Advertisement
E-Paper

ডিম ছোড়া থামাতে হাই কোর্টের দ্বারে তৃণমূল! অভিষেক-সহ তিন সাংসদ ও দুই বিধায়কের উপর ‘হামলার’ উল্লেখ, শুনানি কবে?

হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১১:৫৮
অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে তৃণমূল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে তৃণমূল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দলের নেতা-কর্মীদের উপর ডিম ছোড়ায় থামাতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল তৃণমূল। দলের দুই বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র এবং তিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে তারা।

এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন শাসকদলের অভিযোগ, দলীয় কর্মীদের আক্রমণ করা হচ্ছে, দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। হুগলির চণ্ডীতলায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। কয়েক দিন আগে কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম ছুড়ে ‘হামলা’ করা হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণালের উপর। চলতি মাসেই নিজের বিধানসভা কামারহাটিতে ‘হামলার’ শিকার হন মদন। তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। জনস্বার্থ মামলায় এই বিষয়গুলি উল্লেখ করেছে তৃণমূল। একই সঙ্গে গ্রেফতার করার পর তৃণমূল নেতাদের যে ভাবে কোমরে দ়ড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ, তারও বিরোধিতা করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন অভিযোগে রাজ্যের নানা জায়গায় তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছে। গ্রেফতার করার পর তাঁদের থানা বা কোর্টে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছুড়ছেন বিজেপি নেতা-কর্মী এবং স্থানীয়দের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ধৃতদের মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এ বার এই ডিম-‘হামলার’ বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হল তৃণমূল।

Public Interest Litigation Egg Kunal Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy