E-Paper

সিবিআইয়ের ৩ তদন্তকারী ও ফরেন্সিক বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ

কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্ত হাতে নেওয়ার পরে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে কেস ডায়েরি-সহ নানা নমুনা সংগ্রহ করেছিলেন সিবিআইয়ের কয়েক জন তদন্তকারী অফিসার। এ দিন তাঁদের মধ্যে তিন জন তদন্তকারী অফিসারের সাক্ষ্য গ্রহণ করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৭:২৫

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের মামলায় এক ফরেন্সিক বিশেষজ্ঞ ও সিবিআইয়ের তিন জন তদন্তকারীর সাক্ষ্য গ্রহণ করল শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালত। শুক্রবার এই চার জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সূত্রের খবর, চিকিৎসক-পড়ুয়ার ময়না তদন্তের রিপোর্ট নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের ১৪ জন সদস্য রয়েছেন। এ দিন ওই বোর্ডের এক জন সদস্যের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্ত হাতে নেওয়ার পরে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে কেস ডায়েরি-সহ নানা নমুনা সংগ্রহ করেছিলেন সিবিআইয়ের কয়েক জন তদন্তকারী অফিসার। এ দিন তাঁদের মধ্যে তিন জন তদন্তকারী অফিসারের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সূত্রের খবর, খুন ও ধর্ষণের ঘটনায় ‘বায়োলজিক্যাল এভিডেন্স’-এর তথ্য সংগ্রহ-সহ কলকাতা পুলিশের তদন্তে উঠে আসা বিভিন্ন সূত্রের যাচাই করেছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। সে ক্ষেত্রে আর জি কর হাসপাতালের খুন ও ধর্ষণের ঘটনাস্থল (সেমিনার হল) পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট সকাল থেকে সেমিনার হল-সহ আশপাশের জায়গার কী অবস্থা ছিল তা জানার চেষ্টা করেছিলেন তদন্তকারীরা। পাশাপাশি ওই রাতে হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তাকর্মী এবং জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা কোথায় ছিলেন, তার তদন্ত করেছিলেন কয়েক জন অফিসার। এ দিন ওই অফিসারদের মধ্যে তিন জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর।

এ দিন মামলার অভিযুক্ত সঞ্জয় রায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেছে বলে সূত্রের খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

RG Kar Medical College and Hospital Incident Sealdah Court

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy