Advertisement
E-Paper

টুকরো খবর

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা কী হবে, মঙ্গলবার কলকাতায় প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসি। জেলায় ফিরে বৃহস্পতিবার বিডিও, ওসি, তিন মহকুমাশাসকদের সঙ্গে বৈঠকে সেই নির্দেশ কী ভাবে কার্যকর করা হবে এই নিয়ে বিশদে অলোচনা করলেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা ও জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া।

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৪ ০০:০০

বিধি ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসপি-র
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা কী হবে, মঙ্গলবার কলকাতায় প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসি। জেলায় ফিরে বৃহস্পতিবার বিডিও, ওসি, তিন মহকুমাশাসকদের সঙ্গে বৈঠকে সেই নির্দেশ কী ভাবে কার্যকর করা হবে এই নিয়ে বিশদে অলোচনা করলেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা ও জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া। এ দিন ঘণ্টা দু’য়েক সিউড়িতে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন জেলার দুই শীর্ষকর্তা। বৈঠক শেষে জেলাশাসক জানান, প্রতিটি রাজনৈতিক দলের হাতে একটি করে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া জেলায় শুরু হচ্ছে আগামী ২ এপ্রিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার পর্যন্ত মাইক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এর পর যদি কোনও রাজনৈতিক দল প্রচারে মাইক ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে মহকুমাশাসকের অনুমতি নিতে হবে। কোনও স্কুল চত্বর যদি দলগুলি ব্যবহার করতে চায় সে ক্ষেত্রেও প্রথমে স্কুল পরিচালন সমিতি ও পরে মহকুমাশাসকের অনুমতি নিতে হবে। বাইকর্যালিকে অনুমতি দেওয়া হবে না। অন্য কোনও র‌্যালির করার ক্ষেত্রেও অনুমতি নিতে হবে।

Advertisement

মেয়ের সাক্ষ্যে জেল মায়ের ধর্ষকের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

নাবালিকা মেয়ের সাক্ষ্যে সাজা হল মায়ের ধর্ষকের। বৃহস্পতিবার আসামীকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া ফার্স্ট ট্র্যাক ১ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কর্ণপ্রসাদ বর্মন। সরকার পক্ষের আইনজীবী আনোয়ার আলি আনসারি জানান, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি বান্দোয়ান থানা এলাকার ঘটনা। স্থানীয় বড়পড়াশিয়া গ্রামের যুবক অঙ্কুর মাহাতো একটি বাড়িতে ঢুকে রান্না করার সময় ওই বধূকে ধর্ষণ করেন। সেই সময় তাকে বাধা দিয়েছিলেন বধূটির নাবালিকা মেয়ে। তিনি অঙ্কুর তাকে ঠেলে সরিয়ে দেয়। বধূটির স্বামী পরে ঘটনাটি জানাতে পেরে ২৮ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন। ধরা পড়ে অঙ্কুর। দু’মাসের মধ্যে পুলিশ চার্জশিট পেশ করে। মামলার বিচার শুরু হয় ২০১৩-র অগস্টে। সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, “সাক্ষ্যদান পর্বে বধূটির সাড়ে ছ’বছরের মেয়ে আদালতে অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা ধার্য করেন।

বিঘ্নিত বিএসএনএল পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

সকালে ঠিক, তো দুপুরে ফের খারাপ। আবার দুপুরে মেরামতির ঘণ্টা খানেকের মধ্যেই ফের বিকল। বৃহস্পতিবার দিনভর জেলার একটি বড় অংশ জুড়ে এমনটাই হাল ছিল বিএসএনএল-এর পরিষেবার। বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়া রেল ব্রিজের উপর বিএসএনএলের একটি অপটিক্যাল ফাইবার কেব্ল কেটে যাওয়ার জন্যই এই বিপত্তি। ওই লাইন মেরামতির দায়িত্বে রয়েছেন বিএসএনএলের সিউড়ি মহকুমার ট্রান্সমিশন বিভাগের বাস্তুকার কার্তিকচন্দ্র মণ্ডল। কিন্তু পরিষেবা বিভ্রাটের জন্য এ দিন দিনভর তাঁকে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে বিএসএনএলের রামপুরহাট বিভাগের বাস্তুকার আতিউর রহমান জানানিয়েছেন, সকাল থেকে খারাপ থাকার পর দুপুরে মেরামতি করা হয়। পরে আবার ট্রাকের ধাক্কায় অপটিক্যাল ফাইবার কেব্ল ছিঁড়ে যায়। মেরামতির কাজ চলছে। তাঁর আশা, “আজ, শুক্রবার সকালের দিকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।” এ দিকে, বিএসএনএল- এর পরিষেবা বার বার বিপর্যস্ত হওয়ার জন্য সমস্ত সরকারি দফতর, ব্যাঙ্ক, বেসরকারি অফিসে কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন মানুষজন। হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা।

