বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক পি মোহন গাঁধী, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নিবিল ঈশ্বরী, জেলার পুলিশ সুপার মুকেশ কুমার-সহ জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা। ছিলেন লাভপুরের বিডিও জীবনকৃষ্ণ বিশ্বাসও। শনিবার তাঁরা গোকুলবাটি, খাঁপুর, শীতলগ্রাম, কাঁদরকুলো প্রভৃতি গ্রামে যান। এমনকী স্পিড বোটে চেপে পৌঁছন জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুরের মতো এখনও জলবন্দি কিছু গ্রামেও। সেখানকার বন্যা দুর্গতের সঙ্গে তাঁরা কথা বলেন। ঘুরে দেখেন ত্রাণ শিবিরগুলি। শীতলগ্রামের ত্রাণ শিবিরে বন্যার্তদের সঙ্গে খাওয়াদাওয়াও সারেন। পরে জীবনবাবু বলেন, ‘‘তিন কিলোমিটার রাস্তার অভাবে জয়চন্দ্রপুর-সহ তিনটি গ্রামের মানুষকে বছরের বেশ কয়েক মাস জলবন্দি থাকতে হয়। জেলাশাসককে তা জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’’