Advertisement
E-Paper

অন্তর্বর্তী জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার, ফ্ল্যাট দখলের মামলায় হাই কোর্টে শর্তসাপেক্ষে স্বস্তি তৃণমূল নেতার

গত ৩ জুন জয়প্রকাশকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৪ বছর ধরে বেআইনি ভাবে একটি ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ রয়েছে। জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৪:২৫
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। —ফাইল চিত্র।

ফ্ল্যাট দখলের মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। কলকাতা হাই কোর্ট বুধবার শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। প্রায় এক মাস পর হাজতের বাইরে বেরোবেন তিনি।

গত ৩ জুন জয়প্রকাশকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৪ বছর ধরে বেআইনি ভাবে একটি ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ রয়েছে। জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৯ জুন বিচারপতি ঘোষ ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। এর পর বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য যায়। বিচারপতি মুখোপাধ্যায়ই বুধবার জয়প্রকাশের আবেদন মঞ্জুর করেছেন।

জামিন পেলেও নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে জয়প্রকাশকে। যে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই ফুলবাগান থানা এলাকায় ঢুকতে পারবেন না তৃণমূল নেতা। নির্দিষ্ট সময়ে থানায় হাজিরা দিতে হবে। তাঁকে পুলিশের তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।

ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে জয়প্রকাশের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই এলাকায় ক্ষোভ ছিল। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটাতেন তিনি। এলাকায় তাঁর দাপট ছিল। তাই তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস পেতেন না বলে দাবি করেছেন অনেকে। গত ৩ জুন তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক জন। তাঁদের কারও কারও গায়ে জয়প্রকাশ হাত তোলেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং তৃণমূল নেতাকে গ্রেফতার করে। বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরে ফ্ল্যাট জবরদখল, বৃদ্ধা মালকিনকে কটূক্তি করা এবং হুমকি দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। থানায় যাতায়াতের পথে জয়প্রকাশকে লক্ষ্য করে ডিমও ছুড়েছিলেন বিক্ষুব্ধেরা।

অভিযোগ, ২০১২ সালে ফুলবাগান এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ। ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ফ্ল্যাট ছাড়েননি। নতুন করে চুক্তিও করেননি। তৃণমূল জমানায় বার বার থানায় গিয়েও লাভ হয়নি বলে দাবি করেছেন ওই ফ্ল্যাটের মালকিন এবং তাঁর কন্যা।

Jay Prakash Majumdar TMC Calcutta High Court Interim Bail

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy