উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার একটি প্রশাসনিক বৈঠক হল বাঁকুড়ার হিড়বাঁধে। ওই বৈঠকে হাজির ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, হিড়বাঁধের বিডিও শঙ্খশুভ্র দে, পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালি মহান্তি সহ জেলার বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকরা। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে অধিকার প্রকল্পে বাড়ি তৈরির জন্য হিড়বাঁধ ব্লকের ২০ জন উপভোক্তার প্রত্যেকের হাতে ৭৫ হাজার টাকার একটি করে চেক তুলে দেন জেলা সভাধিপতি। অরূপবাবু বলেন, “জেলার অন্যতম পিছিয়ে পড়া ব্লক হিড়বাঁধ। এই ব্লকের সার্বিক উন্নয়নের জন্য আমরা সবরকম চেষ্টা করছি। ব্লকের বেশ কয়েকটি রাস্তার সংস্কার, প্রতিটি গ্রামে পরিস্রুত পানীয় জল সরবরাহ, বিদ্যুদয়ন সহ নানা প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ দিনের বৈঠকে এলাকার উন্নয়ন কী ভাবে আরও দ্রুত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।’’