আইপিএলের অন্যতম সফল দল তারা। এ বার মহিলাদের আইপিএলেও পা দিতে চাইছে চেন্নাই সুপার কিংস। মহিলাদের আইপিএলের প্রথম চার মরসুমে পাঁচটি করে দল খেলেছে। কিন্তু ভবিষ্যতে দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই পথেই এগোতে চাইছে মহেন্দ্র সিংহ ধোনিদের দল।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মহিলাদের ক্রিকেটে বিনিয়োগ করার কথা ভাবছেন তাঁরা। পাশাপাশি ক্রিকেটের পাশাপাশি অন্য খেলায় যোগ দিতেও আগ্রহী তাঁরা। বিশ্বনাথন বলেন, “এখনই করব বলছি না, কিন্তু ভবিষ্যতে অবশ্যই মহিলাদের ক্রিকেটে বিনিয়োগ করব। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজ়িকে আরও বড় করার লক্ষ্য আমাদের। আমাদের প্রথম লক্ষ্য মহিলাদের ক্রিকেট। অন্য খেলার দিকেও আমাদের নজর রয়েছে।”
প্রথম চার মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্জ় খেলেছে মহিলাদের আইপিএলে। তাদের মধ্যে ইউপি ছাড়া বাকি চার দলের পুরুষদের দল রয়েছে আইপিএলে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের মহিলাদের দল নেই।
আরও পড়ুন:
চলতি মহিলাদের আইপিএলের আগে নিলামের দিন দিল্লির মালিক পার্থ জিন্দল জানিয়েছিলেন, দল বৃদ্ধি করার পরিকল্পনা করেছে বিসিসিআই। তিনি বলেন, “হোম-অ্যাওয়ে ফরম্যাটে মহিলাদের আইপিএলের পরিকল্পনা হচ্ছে। আরও দল বাড়ানো হবে। তা হলে প্রতিযোগিতার সময়ও বাড়বে। মহিলাদের আইপিএলকে আরও জনপ্রিয় করার পরিকল্পনা বোর্ডের রয়েছে।” এখন দেখার সেই পরিকল্পনা কাজে লাগিয়ে মহিলাদের আইপিএলেও চেন্নাই নাম লেখায় কি না।