বামফ্রন্টের চূড়ান্ত বৈঠকের আগে বাম শরিকদের সঙ্গে সিপিএমের আসন ভাগের গেরো কাটানো গেল না! দুই বাম শরিক দল সিপিআই এবং আরএসপি-র সঙ্গে সোমবার আরও এক দফার বৈঠকেও রফা-সূত্র শেষ পর্যন্ত অধরা থেকেছে। দু’দলই আরও বেশি আসন লড়ার দাবিতে অনড়। আগের বৈঠকের পরে দাবি ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লকও।
বাম সূত্রের খবর, আরএসপি-র জন্য ১২টি বিধানসভা আসন বরাদ্দ করা নিয়ে সমস্যা নেই। কিন্তু বোলপুর, আলিপুরদুয়ার, বাসন্তী-সহ আরও ৭টি আসন চাইছেন আরএসপি নেতৃত্ব। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে দেওয়া চিঠিতেও ১৯টি আসনের কথাই বলা হয়েছিল। আরএসপি নেতৃত্বের যুক্তি, দল ও সংগঠন টিকিয়ে রাখতে ন্যূনতম এই সংখ্যক আসন তাঁদের লড়তে হবে। আর শুধু আইএসএফের মতো দলকে নিয়ে ভাবলে চলবে না, বাম আন্দোলনকে শক্তিশালী করতে হবে। সিপিআইয়ের জন্য ১৪-১৫টি আসন ঠিক হলেও তারা আরও কয়েকটি চাইছে। ফ ব আবার ২১টি আসনে লড়ার দাবির পাশাপাশি আইএসএফের সঙ্গে সমঝোতা নিয়ে আপত্তি তুলছে। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে আগামী ১৯-২০ ফেব্রুয়ারি আসন ধরে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগে ১৮ তারিখ আসন বণ্টনে সিলমোহর দেওয়ার জন্য বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়েছে, বুধবারই ফ ব, সিপিআই এবং আরএসপি-র সঙ্গে ফের দ্বিপাক্ষিক বৈঠক হবে সিপিএমের।
সমঝোতা প্রসঙ্গে এ দিনই বহরমপুরে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘বিজেপি ও তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তিগুলোকে আমরা এককাট্টা করছি। বামফ্রন্টের সঙ্গে সঙ্গে বাইরের বামপন্থী দল, যে সব ব্যক্তি আগ্রহী, তাঁদের সঙ্গে আলোচনা চলছে। আইএসএফের সঙ্গে আলোচনা হয়েছে দু-তিন বার। এখন কয়েকটি আসন নিয়ে বাম এবং অন্য শরিকদের সঙ্গে আলোচনা শেষ হলে তাদের সঙ্গেও কথা চূড়ান্ত হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)