শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাকে ‘নির্মল’ করার লক্ষ্যে সচেতনতা শিবির করল বাঁকুড়া জেলা প্রশাসন। মঙ্গলবার ছাতনা পঞ্চায়েত সমিতির হলঘরে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক (বাঁকুড়া সদর) অসীমকুমার বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মিশ্র, ছাতনা-র যুগ্ম বিডিও অমল ঘোষাল সহ ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্যেরা এবং ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এ দিন দুপুরে ছাতনা ব্লক অফিস থেকে নির্মল পঞ্চায়েত গড়তে মানুষকে সচেতন করতে ট্যাবলো সমেত একটি র্যালি বেরোয় ছাতনা সদরে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং ছাতনা বাশুলি গার্লস হাইস্কুলের শিক্ষক ও ছাত্রীরা র্যালিতে পা মেলান। অমলবাবু বলেন, “শুশুনিয়া পঞ্চায়েতকে আমরা নির্মল করার শপথ নিয়েছি। এ বিষয়ে মানুষকে সজাগ করতেই এ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর পর বাড়িবাড়ি গিয়েও বাইরে শৌচকর্ম করার কুফল নিয়ে মানুষকে বোঝানো হবে।’’