বগটুই-কাণ্ডে সিবিআইকে অভিযুক্ত এবং সন্দেহভাজনদের হেফাজতে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের গড়া সিটের কাছ থেকে শুধু নথি নয়, তারা অভিযুক্ত এবং সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করেছে, তাঁদেরকেও হেফাজতে নিতে পারবে সিবিআই। বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশেই শুধু নয়, এই ঘটনায় তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দিষ্ট করে এই বিষয়টি জানিয়ে দিল আদালত।
মামলার শুনানি শুরু হলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, “আমরা ওই ঘটনার সবিস্তার পর্যবেক্ষণ করেছি। পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে এই মামলা সিবিআইকে দেওয়া প্রয়োজন।”
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি আরও বলেন, “বিচারব্যবস্থা এবং সমাজের প্রতি ন্যায়-বিচারের জন্য স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই-এর হাতে তুলে দিতে চায় আদালত।”
এর পরই রাজ্য সরকারকে আদালত নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, সিবিআইকে সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যকে। এই মামলায় রাজ্যের গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না বলেও জানিয়েছে আদালত।
আদালতের আরও নির্দেশ, শুধু মাত্র ‘কেস পেপার’ তৈরি করেই থেমে থাকবে না সিবিআই। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা এবং তদন্তের প্রয়োজনে গ্রেফতার করতে হবে। তদন্ত কত দূর এগলো তার প্রাথমিক রিপোর্ট পরবর্তী শুনানির মধ্যে জানানো নির্দেশ দিয়েছে সিবিইকে। এই মামলার পরবর্তী শুনানি ৭ এপ্রিল।