বাসে-বাসে সংঘর্ষ, আহত ১৫
নিজস্ব সংবাদদাতা • ওন্দা

দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার দুপুরে ওন্দার ভেদুয়াশোল এলাকায় বাঁকুড়া -বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া ও বিষ্ণুপুরমুখী দু’টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে পাঠায়। হাসপাতাল সূত্রে খবর, দু’জন মহিলা-সহ পাঁচ জনকে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিষ্ণুপুরগামী বাসটি যাত্রী তুলছিল। সেই সময় বাঁকুড়ার দিকে যাওয়া বাসটির সামনে এক প্রৌঢ়া এসে পড়ে। তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের বাসটিকে ধাক্কা মারে বাঁকুড়ামুখী বাসটি।

নির্বাচনী বিধিভঙ্গে অভিযুক্ত পঞ্চায়েত

নির্বাচন বিধি ভেঙে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে কাজ করার অভিযোগ তুলল ফরওয়ার্ড ব্লক। বুধবারই ওই অভিযোগের তদন্ত হয়েছে। মঙ্গলবার এ নিয়ে তৃণমূল পরিচালিত কুসুম্বা পঞ্চায়েতের বিরুদ্ধে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন দলের রামপুরহাট লোকাল কমিটির সম্পাদক সন্তোষ মণ্ডল। একই অভিযোগ জমা পড়ে মহকুমাশাসক (রামপুরহাট) এবং সংশ্লিষ্ট রামপুরহাট ১ বিডিও-র কাছেও। সন্তাষবাবু তাঁরা অভিযোগ, এলাকা উন্নয়ন খাত থেকে ওই পঞ্চায়েত ১০০ দিন প্রকল্পের কাজ করছে। তিনি বলেন, “নির্বাচন বিধির তোয়াক্কা না করেই অবৈধ ভাবে ওই পঞ্চায়েত কাজ করছে। একই ভাবে তারা শেষ করতে না পারা কিছু কাজও করার চেষ্টা চালাচ্ছে। গোটা প্রক্রিয়াটাই চলছে ভোটারদের প্রভাবিত করার জন্য।” তাঁর দাবি, নিয়ম অনুযায়ী নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরেই ওই কাজ শেষ করতে হবে। পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ সাহার অবশ্য দাবি, “ওই কাজগুলি ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই করা হয়েছে। তবে, হ্যা কিছু ক্ষেত্রে হয়তো কাজ শেষ করতে দেরি হয়েছে। কিন্তু সে সবের কাগজপত্র আগেই প্রস্তুত করা হয়েছে।” তাঁর পাল্টা অভিযোগ, পঞ্চায়েতের উন্নয়নের ধারাকে বদনাম করতেই মিথ্যা কথা বলা হচ্ছে। এ দিকে, ওই ঘটনায় আদৌ কোনও নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কিনা, তা নিয়ে প্রশাসনের কেউ-ই কোনও মন্তব্য করতে চাননি। রামপুরহাট ১ বিডিও শ্রেয়সী ঘোষ শুধু বলেন, “ওই অভিযোগের তদন্ত করা হয়েছে। রিপোর্ট মহকুমাশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।” মহকুমা রত্নেশ্বর রায় জানিয়েছেন, তদন্ত রিপোর্ট পেয়েই তা জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক জগদীশপ্রসাদ মিনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। চেষ্টা করা হলেও ফোন ধরেননি জেলাশাসক।

অপহরণের অভিযোগ

এক আদিবাসী মহিলাকে অপহরণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এই মর্মে ওই মহিলার স্বামী প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বোলপুরের এসডিপিও-র দ্বারস্থ হয়েছেন। এসডিপিও সূর্যপ্রতাপ যাদব বলেন, “স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আমরাও সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছি।” সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসডিপিও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজার থানার বিলাতি পঞ্চায়েতের বিলাতি আদিবাসী পাড়ার বাসিন্দা শান্তিরাম মুর্মুর স্ত্রী রানি মুর্মু গত ১৮ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। কয়েক দিন আত্মীয় পরিজনদের কাছে খোঁজখবর করে স্ত্রীকে না পেয়ে ইলামবাজার থানায় নিখোঁজের ডায়েরি করেন স্বামী শান্তিরামবাবু। বৃহস্পতিবার শান্তিরামবাবুর অভিযোগ, “নিখোঁজের ডায়েরি করার পরে জানতে পারি, স্থানীয় আমলাডিহির বাসিন্দা শেখ সিরাজুল হক অপহরণ করেছে।” বুধবার বিকেলে তিনি ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন।

মারধরের নালিশ

বিজেপি-র ব্লক সভাপতিকে মারধর ও তাঁর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বাঁকুড়ার মেজিয়ার অর্ধগ্রামে বুধবার সন্ধ্যার ঘটনা। বৃহস্পতিবার মেজিয়ার ব্লক সভাপতি চিত্তরঞ্জন রায়ের স্ত্রী লক্ষ্মী রায় জেলা পুলিশ সুপারের কাছে ছ’জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মনোজ রায়, মিতন বাউরি, খোকন দে, সুধাময় গোপ, বাবলু রায় ও কুচি রায় সকলেই অর্ধগ্রামের বাসিন্দা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy