Advertisement
E-Paper

‘এনআইএ তদন্ত করলে আপত্তির কী আছে?’ ভূপতিনগর বিস্ফোরণ মামলায় রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

গত বছরের ৯ ডিসেম্বর হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আইন মোতাবেক এই ধরনের অপরাধে থানায় অভিযোগ হলে পুলিশ তা রাজ্যকে পাঠাবে। রাজ্য সেটি কেন্দ্রকে পাঠাবে।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৮
ভূপতিনগরকাণ্ডে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জনকে গ্রেফতার করেছিল এনআইএ।

ভূপতিনগরকাণ্ডে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জনকে গ্রেফতার করেছিল এনআইএ। ছবি: পিটিআই।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এনআইএ তদন্ত আটকাতে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য। তাদের বক্তব্য ছিল, ওই ঘটনাটির তদন্তে এনআইএ-র প্রয়োজন নেই। কিন্তু সোমবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ প্রশ্ন তুলেছে, আদালতের নির্দেশে কোনও তদন্ত নিয়ে রাজ্যের আপত্তির কী রয়েছে। উচ্চ আদালতের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কিছু নেই বলে ওই নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে কয়েক জনের মৃত্যুর ঘটনাও ঘটে। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠেছিল। ওই বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন জনৈকা মামণি জানা। ওই ঘটনায় তাঁর পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত বলে দাবি করেন তিনি। গুরুতর অপরাধের অভিযোগে এনআইএ দিয়ে তদন্ত করা হোক বলে আর্জি জানিয়েছিলেন।

গত বছরের ৯ ডিসেম্বর হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আইন মোতাবেক এই ধরনের অপরাধে থানায় অভিযোগ হলে পুলিশ তা রাজ্যকে পাঠাবে। রাজ্য সেটি কেন্দ্রকে পাঠাবে। এনআইএ তদন্ত করবে কি না, সেই বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। হাই কোর্টের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সোমবার শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিল।

উল্লেখ্য, সংশ্লিষ্ট মামলায় বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জনকে গ্রেফতার করেছিল এনআইএ। ২০২৪ সালের এপ্রিলে তাঁদের কলকাতার আদালতে হাজির করানো হয়েছিল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy