শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে আরও ৪৪টি প্রাচীন রুপোর উদ্ধার করল পুলিশ। এতে মোট উদ্ধার হওয়া মুদ্রার সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬। এর মধ্যে ৯২টি বড় ও ৪টি ছোট মুদ্রা। বৃহস্পতিবার সকালে মেশিন দিয়ে মাটি কাটার সময় বাঁকুড়ার জয়পুর থানার তসরআড়া গ্রামে দু’টি মুদ্রা ভর্তি পিতলের কলস মেলে। তাতেই ছিল এই মুদ্রাগুলি ও সামান্য কিছু সোনা-রুপোর গয়না। কিন্তু মাটি কাটার কাজ করা লোকজন অনেকগুলিই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। বিভিন্ন সূত্র ধরে বিষয়টি জয়পুর থানার পুলিশের কাছে পৌঁছতেই শুরু হয় অভিযান। বৃহস্পতিবার সারাদিন অভিযান চালিয়ে দু’টি পিতলের কলস ও কিছু গয়নাগাঁটি-সহ উদ্ধার হয় ৫২টি রুপোর মুদ্রা। শনিবার পুলিশ জানিয়েছে, আরও ৪৪টি পুরোপ মুদ্রা উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। অধিকাংশ মুদ্রা ১৮৪০ খ্রিস্টাব্দের ইংরেজ আমলের। অন্য হরফেও লেখা কিছু মুদ্রাও রয়েছে। গ্রামবাসী দাবি করেছেন, ওই এলাকায় একটি প্রাচীন পরিত্যক্ত কালী মন্দির আছে। সেখানে খনন করলে আরও কিছু প্রাচীন নিদর্শন মিলতে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে এসেছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা জানান, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে বিষয়টি জানান হয়েছে।