Advertisement
E-Paper

অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা! শুক্রবারও কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি, হাওয়াবদল কবে থেকে

দু’দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরের পাঁচ দিন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গের আপাতত সাত দিন তাপমাত্রার হেরফের হবে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:১৯
কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

পয়লা বৈশাখ থেকেই বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালবৈশাখী হচ্ছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছিল। আলিপুর আবহাওয়া দফতর বলছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার জেরে দু’দিন তাপমাত্রা একটু কমবে। তবে তার পরেই বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হচ্ছে না। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছেন রবিবার পর্যন্ত।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। অন্য দিকে, উত্তর বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপরে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে। তার জেরেই দক্ষিণবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার ঝড়বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গে বাড়বে গরম আর অস্বস্তি। দু’দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরের পাঁচ দিন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গের আপাতত সাত দিন তাপমাত্রার হেরফের হবে না।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। শনিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ওই দিন থেকে বাড়বে গরম এবং অস্বস্তি। আগামী বুধবার পর্যন্ত ওই জেলাগুলিতে গরমের জন্য সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও থাকবে ভ্যাপসা গরম।

উত্তরবঙ্গের আট জেলায় শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রবিবারও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রবি এবং সোমবারও উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy