাসকারীদের তিনি সাফ জানিয়ে দেন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা যেন নিজেরাই সরে যান। তা না হলে প্রশাসন তাঁদের সরিয়ে দিতে বাধ্য হবে। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, হাটতলা মোড় থেকে কিষান মান্ডি যেতে পথের দু’ধারে দীর্ঘ দিন ধরে বেশ কিছু দোকান এবং বসতভিটে গড়ে উঠেছে। তাঁদের ২৮ জনকেই এ দিন সরে যাওয়ার নির্দেশ দেন বিডিও। এ ব্যাপারে পরে তিনি বলেন, ‘‘সরকারি নিয়ম মেনেই সরকারি জমি দখলমুক্ত করতে এ দিন মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে।’’ যদিও এ দিনের প্রশাসনের নির্দেশের পরে দুশ্চিন্তায় পড়েছেন ওই ২৮ জন। তাঁদের বক্তব্য, ‘‘আমরা সরকারি জমি দখল করলেও তাতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। এলাকায় জাতীয় সড়ক ও রাজ্য সড়কের দু’ধারে বহু মানুষ সরকারি জমি দখল করে দোকান বা বসবাস করছেন। অন্য কাউকে কিছু না বলে হঠাৎ করে কেন শুধু আমাদেরই সরে যেতে বলা হল বুঝতে পারছি না।’’ বিডিও অবশ্য জানিয়েছেন, সরকারি জমি দখলমুক্ত করা হবে। নির্দেশ না মানলে পরবর্তী কালে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।