Advertisement
E-Paper

সাত দিনের মধ্যে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে জেলবন্দি মানিককে, নির্দেশ ডিভিশন বেঞ্চেরও

হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়া ওই টাকা স্বল্প মেয়াদি প্রকল্পে সঞ্চিত থাকবে। তৃণমূল বিধায়ক মানিকের পক্ষে আদালতের রায় গেলে তিনি টাকা ফেরত পাবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৭
Image of Manik Bhattacharya

সাত দিনের মধ্য জরিমানা দিতে হবে মানিক ভট্টাচার্যকে, নির্দেশ হাই কোর্টের। — ফাইল ছবি।

সাত দিনের মধ্যে নির্ধারিত জরিমানার ২ লাখ টাকা জমা দিতে হবে প্রাক্তন পর্যদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। এমন নির্দেশই দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়া ওই টাকা স্বল্প মেয়াদি প্রকল্পে সঞ্চিত থাকবে। তৃণমূল বিধায়ক মানিকের পক্ষে আদালতের রায় গেলে তিনি টাকা ফেরত পাবেন।

প্রাথমিকে নিয়োগের পরীক্ষা (টেট)-র ফল মালারানি পাল নামে এক পরীক্ষার্থী আট বছর জানতে পারেননি। সে কারণে পর পর দু’টি টেটে বসতে পারেননি তিনি। পরীক্ষার্থীদের কেরিয়ার নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য পর্যদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেই দায়ী করেছিল কলকাতা হাই কোর্ট। গত জানুয়ারি মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মর্মে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে দু’লক্ষ টাকা জরিমানা করেছিলেন। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মানিককে ওই অর্থ ১৫ দিনের মধ্যেই দিতে হবে।

পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে। কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন বলেই এক পরীক্ষার্থী ফল জানতে পারেননি। পর্যবেক্ষণে এ কথা জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মালারানির অভিযোগের ভিত্তিতে ওই ‘অর্থদণ্ড’ দেওয়া হয়েছিল মানিককে। ২০১৪ সালের টেটে বসেছিলেন মালারানি। অভিযোগ, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না, পর্ষদ তাঁকে জানায়নি। মামলকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু’টি পরীক্ষাতেও বসতে পারেননি তিনি। তাঁর আইনজীবীর করা মামলার প্রেক্ষিতেই মানিককে জরিমানা করা হয়েছিল। এ বার ডিভিশন বেঞ্চ জানাল, সাত দিনের মধ্যে জেলবন্দি মানিককে জরিমানার ২ লক্ষ টাকা দিতে হবে।

Manik Bhattacharya Calcutta High Court Fine Teacher Recruitment Scam Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy