Advertisement
E-Paper

ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপরে! দুর্যোগের পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে, কলকাতায় বৃষ্টি বাড়তে পারে কবে থেকে

বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। তার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:৫৭
গত কয়েক দিন ধরে কলকাতার আকাশ মেঘলা।

গত কয়েক দিন ধরে কলকাতার আকাশ মেঘলা। ছবি: পিটিআই।

ফাল্গুনের শেষ লগ্নেই ফের বৃষ্টির ভ্রুকুটি পশ্চিমবঙ্গে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। আপাতত কিছু দিন দুর্যোগ চলতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। রয়েছে একটি অক্ষরেখাও। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে। যদিও ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।

কলকাতায় রবিবার এবং সোমবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ বেশি থাকবে। তা পৌঁছে যেতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে।

দক্ষিণের জেলাগুলিতে আগামী সাত দিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা আগামী দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি বেড়ে পরবর্তী দু’দিনে আবার কমে আসবে।

উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। এ ছাড়া, দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরে আপাতত রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে না। ঝড়বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েক দিনে কিছুটা কমতে পারে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।

West Bengal Weather Weather Today Weather Update Weather Report Weather Forecast kolkata rain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy