Advertisement
E-Paper

অসংরক্ষিত টিকিটে তিন শতাংশ ছাড়, নগদহীন যাত্রা! ট্রেন যাত্রা কী ভাবে আরও সহজ করবে ‘রেলওয়ান’ অ্যাপ

মার্চ মাসের প্রথম দিন থেকে ট্রেনের টিকিট কাটার জন্য অন্য কোনও অ্যাপের প্রয়োজন নেই। অনলাইন টিকিট কাটতে চাই শুধু ‘রেলওয়ান’ অ্যাপ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৯
Railone app will make train travel easier, what are the benefits got passenger in this aap

কী কী সুবিধা মিলবে ‘রেলওয়ান’ অ্যাপে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংরক্ষিত হোক বা অসংরক্ষিত, দূরপাল্লা, মেমু, প্যাসেঞ্জার বা লোকাল— সব ট্রেনের টিকিট কাটা যাবে একটি অ্যাপ থেকেই। বিভিন্ন অ্যাপকে এক ছাতার তলায় নিয়ে এসে ‘রেলওয়ান’ অ্যাপকে যাত্রীদের জন্য আরও উন্নত করল রেল। এই এক অ্যাপে কী কী সুবিধা মিলবে, তা আরও এক বার বিস্তারিত জানাল তারা।

মার্চ মাসের প্রথম দিন থেকে ট্রেনের টিকিট কাটার জন্য অন্য কোনও অ্যাপের প্রয়োজন নেই। অনলাইন টিকিট কাটতে চাই শুধু ‘রেলওয়ান’ অ্যাপ। শুধু সংরক্ষিত টিকিট নয়, তৎকাল বা মাসিক, সিজন টিকিটও কাটা যাবে এই অ্যাপে। বিভিন্ন অ্যাপে লগইন করে, ভিন্ন পাসওয়ার্ড দেওয়ার দুশ্চিন্তা দূর হবে এ বার। তবে ‘রেলওয়ান’ অ্যাপ নতুন নয়। পুরনো অ্যাপকেই নতুন করে যাত্রীদের জন্য সাজিয়েছে রেল।

নিরাপত্তায় জোর

‘রেলওয়ান’ অ্যাপে নিরাপত্তার ক্ষেত্রে জোর দিয়েছে রেল। শুধু তা-ই নয়, যাত্রীরা যাতে সহজে অ্যাপটিতে নিজের কাজ করতে পারেন, সে দিকেও নজর দেওয়া হয়েছে। তৎকাল বুকিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে যাত্রীদের যাতে ‘পাসওয়ার্ড ভুলে যাওয়ার’ বিড়ম্বনায় পড়তে না হয়, তার জন্য ‘রেলওয়ান’ নিয়ে এসেছে ‘লেগাসি লগ-ইন’! আইআরসিটিসি বা ইউটিএস অ্যাপ ব্যবহারকারীরা ‘রেলওয়ান’ অ্যাপে সরাসরি পুরনো পরিচয়পত্র বা আইডি ব্যবহার করতে পারবেন। নতুন করে কোনও অ্যাকাউন্ট খোলার ঝক্কি নেই।

হাতের মুঠোয় ট্রেন

চলন্ত ট্রেনে বসেও সংশ্লিষ্ট ট্রেনের যাবতীয় তথ্য পেয়ে যাবেন যাত্রীরা। ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ এবং ‘পিএনআর ট্র্যাকার’ জানা যাবে এক ক্লিকেই। কোনও ট্রেন যদি কোনও কারণে দেরিতে চলে, তবে তার যাবতীয় তথ্য ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে। এ ছাড়াও, ট্রেনের কোন কোচ স্টেশনের কোন জায়গায় থাকবে, তারও তথ্য মিলবে ‘রেলওয়ান’ অ্যাপে। ফলে স্টেশনে ট্রেন আসার পর নিজের কোচ খোঁজার জন্য লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করার ঝামেলা থাকবে না। এই অ্যাপ আগেভাগেই জানিয়ে দেবে ট্রেনের কোন কামরা ঠিক কোথায় এসে থামবে।

ই-ক্যাটারিং

দূরপাল্লার ট্রেনে খাওয়াদাওয়া নিয়ে চিন্তায় থাকেন যাত্রীরা। তবে ‘রেলওয়ান’ অ্যাপে রয়েছে ই-ক্যাটারিং! নিজের আসনে বসেই খাবার অর্ডার দিতে পারবেন যাত্রীরা। পছন্দের খাবার পৌঁছে যাবে নিজের আসনেই। চিকিৎসাগত সহায়তা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ সরাসরি রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবেন যাত্রীরা।

নগদহীন যাত্রা

ডিজিটাল যুগে অনেকের কাছেই নগদ থাকে না। অনলাইনে টাকা দিয়ে টিকিট কাটতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই বিষয় মাথায় রেখে প্রতি নিয়ত নতুন সংযোজন করছে সংশ্লিষ্ট মন্ত্রক। ‘রেলওয়ান’ অ্যাপের ‘আর-ওয়ালেট’ পরিষেবায় বিশেষ জোর দেওয়া হয়েছে। শুধুমাত্র এক-ট্যাপে পেমেন্ট বা লেনদেন সহজতর করবে তা-ই নয়, বরং ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে তিন শতাংশ ছাড় বা ক্যাশব্যাকের সুবিধাও প্রদান করবে।

রেল জানাচ্ছে, যাত্রী সুবিধার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। যাত্রীদের আর ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। একটা অ্যাপের মধ্যে মিলবে যাবতীয় সুবিধা।

Indian Railways Railone app Train Ticket Train Journey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy