তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা ছিল রামপুরহাট পুরসভা মাঠে। শনিবার সভার জন্য পুরসভার মাঠে জমে থাকা বৃষ্টির জলের উপর মাঠের একাংশে দশ চাকার লরিতে ১২০০ সিএফটি করে পাঁচ বার ছোট পাথর ফেলে মাঠের সবুজ অংশে নষ্টও করা হয়েছিল। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। বৃষ্টির জেরে সেখান থেকে সভা বাতিল করতে হয় তৃণমূল নেতৃত্বকে। নির্ধারিত সময়ের কিছু পরে সভা হয় লাগোয়া রক্তকরবী পুরমঞ্চে। সভায় ছিলেন অনুব্রত মণ্ডল-সহ জেলা তৃণমূল নেতৃত্ব। ছিলেন সাংসদ শতাব্দী রায়, অভিনেতা সোহম এবং গায়ক ইন্দ্রনীল সেন।
এ দিকে, এ দিনও রামপুরহাট গার্লস হাইস্কুলে দুপুর ১টা নাগাদ স্কুল চলাকালীন পুলিশ কর্মীরা গাড়ি নিয়ে ভিতর ঢুকতে দেখা যায়। প্রধাণ শিক্ষিকা ছায়া চট্টোপাধ্যায় বলেন, ‘‘স্কুল চালু ছিল। ক্লাস হয়েছে। বৃষ্টি পড়ছিল। তাই কিছু পুলিশ কর্মী স্কুলের গেটের কাছে আশ্রয় নিয়েছিলেন।’’ আবার জিতেন্দ্রলাল বিদ্যাভবনে পড়ুয়াদের হাজিরা সংখ্যা কম থাকায় প্রথম পিরিয়ডের পরেই ক্লাস বন্ধ হয়ে যায়। তবে, শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অন্য দিকে, সভাস্থলে সকাল ১১টা থেকে মাইক টেস্টিং শুরু হয়ে যায়। স্কুল চলাকালীনও মাইক বাজার শব্দ শোনা গিয়েছে।