Advertisement
E-Paper

মাধ্যমিকের মেধাতালিকায় ১৮ ছাত্র রামকৃষ্ণ মিশনের, কে কোন স্থান পেল?

নরেন্দ্রপুর আর.কে মিশন বিদ্যালয়, রহরা রামকৃষ্ণমিশন বয়েজ হোম, পুরুলিয়া রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ, কামারপুকুর আর.কে মিশন বিদ্যালয়, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়ের পড়ুয়ারা নজরকারা ফল করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৮:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। মেধাতালিকায় নাম রয়েছে ১৩১ জনের। তার মধ্যে প্রায় ১৮ জনের নাম রয়েছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান থেকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোম, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পড়ুয়ারা নজরকাড়া ফল করেছে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধানশিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেছেন, ‘‘এ বার ১৩৪ জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ১২৯ জন পড়ুয়াই ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। সার্বিক ভাবে ফলাফল ভাল হয়েছে। তবে যে সাত জনের নাম রয়েছে প্রত্যেকেই বাংলা মাধ্যমের পড়ুয়া। ইঞ্জিনিয়ার অথবা চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সকলেই। কিন্তু ইংরেজি মাধ্যম থেকে কেউই মেধাতালিকায় কেন স্থান পেল না সে বিষয়টিতে আমরা নজর দেব।’’

রামকৃষ্ণ মিশন বয়েজ় স্কুল, রহড়ার প্রধানশিক্ষক স্বামী মুরলীধরানন্দ বলেন, “মাধ্যমিকে এত ভাল ফলাফল অনেক দিন পর হয়েছে। আমরা খুব খুশি। আসলে এক একটি বছরের ছাত্রেরা খুব ভাল হয়। এ বারও তেমনই মনোযোগী পড়ুয়াদের আমরা পেয়েছিলাম।”

তিনি জানান, এ বারের মেধাতালিকার প্রথম দশে চার ছাত্র রয়েছে। প্রথম ২০-তে রয়েছে ১৮ জন। রামকৃষ্ণ মিশনের নিয়ম অনুযায়ী নবম শ্রেণি থেকেই ২০জন মেধাবীকে বেছে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প়ড়াশোনার পাশাপাশি নিয়মানুবর্তিতাও এই ছাত্রদের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন স্বামী মুরলীধরানন্দ। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে মোবাইল ফোন বা অন্য কোনও রকম বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে পড়াশোনা, খেলাধুলা বা শিল্পচর্চার মধ্যেই থাকে ছাত্রেরা। তবে, নিষেধাজ্ঞাই সব নয়, ওরা নিজেরাও যত্নশীল। পরিবারের তত্ত্বাবধানও জরুরি।”

তৃতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া সৌর জানা। তার প্রাপ্ত নম্বর ৬৯৫। পঞ্চম হয়েছে একই রামকৃষ্ণ মিশন থেকে স্যমন্তক কুণ্ডু। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ষষ্ঠ স্থানে রয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের আদৃত গোস্বামী। প্রাপ্ত নম্বর ৬৯২। সপ্তমে রহড়া রামকৃষ্ণ মিশন থেকেই অনীশ দাস। ও পেয়েছে ৬৯১ নম্বর। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনও রয়েছে সপ্তম স্থানে। ৬৯১ নম্বর নিয়ে সৌম্যজ্যোতি দাস। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নামও রয়েছে সপ্তমে। ৬৯১ নম্বর নিয়ে অভিনব প্রতিহার রয়েছে মেধাতালিকায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অষ্টম হয়েছে জীবিতেশ কয়াল এবং সৌম্যকান্তি কুল্লা এবং কামারপুকুর রামকৃষ্ণমিশন থেকে সৌমাল্য ঘোষ। তাদের প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ৬৯০। নবম হয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের সূর্যস্নাত বর্মন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আশিক চক্রবর্তী, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে সম্বর্ত বেতাল, পুরুলিয়া রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ থেকে বোধিসত্ত্ব ঘোষ এবং সৌম্য সরকার। সকলের প্রাপ্ত নম্বর ৬৮৯। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের সৃজন দে সরকার, আসানসোলের রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অভিষেক দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনুরাগ মণ্ডল, পুরুলিয়া রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠের দেব পাল, অর্কপ্রভ চক্রবর্তী, আদিত্য রাজ, শিভম আনন্দ। সকলের প্রাপ্ত নম্বর ৬৮৮।

Madhyamik results 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy