E-Paper

নানা অভিযোগে ধৃত তৃণমূলের তিন প্রাক্তন বিধায়ক

অসিতের দাবি, “শান্তিপূর্ণ কর্মসূচি করেও দশ জনকে গ্রেফতার হতে হল। শুভেন্দু (মুখ্যমন্ত্রী) পুলিশকে দিয়ে অগণতান্ত্রিক কাজ করাচ্ছেন। এ ভাবে তৃণমূলের কণ্ঠরোধ করা যাবে না।” এলাকার বিজেপি বিধায়ক সুবীর নাগের বক্তব্য, “আইন ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৮:৪৬

—প্রতীকী চিত্র।

বিনা অনুমতিতে রাস্তা আটকানো থেকে পুরনো গোলমালের ঘটনা, নানা অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের তিন প্রাক্তন বিধায়ক। বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে রবিবার উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশন চত্বর থেকে ধরা হয়। বাড়ি থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগে গ্রেফতার হন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে শনিবার হুগলির চুঁচুড়ায় পথ অবরোধ করেছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। রবিবার অসিত, স্থানীয় পুরপ্রধান সৌমিত্র ঘোষ-সহ দশ জনকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে প্রাক্তন বিধায়ক অসিতের নেতৃত্বে অবরোধ হয়। মিনিট কুড়ি পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তা তুলে দেয়। বিনা অনুমতিতে রাস্তা আটকানো ও পুলিশকে মারধরের অভিযোগে এ দিন গ্রেফতার হওয়ার পরে অসিতের দাবি, “শান্তিপূর্ণ কর্মসূচি করেও দশ জনকে গ্রেফতার হতে হল। শুভেন্দু (মুখ্যমন্ত্রী) পুলিশকে দিয়ে অগণতান্ত্রিক কাজ করাচ্ছেন। এ ভাবে তৃণমূলের কণ্ঠরোধ করা যাবে না।” এলাকার বিজেপি বিধায়ক সুবীর নাগের বক্তব্য, “আইন ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।”

বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকনের বিরুদ্ধে বছরখানেক আগের একটি গোলমালের ঘটনায় সম্প্রতি অভিযোগ হয়। অভিযোগকারীরা দাবি করেন, সেই সময়ে ভয়ে তাঁরা অভিযোগ জানাতে পারেননি। ২০২১-এর বিধানসভা ভোটের পরেও খোকনের নেতৃত্বে তাঁদের উপরে অত্যাচার হয়েছিল বলে অভিযোগ বিজেপি কর্মীদের একাংশের। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে খোকনের খোঁজ শুরু হলেও, বর্ধমানে তাঁর হদিস মেলেনি। ফোনও বন্ধ ছিল। শেষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তাঁর খোঁজ মেলার খবর পেয়ে, জেলা পুলিশের একটি দল গিয়ে রবিবার তাঁকে গ্রেফতার করে। সেখানকার আদালতে তুলে ট্রানজ়িট রিমান্ডে তাঁকে বর্ধমানে আনা হচ্ছে বলে জানায় পুলিশ।

পূর্বস্থলীর প্রাক্তন বিধায়ক তপনকে এ বার ভোটে প্রার্থী করেনি তৃণমূল। তার পর থেকে তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন। এ দিন সকালে তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে প্রচুর ত্রাণের ত্রিপল, ফুটবল, ভলিবল, কম্বল ও স্কুলের পোশাক উদ্ধার করে। সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয় তপনকে। তবে তাঁর দাবি, “বিধায়ক হিসেবে ত্রাণের কিছু জিনিস পেয়েছিলাম। ভোট এসে পড়ায় সব বিলি করা যায়নি। চক্রান্তের শিকার হলাম।”

ভোটের ফলের পরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে মেদিনীপুরের ১৯ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি বিশ্বনাথ পাণ্ডব, তাঁর ছেলে প্রসেনজিৎ পাণ্ডব ও ভাইপো রঞ্জিত পাণ্ডবকে গ্রেফতার করেছে পুলিশ। ন’বছর আগে পাচারকারী সন্দেহে মহিলাকে পিটিয়ে খুনের মামলায় শনিবার গ্রেফতার হন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল নেতা ইলিয়াস শেখ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC TMC Arrest

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy