Advertisement
E-Paper

টয় ট্রেনের ইতিহাসে প্রথম মহিলা টিটিই! ১৪৫ বছর ধরে চলা ‘নিয়ম’ ভাঙল গোর্খা-কন্যা সরিতার সৌজন্যে

সরিতার জন্ম দার্জিলিঙের সোনাদায়। কর্মসূত্রে এখন শিলিগুড়ির দাগাপুরের পঞ্চনই এলাকায় থাকেন। এনজেপি স্টেশনের সিটিসি হিসাবে এর আগে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। ওই তালিকায় রয়েছে রাজধানী, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস, অমৃতভারত এক্সপ্রেসের মতো ট্রেন।

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮
হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসের সঙ্গে নাম জুড়লেন গোর্খা-কন্যা সরিতা ইয়োলমো।

হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসের সঙ্গে নাম জুড়লেন গোর্খা-কন্যা সরিতা ইয়োলমো।

টয় ট্রেনের ১৪৫ বছরে এই প্রথম বার মহিলা টিটিই নিযুক্ত করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসের সঙ্গে নাম জুড়লেন গোর্খা-কন্যা সরিতা ইয়োলমো। নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে দার্জিলিং পর্যন্ত হেরিটেজ টয়ট্রেনের সিনিয়র সিটিসি-র দায়িত্ব পেয়েছেন তিনি।

সরিতার জন্ম দার্জিলিঙের সোনাদায়। কর্মসূত্রে এখন শিলিগুড়ির দাগাপুরের পঞ্চনই এলাকায় থাকেন। এনজেপি স্টেশনের সিটিসি হিসাবে এর আগে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। ওই তালিকায় রয়েছে রাজধানী, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস, অমৃতভারত এক্সপ্রেসের মতো ট্রেন। তার পর যে তালিকায় টয় ট্রেনের নাম জুড়বে তা তিনিও ভাবেননি। রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, টিটিই-র দ্বায়িত্বে সচারাচর মহিলারা যোগ দিতে চান না। কারণ এই পেশায় থাকা বা খাওয়ার ঠিকঠিকানা নেই। কিন্তু এই পেশাতেই নাম লিখিয়েছেন সরিতা।

টয় ট্রেনের ইতিহাসে কোনও ‘প্রথম মহিলা টিটিই’ হিসাবে নাম লেখানো সরিতা বলেন, ‘‘টিকিট কালেক্টর হিসাবে ট্রেনে ট্রেনে ঘোরার অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে। দূরপাল্লার ট্রেনেও ডিউটি করেছি। তবে হেরিটেজ টয়ট্রেনে এ বারই প্রথম।’’ উচ্ছ্বসিত রেলকর্মী আরও বলেন, ‘‘তার উপর প্রথম মহিলা হিসাবে টয়ট্রেনের ইতিহাসেও ঢুকে পড়লাম। যে পাহাড়ের কোলে জন্ম, বেড়ে ওঠা, সেই পাহাড়ের পাকদণ্ডী বেয়ে চলা টয় ট্রেনে ডিউটি করা দারুন উপভোগ্য মুহূর্ত।’’

শতাব্দী প্রাচীন হেরিটেজ ইঞ্জিনকে পুনরুজ্জীবিত করা হোক বা আয়ের রেকর্ড ভাঙা, মোটের উপর বছরভর ভালই কেটেছে টয় ট্রেনের। পাহাড়ে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ টয় ট্রেনকে আরও ভাল করতে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসা হচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘‘এর আগে টয় ট্রেনে মহিলা টিকিট কালেক্টর থাকার রেকর্ডটাই ছিল না। এ বার সেটাও হল। সরিতা ইয়োলমোর কৃতিত্ব অনুপ্রেরণা জোগাবে অন্যদের।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy